
ছবি মুহূর্তকে ধরে রাখে, স্মৃতিকে জাগিয়ে তোলে। মুহূর্তের ঠাঁই হয় অ্যালবামে অথবা ঘরের দেয়ালে। পার্থক্য হলো অ্যালবামে রাখলে তা সব সময় দৃশ্যমান হয় না। দেয়ালে কোনো স্মৃতিবহ আলোকচিত্র ঝুলিয়ে রাখলে তা সব সময় চোখের সামনে থাকে। এ ছাড়া এটি অন্দরসাজেরও একটি অংশ। বাড়ির কোন ঘরে কেমন ছবি রাখা যেতে পারে, তা জানিয়েছেন গৃহসজ্জাবিদেরা।
কথা হলো, অন্দরসজ্জাবিদ গুলসান নাসরিন চৌধুরীর সঙ্গে। তিনি জানালেন, ঘরের দেয়ালে সুন্দর কোনো ফ্রেমে ছবি বাঁধিয়ে রাখলে তা দেখতে অবশ্যই ভালো লাগে। তবে, কোন ঘরে কোন ছবি টাঙাবেন, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাড়িতে ঢুকেই দরজার কাছে যে অংশ থাকে সেখানে, বসার ঘরে ও খাবার ঘরে পারিবারিক বা ব্যক্তিগত ছবি রাখা উচিত নয়। কারণ, বসার ঘরে, বাইরের অনেক মানুষ এসে বসবেন। সবার সামনে নিশ্চয়ই কেউ তাঁর ব্যক্তিগত ছবি ঝুলিয়ে রাখতে চাইবেন না। খাবার ঘরও এ ধরনের কোনো ছবি রাখার জন্য উপযুক্ত জায়গা নয়। তাহলে যেসব ঘরে সবাই যাবে না, সেখানে কী ধরনের পোর্ট্রেট রাখা যেতে পারে?
বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো সদস্যের ছবি বসার ঘরের দেয়ালে শোভা পেতে পারে। ছবির সেই ব্যক্তি শারীরিকভাবে সেখানে উপস্থিত না থাকলেও তাঁর বাড়ির সদস্যরা সেই ছবি দেখে তাঁকে মনে করতে পারবেন। মনে হবে তিনি

সঙ্গেই আছেন। আবার অনেক সময় পরিবারের কোনো সদস্যের বড় কোনো অর্জনের সময়কার ছবিও বসার ঘরে বাঁধাই করে রাখা যেতে পারে।
অন্দরসজ্জাবিদ সাবিহা কুমুর মতে, স্বামী-স্ত্রীর বিয়ের ছবি বা বেড়ানোর সময়ে তোলা নিজেদের কোনো ছবি বসার ঘর বা খাবার ঘরে রাখা ঠিক নয়। আপনার ঘর সাজানোর ধরনেও কিন্তু অতিথির কাছে আপনার রুচির প্রকাশ পাবে। গৃহসজ্জাবিদেরা মনে করেন, পারিবারিক ছবিগুলো শোবার ঘর বা বসার ঘরে রাখলেই সবচেয়ে ভালো। দেয়ালে ছবি টাঙানোর মাধ্যমে তৈরি করা যেতে পারে ফ্যামিলি ট্রি। সেখানে ডালে ডালে ঝুলিয়ে দেওয়া যেতে পারে ছবির ফ্রেম। নিজেদের ঘরে সন্তানের ছোটবেলার ছবিও বড় করে বাঁধানো যেতে পারে। আবার সন্তানের থাকার ঘরে মা-বাবার সঙ্গে সন্তানের কোনো ছবি বা বন্ধুদের সঙ্গে কাটানো মজার কোনো মুহূর্তের ছবিও থাকতে পারে।
ঘরের আকারের ওপর নির্ভর করবে ছবি কতটা বড় করে বাঁধাই করবেন। ঘর ছোট বা মাঝারি হলে ছবি বড় করে বাঁধালে উদ্ভট লাগবে। গুলসান নাসরিন চৌধুরী বলেন, চাইলে ঘরের কোনো একটি দেয়ালকে ফটো গ্যালারির মতো করে নিতে পারেন। সেখানে এক সারিতে অথবা একটু ওপর-নিচে করে পরিবারের সবার ও প্রিয় মানুষের ছবি দিয়ে সাজাতে পারেন। সেখানে ছবির ওপর বাতি দিতে পারলে খুব ভালো। যে দেয়ালে ছবি রাখবেন সেখানে অন্য কোনো ওয়াল শোপিস রাখার প্রয়োজন নেই। দেয়াল অনেক বড় হলেই বড় আকৃতির কয়েকটি ছবি রাখলে দেখতে ভালো দেখাবে। ফটো গ্যালারিতে যে ছবি রাখবেন, তার আকৃতি খুব বড় করার দরকার নেই। মাঝারি আর তার থেকে ছোট আকারের সমন্বয়ে সাজাতে পারেন ফটো গ্যালারি। তবে দুই আকৃতির মধ্যে অবশ্যই ভারসাম্য রক্ষা করতে হবে।
ছবি বাঁধাই করতে পারবেন ঢাকার এলিফ্যান্ট রোড, পল্টন, কলাবাগান, গুলশান, নিউমার্কেট, মালিবাগসহ বেশ কয়েকটি এলাকায়।