শ্রম আইনের পাতায় পাতায় রয়েছে শ্রমিকের অধিকারের কথা। কিন্তু অধিকারের কতটুকুই বা পাচ্ছেন তঁারা। পদে পদে নির্যাতিত ও শোষিত। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনাও। সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে অনাহারে কাটে স্ত্রী ও ছেলেমেয়েদের দিন। এসব দেখার যেন কেউ নেই। এই কঠিন সত্যগুলো দেয়ালিকার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা। গত ৩১ জুলাই বিশ্ববিদ্যালয়ের কে সি দে সড়কের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ‘শ্রমিকের অধিকার’ শিরোনামে দিনব্যাপী দেয়ালিকা প্রদর্শনী।
সকালে প্রদর্শনী উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। তিনি বলেন, ‘শ্রমিকেরাই সমাজে সম্পদের জোগান দেয়। সম্পদ রক্ষা করে শ্রমিকেরাই। কিন্তু তারা ন্যায্য ভাগ ও অধিকারটুকু পায় না।’ তিনি আইনের শিক্ষার্থীদের বঞ্চিত শ্রমিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
উদ্বোধনী আয়োজনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি তানজিনা আলম চৌধুরী। আইন বিভাগের সহকারী অধ্যাপক হিল্লোল সাহার সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমদ রাজিব চৌধুরী ও সহকারী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাস।
প্রদর্শনীতে আইন বিভাগের ২৩তম ব্যাচের শিক্ষার্থীদের তৈরি ২৫টি দেয়ালচিত্র ও দুটি তথ্যচিত্র স্থান পায়। এসব দেয়ালিকায় উঠে আসে শ্রমিকদের বঞ্চনা, অধিকার রক্ষায় জনগণের সচেতনতা বৃদ্ধি ও শ্রমিকদের অধিকারের কথা। এমন আয়োজন প্রসঙ্গে প্রদর্শনীর সমন্বয়ক হিল্লোল সাহা বলেন, ‘শ্রম আইনের শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যার বাইরে আইনের বাস্তবিক প্রয়োগ সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে প্রতিবছর এই ধরনের আয়োজন করা হয়। এতে করে শিক্ষার্থীরা আইনের যথাযথ প্রয়োগ ও সমাজ গঠনে আইনের ভূমিকা বিশ্লেষণের সুযোগ পায়।’