দেয়ালে শিল্পকর্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর তীরজুড়ে ফসলের মাঠ। ধানকাটা চলছে, আঁটি মাথায় নিয়ে ছুটছেন কৃষক। মেঠোপথ দিয়ে একতারা হাতে চলছেন বাউল। তাঁর পেছনে কলসি কাঁকে হাঁটছেন নারী।গ্রামের চিরচেনা এই দৃশ্য মন কেড়ে নিচ্ছে শহুরে লোকজনের। সড়কের পাশে ফুটপাতের দেয়ালে এমন চিত্র প্রায়ই চোখে পড়ে। একদা গ্রামের কিন্তু হালের শহুরে মানুষ তো বটেই জাত শহুরে লোকজনও থমকে দাঁড়ান এমন ছবি দেখে। দেয়ালচিত্রে উঠে এসেছে আবহমান বাংলার পাশাপাশি আমাদের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনও। নামজাদা শিল্পীদের বিখ্যাত চিত্রকর্ম অবলম্বনেও আঁকা হয়েছে অনেক ছবি। নতুন প্রজন্মকে বাংলার ইতিহাস ও ঐতিহ্য জানাতে সিটি করপোরেশনের উদ্যোগে আঁকা হয়েছে এসব দেয়ালচিত্র।লাভ লেনে দেখা গেল মুক্তিসংগ্রামের বীর সেনানীদের বীরত্বের কথা। সূর্য উঠেছে, তার ছায়া পড়েছে নদীর পানিতে। নদীর পাড়ে নৌকা বাঁধা। দেশ স্বাধীন করে নিজ গ্রামে ফিরে এসেছেন কয়েকজন মুক্তিযোদ্ধা। সবার হাতে স্টেনগান। একজনের হাতে লাল-সবুজের পতাকা। সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আশেক রসুল জানান, ‘নতুন প্রজন্মের যারা গ্রাম দেখেনি, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না তাদের চিত্রকর্মের মাধ্যমে পরিচয় ঘটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত ফেব্রুয়ারি থেকে ছবি আঁকার কাজ শুরু হয়েছে। ভবিষ্যতে লালদিঘির সামনে টেরাকোটার কাজ করার পরিকল্পনা আছে।’ চারুকলা কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে এরকম ছবি আঁকছেন। চিত্রের মাধ্যমে মানুষ বিশেষ করে শিক্ষার্থীরা আমাদের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানবে বলে মনে করেন স্থপতি ও নগরপরিকল্পনাবিদ জেরিন খান। আাাগ্রাবাদ চৌমুহনী, ইস্পাহানি মোড়, চৌমুহনীতে সারি বেঁধে আঁকা হয়েছে গ্রাম বাংলার দৃশ্য—চাঁই দিয়ে মাছ ধরছেন জেলে, পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত নারী। আরও আছে ষাঁড়ের লড়াই, বলীখেলা, বাঁশবন, পাল তোলা নৌকার ছবি। জুবিলি রোড, সার্সন রোডসহ বিভিন্ন এলাকার চিত্রকর্ম পথচারীদের নজর কাড়ে।শিল্পী আহমেদ নেওয়াজ বলেন, ‘শিল্পকে সুন্দরভাবে উপস্থাপন করে মানুষকে অনেক বিষয় বোঝানো যায়। শুধু দেয়াল রক্ষার জন্য নয়, শিল্পমান বজায় রেখে ছবি আঁকা উচিত।’ সিটি কলেজের বাংলা বিভাগের শিক্ষক মশিউর জামান এ প্রসঙ্গে বলেন, ‘শুধু নগরের সৌন্দর্য বৃদ্ধি না করে নগরের মানুষকে সচেতন করতে হবে। কারণ নগরের সব কিছু তাদের উদ্দেশে করা হচ্ছে।’ শহীদ সাইফুদ্দীন খালেদ সড়কে আঁকা কামরুল হাসানোর ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ সবাইকে ফিরিয়ে নিয়ে যায় মুক্তিযুদ্ধের সেই রক্তঝরা দিনগুলোতে। আরও আছে জয়নুল আবেদিন, এসএম সুলতান ও সফিউদ্দিন আহমেদের চিত্রকর্ম অবলম্বনে আঁকা ছবি। এসব চিত্র আঁকা হয়েছে সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ের দুই পাশের দেয়ালে। বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র কাজী আবরারুর রহমান জানায় ‘ছবিগুলো দেখলে খুব ভালো লাগে, দেশের বিখ্যাত চিত্রকরদের কাজ সম্পর্কে জানতে পারি।’তবে ছবির নিচে বর্ণনা থাকলে আরও ভালো হতো বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ আলী আশরাফ। তিনি বলেন, ‘যেখানে দেয়ালচিত্র থাকে সেখানে কেউ পোস্টার লাগায় না। সব দেয়ালে যদি ছবি আঁকা যেত তাহলে চট্টগ্রাম ছবির নগর হয়ে যেত।’ তিনি আরও বলেন, অস্ট্রিয়া ও ইতালিতে দেয়ালচিত্র নিয়ে প্রতিযোগিতা হয়। চট্টগ্রামেও প্রতিযোগিতা করা গেলে বাণিজ্যিক রাজধানীর বদলে শিল্পকলার রাজধানী হয়ে উঠবে চট্টগ্রাম।