
চার কক্ষবিশিষ্ট ফটিকছড়ি উপজেলার বক্তপুর ইউনিয়ন পরিষদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। ছাদের বিভিন্ন অংশের পলেস্তারা খসে পড়েছে। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে ভিজে যাচ্ছে ফাইলপত্র। তিন দশকেরও বেশি সময় আগে নির্মিত এই ভবন বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এই ভবনে ঝুঁকি নিয়েই কাজ করছেন নির্বাচিত জনপ্রতিনিধি ও পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।
সম্প্রতি বক্তপুর ইউনিয়ন পরিষদ ভবনে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭২ সালে বক্তপুর এলাকাকে ইউনিয়ন ঘোষণা করা হয়। শুরুতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম শান্তিরহাট বাজারের কাছে একটি গুদামঘরে পরিচালিত হতো। এরপর ১৯৮৩ সালে এলাকার কয়েকজন ব্যক্তির দান করা ২৮ দশমিক ৫০ শতক জমিতে চার কক্ষবিশিষ্ট একটি পাকা ভবন নির্মিত হয়। কিন্তু দুই দশকের মাথায় ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ে। প্রতি বর্ষায় ভবনের ছাদ পানি পড়তে শুরু করে। এরপর থেকে জোড়াতালি দিয়ে ওই ভবনেই চলছে পরিষদের কার্যক্রম।
বক্তপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত সচিব মোহাম্মদ ইদ্রিস বলেন, সম্প্রতি ছাদের একটি অংশ থেকে সিমেন্টের আস্তরণ ও পলেস্তারা খসে পড়ে তাঁর টেবিলের ওপর। অল্পের জন্য তিনি আঘাত পাননি।
ইউপি সদস্য মো. সাজেদুল আলম বলেন, স্যাঁতসেঁতে কক্ষে বসে কাজ করার কারণে তাঁরা প্রায়ই সর্দি-কাশিতে আক্রান্ত হচ্ছেন। এ ছাড়া শৌচাগার সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় সেখান থেকেও দুর্গন্ধ ছড়াচ্ছে।
সাম্প্রতিক নির্বাচনের পর এখনো ইউনিয়ন পরিষদের নতুন চেয়ারম্যানের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়নি। গত মেয়াদের চেয়ারম্যান মো. ফারুক উল আজম এখনো দায়িত্ব পালন করছেন। তিনি প্রথম আলোকে বলেন, ভবনটি অনেক পুরোনো ও ঝুঁকিপূর্ণ। এটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি লেখা হয়েছে। এই ভবন ভেঙে একটি আধুনিক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণের দাবি করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, বক্তপুর ইউনিয়ন পরিষদের জন্য কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা সরকারের আছে। পর্যাপ্ত জায়গার অভাবে প্রস্তাব পাঠানো যাচ্ছে না। তবে, জায়গা পেলে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হবে।
উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম বলেন, জায়গার সংকট দূর হলে বক্তপুর ইউনিয়ন পরিষদের ভবন নির্মিত হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।