এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে ‘স্বপ্ন নিয়ে’ পাতায় লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম।২০০৯ সালের ডিসেম্বর মাসে ঢাকার বহু পর্বতারোহীর কাছেই উড়োখবর পাচ্ছিলাম যে বিএমটিসি থেকেও এভারেস্ট অভিযানে দল পাঠানো হবে। এর উদ্যোক্তা ইনাম আল হক। আর সেই দলের একমাত্র সদস্য এম এ মুহিত ২০১০ সালের এপ্রিল মাসে অভিযানে নামছেন। এ খবর শুনে ভাবছিলাম, শেষ পর্যন্ত বিএমটিসিও এভারেস্ট অভিযানে নামছে। এটা নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশের (এনএসিবি) জন্যও একটা বিরাট সাফল্য। কারণ, এনএসিবি যখন যাত্রা শুরু করেছিল, তখন বাংলাদেশ থেকে ২০১০ সালের মধ্যে এভারেস্ট অভিযানে নামাই ছিল মূল লক্ষ্য। অন্য ক্লাবও এভারেস্ট অভিযানে যেতে ২০১০ সালকেই বেছে নেওয়াটাকে এনএসিবিতে সাংগঠনিক সাফল্য হিসেবেই বিবেচিত হয়েছে। এনএসিবির পক্ষ থেকে এভারেস্ট অভিযান পরিচালনা করার কথা বলে সবাইকে উদ্বুদ্ধ করি এভাবে, বাংলাদেশ থেকে এর আগে এভারেস্ট জয়ের জন্য কোনো অভিযানে কেউ যায়নি। সুতরাং এ অভিযানে যাঁরা সহায়তা করবেন, তাঁরা বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন। সবাই এ সময় মানসিক সহযোগিতার কথা বলেন। বলেন যে বাংলাদেশের লাল-সবুজ পতাকা এভারেস্টের চূড়ায় উড়ুক এটা সবার ইচ্ছা। কিন্তু কীভাবে এটা আয়োজন করা যেতে পারে, আর্থিক সহযোগিতা কোথা থেকে পাওয়া সম্ভব; এ নিয়ে কেউই তেমন আশার আলো দেখাতে পারেন না। আর টাকার অঙ্ক শুনে সাপ দেখার মতো তাৎক্ষণিক সরে পড়েন অনেকেই। বিশেষ করে করপোরেট প্রতিষ্ঠানগুলোর কাছে গেলে মনে হয় যেন তারা আকাশ থেকে পড়ল। তাদের আচরণ দেখে একটা সিদ্ধান্তে আসতে বাধ্য হলাম, করপোরেট প্রতিষ্ঠান এ দেশে প্রতিভা সৃষ্টি করে না। কিন্তু প্রতিভার উন্মেষ ঘটলে পরে তখন আবার করপোরেট প্রতিষ্ঠানগুলোই দৌড়ঝাঁপ করে। এ পরিস্থিতিতে এনএসিবির এভারেস্ট অভিযানের সদস্যসংখ্যা কমিয়ে চারজনে নামিয়ে আনা হলো। এতে খরচ কমল প্রায় অর্ধেক। কিন্তু তার পরও কেউ সহায়তা করতে চায় না। এমনকি একে পাগলের কাণ্ডকারখানা সাব্যস্ত করে পরমুহূর্তে দেখাই করতে চান না।এ পর্যায়ে এনএসিবির সভাপতি আনিসুল হককে বিষয়টা ব্যাখ্যা করতেই তিনি মত দিলেন জাতীয় দল গঠনের। অর্থাৎ বাংলাদেশ থেকে এভারেস্ট অভিযানে দুটি ভিন্ন উদ্যোগ না নিয়ে একটা সমন্বিত উদ্যোগ নেওয়ার পক্ষপাতী তিনি। তাতে অনেক কাজই সহজ হয়ে যাবে বলে মন্তব্য করলেন তিনি। বিশেষ করে সরকারকেও এ উদ্যোগে তখন জড়ানো যাবে।এ বিষয়ে তিনি আমার কাছে মত জানতে চাইলে বললাম, যদি এটা জাতীয় দল হয়, তাহলে সেটাই হবে সবচেয়ে ভালো। এনএসিবির ইচ্ছাও তা-ই। এ জন্যই লাংসিসা রি অভিযানের মাধ্যমে একটা সাধারণ ভিত গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে তা আর হয়ে ওঠেনি। তাই বলে যে এভারেস্ট অভিযানের জন্য জাতীয় দল গঠন করা যাবে না, তা নয়। বরং জাতীয় দলই হতে পারে এভারেস্ট অভিযানের জন্য পুরো দেশের সবচেয়ে বড় প্রতিনিধি।এ সময় পরিস্থিতি পর্যালোচনা করে এনএসিবির এভারেস্ট অভিযানের সদস্যসংখ্যা মাত্র একজনে নামিয়ে আনা হলো। সংগঠনের বাকি সব সদস্যের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বাস্তবতাটা ছিল এ রকম, বাজেট বড় হওয়ার কারণে এনএসিবির এভারেস্ট অভিযানের কোনো অগ্রগতি হচ্ছিল না। আর আরেকটা ক্লাব থেকে এভারেস্ট অভিযান আয়োজনের বিষয়টি মোটামুটি চূড়ান্ত। কাজেই কোনোভাবে ‘ট্রেন মিস’ করা চলবে না এবং এ দৌড়ে টিকে থাকতে হলে একজন সদস্যের দল হলেও এনএসিবি থেকে এভারেস্ট অভিযানে পাঠানো উচিত। এ অবস্থায় সংগঠনের অন্য সদস্যরাও এ সিদ্ধান্তে সম্মতি দিলেন।কিন্তু উদ্যোগ নিয়েও বিএমটিসির সঙ্গে জাতীয় দল গঠন করা গেল না। ইনাম আল হক মুঠোফোনে সংক্ষিপ্ত বার্তায় আনিসুল হককে জানালেন, পাঁচটি কারণে মুসাকে তিনি এ পর্যায়ে দলে অন্তর্ভুক্ত করতে চান না। এ সময় আনিসুল হক ঠাট্টা করে বলেন, ‘মুসা ২০১০ সালেই যেতে হবে এমন তো কোনো কথা নেই। তুমি পরের বছর যাও। তোমার জন্য ভালো একটা ব্যবস্থা করে দিই।’ কিন্তু আমি তা শুনব কেন? তাঁকে জানালাম, আমাকে যেতেই হবে। এর কোনো বিকল্প নেই। এ সময় তিনি বললেন, চলো তাহলে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে এনএসিবির এভারেস্ট অভিযানের কথা গিয়ে বলি। এভাবে সময় গড়িয়ে ২০১০ সালের ফেব্রুয়ারি মাস হাজির। নেপাল থেকে এ সময় কোমল অরিয়াল এবং সোম বাহাদুর প্রায়ই ই-মেইল করেন এনএসিবির এভারেস্ট অভিযানের অগ্রগতি জানতে চেয়ে। তাঁরা ই-মেইলে প্রতিবারই স্মরণ করিয়ে দেন, এভারেস্ট অভিযানে যেতে চাইলে ফেব্রুয়ারি মাসের শেষদিকে ‘বুকিং মানি’ অবশ্যই নেপালে পাঠাতে হবে। দেরি হলে কোনো প্রতিষ্ঠানের পক্ষেই এভারেস্ট অভিযানে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না। আর আমিও উত্তরে প্রতিবার তাঁদের জানাই যে এ বাস্তবতাটি নিয়ে স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁরা আগামী সপ্তাহের মধ্যেই সহায়তা করার আশ্বাস দিয়েছেন।ই-মেইলের উত্তরে এ কথা বললেও নিরেট বাস্তবতা হলো, তখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানই সহায়তা করার চূড়ান্ত কথা দেয়নি। এদিকে ফেব্রুয়ারি মাস গড়িয়ে মার্চ মাস এসে পড়ল। উপায়ান্তর না দেখে বোন নূর আয়েশার কাছ থেকে টাকা ধার করে নেপালে এভারেস্ট অভিযানের জন্য ‘বুকিং মানি’ পাঠিয়ে দিলাম।এ সময় আয়োজকপ্রতিষ্ঠান ও শেরপাসরদার সোম বাহাদুরের পরামর্শ অনুযায়ী তিব্বতের ‘নর্থ ফেস’ দিয়ে এই অভিযানে যাওয়া চূড়ান্ত করা হয়েছে, যেহেতু এদিক থেকে এভারেস্ট আয়োজনের খরচ কম। তখন ভাবছি, খরচ কম আর বেশি, কোনো টাকাই তো এখনো জোগাড় করতে পারিনি। [email protected]বাকি অংশ আগামী পর্বে