খবর: প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুণী বাউফলে (সূত্র: প্রথম আলো, ৪ ডিসেম্বর ২০১৭)
ইদানীং বিদেশি টাকার চেয়ে দেশে বেশি আসছে সোনা। তবে সোনার সঙ্গে পাল্লা দিয়ে প্রেমের টানে বাংলাদেশে আসছে ভিনদেশি নারী। ফেসবুকে পরিচয়, মন দেওয়া-নেওয়া আর তারপরই প্রেমের টানে ছুটে আসা। বাংলাদেশের ছেলেদের চাহিদা এখন বিশ্বজুড়ে। তবে ব্যাপারটা মোটেও ছেলের হাতের মোয়া নয়। রস+আলোর এই আয়োজনে উঠে এসেছে সেসবই। লিখেছেন শরীফ মজুমদার
দেশে প্রেমের বাম্পার ফলন, রপ্তানি হচ্ছে বিদেশেও
আকাশ সংস্কৃতির বিকাশ, সামাজিক যোগাযোগের ব্যাপক প্রসার আর বাঙালির চিরন্তন প্রেমিক মন—এই তিনের প্রভাবে সাম্প্রতিক সময়ে দেশে প্রেমের বাম্পার ফলন হচ্ছে। সেই সঙ্গে রপ্তানি বাণিজ্যে খুলে গেছে সম্ভাবনার নতুন দুয়ার। দেশের সীমানা ছাড়িয়ে সাম্প্রতিক বছরগুলোতে সাফল্যের সঙ্গে প্রেম রপ্তানি হচ্ছে বিদেশেও। বাংলাদেশ প্রেম উন্নয়ন ব্যুরো (বিএলডিবি) ও ওয়ার্ল্ডস লাভারস অ্যাকটিভিটি অবজারভরি ইউনিটের এক যৌথ সমীক্ষায় দেখা গেছে, গত দুই বছরে ব্রাজিল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এমনকি যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে বাংলাদেশি প্রেম রপ্তানি হয়েছে। রপ্তানির প্রক্রিয়া চলছে আরও বেশ কিছু দেশে। এ প্রসঙ্গে বিএলডিবির মহাপরিচালক মজনু চৌধুরী রোমিও বলেন, ‘আগামী কয়েক বছরের মধ্যেই আমাদের তরুণদের উৎপাদিত মানসম্পন্ন প্রেম পুরো দুনিয়ায় রপ্তানির জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’ এই খাতে তরুণদের পাশাপাশি তরুণীদেরও এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক বাজারে দেশীয় প্রেমের উত্তরোত্তর সাফল্যে উচ্ছ্বসিত তরুণেরাও। তাঁদের মতে, দেশে তাঁদের প্রেমের যথাযথ মূল্যায়ন না হলেও বিদেশের মাটিতে তা ব্যাপক সমাদৃত হচ্ছে। আগে যেখানে নিজেদের রোমান্টিক মনের উৎপাদিত শতভাগ খাঁটি প্রেম নিয়ে তরুণীদের দিকে কাঙালের মতো চেয়ে থাকতে হতো, এখন আর সেই ঝামেলা নেই। প্রেম উৎপাদন হলেই তা সহজে ফেসবুকের মাধ্যমে বিদেশে রপ্তানি করা যাচ্ছে। এ প্রসঙ্গে দেশের তরুণীদের কঠোর মনোভাবেরও সমালোচনা করেন কয়েকজন তরুণ।
মন্ত্রিপরিষদের এক সভায় আগামী অর্থবছরের বাজেট-সংক্রান্ত আলোচনায় টাকামন্ত্রী বলেন, ‘দেশে প্রেমের বাম্পার ফলন এই সরকারের এক অনন্য সাফল্য। আগামী বাজেটে অভ্যন্তরীণ প্রেমের ক্ষেত্রে সাড়ে ৩ শতাংশ এবং রপ্তানিযোগ্য প্রেমে সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট বসানোর পরিকল্পনা আছে আমাদের।’
বাঙালি তরুণ প্রেমিকদের প্রেমের টানের সঙ্গে মিলিয়ে অনেকে রোবট সোফিয়ার বাংলাদেশে আগমন এবং সন্তান ও পরিবার নিয়ে তার আকাঙ্ক্ষার কথায়ও নানান কানাঘুষা শুরু করেছেন। গুঞ্জন চলছে, বাংলাদেশের রেস্তোরাঁয় কর্মরত পুরুষ রোবটের প্রেমের টানেই সোফিয়া বাংলাদেশে এসেছিল। অবশ্য সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে সলজ্জ হাসির ভঙ্গি করে তা এড়িয়ে যায় সোফিয়া।
