ঝুঁকিপূর্ণ বাঘাইছড়ি স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক ভবন
দেয়ালে ফাটল, বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে
দেয়ালে বড় বড় ফাটল। খসে পড়ছে পলেস্তারা। ছাদের সিলিংয়ে পানি শুকিয়ে যাওয়ার কালো ছোপ ছোপ দাগ। এই চিত্র রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের একটি আবাসিক ভবনের।
ভবনের বাসিন্দা উপসহকারী চিকিৎসা কর্মকর্তা কনক বরণ চাকমা বলেন, সামান্য বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে। দেয়ালেও ফাটল ধরেছে। সব সময় আতঙ্কে থাকতে হয়। অন্য কোথাও থাকার ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ জেনেও বসবাস করতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের ভবনগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে বসবাস করছেন নার্স ও কর্মচারীরা। চিকিৎসকেরা কেউ এসব ভবনে থাকেন না।
স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে, ১৯৬৪ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ২০টি ভবন নির্মাণ করা হয়। এর মধ্যে একটি স্বাস্থ্য কমপ্লেক্স, তিনটি একতলা ভবন ও ১৬টি টিনশেড ঘর নির্মাণ করা হয়। তিনটি একতলা ভবনের মধ্যে দুটি কোনো রকমে জোড়াতালি দিয়ে ব্যবহার করা হলেও একটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ১৬টি টিনশেড ঘরের মধ্যে দুটি বাঘাইছড়ি পৌরসভা ব্যবহার করছে, একটি পরিত্যক্ত ও দুটি ২০১২ সালে পুড়ে যায়। বাকি ১১টি ঘরও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্তমানে একতলা দুটি ভবন ও ১১টি টিনশেড ঘরে উপসহকারী চিকিৎসা কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা বসবাস করছেন।
সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম দিকে দুটি একতলা ভবন ও টিনশেড ঘরের সব কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিটি ভবনের দেয়ালে ছোট-বড় ফাটল দেখা দিয়েছে।
হাসপাতালের নার্স তনয়া চাকমা বলেন, ‘অনেক টাকা খরচ করে আমাকে বরাদ্দ দেওয়া টিনশেড ঘরটি সংস্কার করে বসবাস করছি।’
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৬ জন চিকিৎসকের মধ্যে কর্মরত আছেন মাত্র দুজন। স্বাস্থ্য কমপ্লেক্সে সব সময় উপস্থিত থাকেন একজন চিকিৎসক। নয়জন নার্সের মধ্যে আছেন পাঁচজন। চারটি পদ দীর্ঘদিন ধরে শূন্য। উপসহকারী চিকিৎসা কর্মকর্তা ১০ জনের মধ্যে আছেন পাঁচজন। এ ছাড়া ১৬ জন কর্মকর্তা-কর্মচারী ও ৩৫ জন স্বাস্থ্য সহকারী রয়েছেন।
চিকিৎসক মো. মঈনুল আহছান বলেন, ‘আমি একা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করছি। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় আমি উপজেলা আবাসিক ভবনে একটি কক্ষ নিয়ে থাকি। কোনো চিকিৎসক স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনে থাকেন না।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুয়েন খীসা বলেন, ‘আবাসিক ভবনগুলো পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ হওয়ায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে। পাকিস্তান আমলে করা ভবনগুলো এমনিতেই মেয়াদোত্তীর্ণ হয়েছে। তা ছাড়া দীর্ঘদিন সংস্কার না হওয়ায় নাজুক হয়ে পড়েছে। ভবনের দুরবস্থার কারণে আমিও রাঙামাটি থেকে আসা-যাওয়া করি।’
এ ব্যাপারে জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স ও আবাসিক ভবনগুলো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো জেলা পরিষদের কাছে হস্তান্তর হলেও অবকাঠামো নির্মাণ করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। জেলা পরিষদ ইচ্ছে করলেও প্রকল্প গ্রহণ করতে পারে না।