ভবনের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল। খসে পড়ছে ছাদের পলেস্তারা। ভেঙে গেছে জানালার কাচ। এরপরও ঝুঁকি নিয়ে বসবাস করছে সরকারি কর্মকর্তাদের ১৬ পরিবার। এটি নন্দনকাননের সরকারি কর্মকর্তাদের বাসভবন হামজা ম্যানশন।বাসিন্দাদের অভিযোগ, ভবনটির ঝুঁকিপূর্ণ অংশ মেরামতের জন্য একাধিকবার আবেদন করা হলেও তা আমলে নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভবন। তাঁদের আশঙ্কা, জরুরি ভিত্তিতে ভবনের ঝুঁকিপূর্ণ অংশ মেরামত করা না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ) সরওয়ার আহমেদ বলেন, ‘নন্দনকাননের হামজা ম্যানশনটি ১৯৭৫ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর ভবনটি প্রয়োজনীয় সংস্কার করে বসবাসের উপযোগী করা হয়। তবে এ বছর এসব ভবন রক্ষণাবেক্ষণ খাতে সরকার বরাদ্দ দিয়েছে মাত্র দুই লাখ টাকা।’ ভবনটি মেরামতের জন্য ভুক্তভোগীদের কাছ থেকে একাধিকবার আবেদন পাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, ‘সরকারি বরাদ্দ কম পেলে তো করার কিছু থাকে না। এর পরও হামজা ম্যানশনের মেরামতকাজ আমরা অবশ্যই করব।’ জানা গেছে, এই ভবনে চট্টগ্রামের বিভিন্ন সরকারি বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপক এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বসবাস করেন।ভবনের বাসিন্দা সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা মাহমুদা আকতার বলেন, ‘২০০৯ সালের ফেব্রুয়ারিতে আমি এই বাসায় উঠি। তবে ওঠার আগে বাসাটি ছিল ভূতের বাড়ির মতো। ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল মেঝে, ছাদ ও শৌচাগারের বিভিন্ন অংশ। এসব মেরামত খাতে নিজে ৮০ হাজার টাকা খরচ করেছি। ওই টাকা আমি এখনো পাইনি।’চারতলায় ডি/১ নম্বর বাসায় এক বছর ধরে আছেন সরকারি সিটি কলেজের সহযোগী অধ্যাপক আইয়ুব ভুঁইয়া। তাঁর বাসায় গিয়ে দেখা যায়, শোবার ঘর, রান্নাঘর, ভাণ্ডারকক্ষ, শৌচাগার ও কার্নিশের বিভিন্ন অংশে ফাটল ধরেছে। ছাদ থেকে পলেস্তারা খসে পড়েছে। এ ছাড়া ছাদ চুইয়ে পানি পড়ে বিভিন্ন কক্ষের দেয়াল বিবর্ণ স্যাঁতসেঁতে হয়ে গেছে। এ সময় আইয়ুব ভুঁইয়ার ছেলে আইনুন কবীর বলেন, ‘কিছুদিন আগে রান্নাঘরের ছাদ থেকে পলেস্তারার বড় একটি টুকরো হঠাৎ ভেঙে পড়ে। অল্পের জন্য আমার মা প্রাণে বেঁচে যান।’আইয়ুব ভুঁইয়া বলেন, ‘সরকার প্রতি মাসে বাসা ভাড়া বাবদ আমার বেতন থেকে ১৪ হাজার টাকা কেটে নেয়। অথচ দীর্ঘদিন ধরে সরকারি এই ভবনের কোনো মেরামত নেই।’সরেজমিনে দেখা যায়, দোতলায় সিঁড়ির পিলার, ছাদ ও দেয়ালের বিভিন্ন অংশে ফাটল ধরেছে। প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে নর্দমার উপচে পড়া ময়লা-আবর্জনা থেকে। ময়লা ছড়িয়ে ছিটিয়ে আছে আঙিনার বড় অংশজুড়ে। পানির সংকটও তীব্র। একবেলা পানি পাওয়া যায়। ভবনটিতে বসবাস করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশের পরিবার। তিনি বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে তা সত্য। তবে এই মুহূর্তে এটি সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া দরকার।এ প্রসঙ্গে সরকারি আবাসন পরিদপ্তরের উপপরিচালক মোমিনুর রশিদ বলেন, ভবনটি পাকিস্তান আমলে নির্মিত। ১৯৭৫ সালে পরিত্যক্ত ঘোষণার পর প্রয়োজনীয় মেরামত করে ১৯৯০ সাল থেকে সরকারি কর্মকর্তাদের বরাদ্দ দেওয়া হয়। তিনি বলেন, ‘আমরা শুধু বরাদ্দ দিই। রক্ষণাবেক্ষণের দায়িত্ব গণপূর্ত বিভাগের।’