
রিকশায় করে যাচ্ছিলাম। রিকশাওয়ালা হঠাৎ রিকশা থামিয়ে নেমে গেলেন। আমি সাধারণত যে রিকশায় উঠি সে রিকশার চেইন পড়ে যায়। তাই ব্যাপারটাকে খুব একটা পাত্তা দিলাম না। চেইন পড়ে গেছে ভেবে উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকলাম। রিকশাওয়ালা আমাকে অবাক করে দিয়ে রিকশা ফেলে পেছন দিকে দৌড় মারলেন। আমি হকচকিয়ে গেলাম। এখন আমি একা একা এই রিকশা নিয়ে কী করব! নাকি আমাকেই এই রিকশা চালিয়ে নিয়ে যেতে হবে! কিছুক্ষণ পর রিকশাওয়ালা বিশাল একটা হাসি নিয়ে ফেরত এলেন। আমাকে অবাক করে দিয়ে আমার মোবাইলটা বাড়িয়ে ধরে বললেন, ‘এই নেন ভাইজান, আপনের মুবাইল রাস্তায় পইড়া গেছিল। আপনে টের পান নাই, আমি খেয়াল করছি।’
একই সঙ্গে বিস্ময় ও আনন্দে আমি অভিভূত হয়ে গেলাম। দীর্ঘদিন পরে আমার ভীষণ মন খারাপ হলো। আশপাশ থেকে ভালো মানুষ খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলে কোনো একজন ভালো মানুষের দেখা পেলে আমার খুব মন খারাপ হয়। আমি রিকশাওয়ালাকে জিজ্ঞেস করি, ‘আপনার নাম কী ভাই?’ রিকশাওয়ালা হেসে বলেন, ‘আমার নাম কাউছার আলম। আমার বাড়ি সুনামগঞ্জ।’
আমি অবাক হই, ‘আপনি এত দূর থেকে চট্টগ্রামে রিকশা চালাতে এলেন কেন?’
রিকশাওয়ালার যেন বাড়ির জন্য একটু মন খারাপ হলো, ‘কপালের ফেরে চইলা আসছি। আমি বহুত দিন সিলেট শহরেও রিশকা চালাইছি। সিলেটের মাজারের সামনে এক লোকের মুবাইল আমার রিশকার সিটের উপর পড়ছিল। পরে সেই লোক ফোন করছে। আমি উনারে মুবাইল ফিরাই দিছি।’
আমি হাসতে হাসতে বলি, ‘দুনিয়ার যাবতীয় মোবাইল হারানো পাবলিক মনে হয় আপনার ওপর এসে পড়ে। আচ্ছা ভাই, আপনাকে যদি ভাড়া একটু বাড়িয়ে দিই আপনি নেবেন?’
কাউছার আলম রেগে গিয়ে বলেন, ‘বাড়তি নিমু ক্যান! আমি কি বাড়তি কাজ করছি?’
আমার আর কিছু বলতে সাহস হয় না। সৎ লোকদের আত্মসম্মানবোধ খুব বেশি থাকে। এই রিকশাওয়ালা তাঁর চারপাশে আত্মসম্মানের যে দেয়াল তুলে রেখেছেন, আমাদের মতো সাধারণ মানুষেরা সেটা ভেঙে কখনো ভেতরে ঢুকতে পারবে না। আমরা শুধু মুগ্ধ হয়ে তাঁকে দেখতে পারব। আমাকে হতভম্ব অবস্থায় রেখে কাউছার আলম তাঁর রিকশা নিয়ে এগিয়ে যান।
জুয়েল দেব