দেড় হাজার হেক্টর জমিতে চাষ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাফনদীর ভাঙা বেড়িবাঁধ দিয়ে ঢোকা জোয়ারের পানিতে কক্সবাজারের টেকনাফ উপজেলা সদর, পৌরসভা ও সাবরাং ইউনিয়নের ২০টি গ্রামে পাঁচ বছর ধরে জলাবদ্ধতা বিরাজ করছে। এতে প্রায় ৩০ হাজার মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছন। আবাদযোগ্য দেড় হাজার হেক্টর ফসলি জমিতে পাঁচ বছর ধরে চাষাাবাদ করতে পারছেন না স্থানীয় চাষিরা। বাধ্য হয়ে এখন মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন তাঁরা।গ্রামগুলো হচ্ছে—পৌরসভার সাইডপাড়া, চৌধুরীপাড়া, উত্তর জালিয়াপাড়া, মধ্যম জালিয়া পাড়া, দক্ষিণ জালিয়াপাড়া, খাংকার ডেইল, নাইট্যংপাড়া, সাবরাং ইউনিয়নের মণ্ডলপাড়া, বাজারপাড়া, মগপাড়া, পানছড়িপাড়া, লেজিরপাড়া, আছারবনিয়া, ডেগিল্ল্যার বিল, ঝিনাপাড়া, দক্ষিণপাড়া, মাঝরপাড়া, পশ্চিমপাড়া, সদর ইউনিয়নের নাজিরপাড়া ও মৌলভীপাড়া। স্থানীয় বাসিন্দারা জানান, এই ২০ গ্রামের ফসলি জমি, চিংড়িঘের ও লবণের মাঠে ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ বর্তমানে পানিবন্দি । একাধিকবার গ্রামগুলো ঘুরে দেখা গেছে, সকালে জোয়ারের পানিতে অধিকাংশ বসতবাড়িতে হাঁটুসমান লোনা পানি ঢোকে। এ সময় বাড়িতে থাকা গবাদি পশুগুলোকে কোনোমতে উঁচু জায়গায় রাখেন মালিকেরা।স্থানীয় লোকজন জানান, নাফনদীর বেড়িবাঁধের কয়েকটি স্থানের ভাঙা অংশ দিয়ে জোয়ারের সময় এলাকায় হু হু করে লোনা পানি ঢোকে। বর্ষা ও গ্রীষ্ম মৌসুমে উপকূলীয় নদ-নদীতে পানি বাড়লে জমিতে লবণাক্ততার পরিমাণ অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। এতে অধিকাংশ ফসলের মাঠ চাষের অনুপযোগী হয়ে যায়। খোঁজ নিয়ে জানা গেছে, লোনা পানি যাতে প্রবেশ করতে না পারে সে জন্য গত মে মাসের শেষের দিকে উপজেলা প্রশাসন কর্মসৃজন ও কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচির আওতায় প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে বাঁধ সংস্কার করে। কিন্তু কিছুদিন পর বৃষ্টি শুরু হলে বাঁধের অবস্থা আগের চেহারায় ফিরে আসে। মৌলভীপাড়া এলাকার কৃষক আলী আহমদ বলেন, ‘ঘূর্ণিঝড় আইলা ও সিডরের পর থেকে জমিতে আর ফসল দেখিনি। অর্ধেকের বেশি জমি জোয়ারের পানিতে সব সময় ডুবে থাকে। ধানে যখন থোড় আসে, তখন ভাঙা বাঁধ দিয়ে লবণ পানি ঢুকে ফসল নষ্ট হয়ে যায়।’ তিনি জানান, বর্ষার সময় আরও অবস্থা খারাপ ছিল। জমিতে চাষাবাদ করতে না পারায় জলাবদ্ধ জমিতে মাছ শিকার করে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন, ‘প্রতিবছর নাফনদীর বেড়িবাঁধ ভাঙছে, রাস্তা ভাঙছে, স্কুল- মাদ্রাসা হুমকির মুখে। পানিতে তলিয়ে থাকায় জমিতে আগের মতো চাষাবাদ ও ফসল উৎপাদন হচ্ছে না।’ উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা শেখ জামাল উদ্দিন চৌধুরী বলেন, ‘বন্যা নিয়ন্ত্রণ বাঁধ না থাকায় তিন ইউনিয়নের দেড় হাজার হেক্টর ফসলিজমি লবণাক্ত জোয়ারের প্লাবিত হচ্ছে। তাই এসব জমিতে দীর্ঘ পাঁচ বছর ধরে ফসলের দেখা মিলছে না।’ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) টেকনাফের উপসহকারী প্রকৌশলী আবু তালহা বলেন, ‘আইলা ও সিডরে নাফনদীর ২৫টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। প্রয়োজনের তুলনায় বরাদ্দ না আসায় যথাযথভাবে মেরামত করা সম্ভব হয়নি।’ তাঁর মতে, নদীর পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় সংশ্লিষ্ট এলাকার গাছপালাও মরে যাচ্ছে।