দৈত্যের ইচ্ছার খোঁজে...

প্রদীপ ঘষলেই বেরিয়ে আসে দৈত্য। বলে, ‘বলুন, আপনার তিনটে ইচ্ছে...।’ ইচ্ছেপূরণ দৈত্যের এমন গল্প আমরা বহুবার শুনেছি। আলাদিনের হাত হয়ে এই প্রদীপ ঘুরেছে কত গল্পের কত চরিত্রের হাতে! সবাই ঘুরেফিরে কত না ইচ্ছার কথা বলেছে। কিন্তু কেউ কি কখনো জানতে চেয়েছে, যে দৈত্য সবার ইচ্ছা পূরণ করে, তার ইচ্ছাটা কী?
এমন অদ্ভুত প্রশ্নের উত্তর খুঁজছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের (এনএসইউএসএস) কর্মীরা, ৪ ও ৫ জুন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যায়। প্রায় আড়াই ঘণ্টা চোখধাঁধানো আলোর খেলার সঙ্গে নাচ, গান আর অভিনয়ে মুখর হয়েছিল মিলনায়তন। ঠিক মঞ্চনাটক নয়, নয় গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান কিংবা অন্য কিছু। সবকিছু মিলিয়েই এক জগাখিচুড়ি। নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কাছে এই অনুষ্ঠান অনেকটা ‘মঞ্চে দেখানো সিনেমা’র মতো!
শিক্ষার্থী আর আমন্ত্রিত অতিথিরা পুরো অনুষ্ঠান দেখেছেন মন্ত্রমুগ্ধ হয়ে। শেষের একটা অদ্ভুত দৃশ্য বোধ হয় অনেকের চোখ এড়ায়নি। যে ছেলেমেয়েগুলো হেসেখেলে মঞ্চে নাচ-গান-অভিনয় পরিবেশন করল, অনুষ্ঠান শেষে একে অন্যকে জড়িয়ে ধরে তাঁদের সে কী কান্না! এই কান্না আনন্দের, কিছুটা কষ্টেরও। কত রাত জেগে তাঁরা এই আয়োজনের পরিকল্পনা করেছেন! ক্লাসের পর মহড়া শেষে বাড়ি ফিরতে দেরি হয়েছে বলে কতবার বকা খেয়েছেন! অনেক আড্ডা, খুনসুটি, ঝগড়া, তর্কের ফসল এই আয়োজন। মঞ্চের গল্পের চেয়ে মঞ্চের পেছনের গল্পগুলোই যেখানে সারা জীবন মনে রাখার মতো, চোখের পানিতে বাধ দিয়ে রাখা তো কঠিন বটেই!
১৫০ জন ছেলেমেয়ের একটা দল কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে অনুষ্ঠান সফল করার জন্য। প্রতিবারের মতো এবারও একটা চমৎকার ‘থিম’ নিয়ে সাজানো হয়েছিল পুরো গল্প। এবারের থিম ছিল ‘অস্তিত্ব’। জানা গেল, সংগঠনটি সব সময় চেষ্টা করে হাসি-আনন্দ-নাটকীয়তার মধ্য দিয়ে দর্শকের মনে একটা বার্তা পৌঁছে দিতে। এবারও মানুষের চারিত্রিক অবক্ষয়ের ব্যাপারটি ফুটে উঠেছে গল্পে।
এক দিনে যেহেতু খুব বেশি দর্শককে জায়গা দেওয়া যায় না, তাই পরপর দুই দিন একই অনুষ্ঠান দুবার মঞ্চায়ন হয়। তাতেও টিকিট না পাওয়ার আক্ষেপ ভেসে বেড়ায় ক্যাম্পাসের আনাচকানাচে। সন্ধ্যা সাতটায় শুরু হয়ে অনুষ্ঠান শেষ হয়েছে রাত সাড়ে নয়টায়। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র তানভীর নিয়াজ বলছিলেন, ‘এটা আমার দেখা সবচেয়ে সুন্দর আয়োজনগুলোর মধ্যে একটা। আমি এর আগেও সাংস্কৃতিক সংগঠনের অনেক প্রোগ্রাম দেখেছি। কিন্তু এবারেরটা সবচেয়ে ভালো ছিল।’
দর্শকের এমন মন্তব্য শুনে হাসলেন এনএসইউএসএসের প্রেসিডেন্ট স্বাধীন। বললেন, ‘প্রতিবছরই আমাদের চেষ্টা থাকে আগের বারের আয়োজনকে ছাড়িয়ে যাওয়ার। আমরা নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী।’
বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা ছাড়াও বছরজুড়ে বেশ কিছু অনুষ্ঠান আয়োজন করে এই সংগঠন। পয়লা বৈশাখ, বসন্ত উৎসব, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস...নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বছর ব্যস্ততায় কাটে সংগঠনের কর্মীদের দিন। নর্থ সাউথ ইউনিভার্সিটির ২০তম এই সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য আজিম উদ্দিন আহমেদ। এ ছাড়া উপাচার্য আতিকুল ইসলামের সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষকেরাও উপস্থিত ছিলেন।