দৈনিক ফলোআপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ঢাকা, ১৬ মে ২০১৬, ২ জৈষ্ঠ্য ১৪২৩, ০৮ শাবান ১৪৩৭ সোমবার রেজি. নং ডিএ ০০০০, বর্ষ ১৯, সংখ্যা ১৪৫, দাম ১০ টাকা

খবর: জামালপুরের সরিষাবাড়ীতে সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আজ শুক্রবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্রার্থীর সংখ্যা প্রায় ৪০০। তবে এসব ইউনিয়নের সাধারণ প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বী সবারই পছন্দ ছিল ‘মোরগ’ প্রতীক। (সূত্র: প্রথম আলো, ১৩ মে ২০১৬)

কাঁচা আম-পাকা আম দ্বন্দ্ব
লাভ কার?
বাজার প্রতিবেদক
মনের সুখে ক্ষতিকর রাসায়নিক দিয়ে কাঁচা আম পাকাচ্ছিলেন দুই ব্যবসায়ী। ১৩ মে সেই ব্যবসায়ীদের হাতেনাতে ধরেছেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার ব্রজপুর গ্রামবাসী। এ ঘটনায় বেজায় চটেছেন কাঁচা আম সম্প্রদায়। আমবাগানে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে কাঁচা আম সম্প্রদায়ের রোষানলে পড়েন ফলোআপের এই প্রতিবেদক। তখনই তিনি জানতে পারেন কাঁচা আম সম্প্রদায়ের মনের কথা। তাদের ভাষ্যমতে, কাঁচা আম সম্প্রদায়ের অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন! একমাত্র মেয়েরাই কাঁচা আমের মর্ম বোঝে। এ ছাড়া কেউ কাঁচা আমকে পাত্তাই দিতে চায় না। বিজ্ঞাপনেও কেবল পাকা আম নিয়ে মাতামাতি। অথচ পাকা আমের চেয়ে কাঁচা আমের স্কিন কত সুন্দর, আবেদনময়! কিন্তু সেই সৌন্দর্য অনুধাবনের ক্ষমতা মানুষের নেই। বরং তারা ব্যস্ত জোরজবরদস্তি করে কাঁচা আমের ‘স্মুথ স্কিন’ নষ্ট করার তালে। এহেন পরিস্থিতি থেকে উত্তরণে কাঁচা আম সম্প্রদায়ের সবাই মিলে ঠিক করেছেন, মানুষের এই অত্যাচারের পাল্টা প্রতিশোধ নিতে সামনের বছর থেকে তাঁরা ‘স্কিনের’ রংই পাল্টে ফেলবেন। তবে তাঁরা কোন রং ধারণ করবেন, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

খবর: কৃত্রিমভাবে আম পাকানোর উদ্দেশ্যে গাছে ক্ষতিকর রাসায়নিক ছিটানোর সময় এলাকাবাসী আজ শুক্রবার সকালে দুই ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছেন। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন। নাটোরের বাগাতিপাড়া উপজেলার ব্রজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
(সূত্র: প্রথম আলো, ১৩ মে ২০১৬)