দৈনিক বাঁকখালীর সম্পাদকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা
‘মিয়ানমারের আরাকানের শত বছরের পুরোনো একটি মসজিদে আগুন দিয়েছে’ এমন উসকানিমূলক সংবাদ প্রকাশের দায়ে কক্সবাজার শহর থেকে প্রকাশিত দৈনিক বাঁকখালীর সম্পাদকসহ পাঁচজনের বিরুদ্ধে পুলিশ রাষ্ট্রদ্রোহিতার মামলা করেছে। ১০ অক্টোবর রাতে পুলিশ ওই পত্রিকার বার্তা সম্পাদক মোস্তফা সরওয়ারকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার তাঁকে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এক দিনের রিমান্ডে এনে উসকানিমূলক সংবাদ প্রকাশের পেছনে কারা জড়িত সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। পত্রিকাটির প্রকাশনা ১১ অক্টোবর থেকে বন্ধ রয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদত্ত চাকমা বলেন, ‘গত ২৯ সেপ্টেম্বর রাতে ফেসবুকে পবিত্র কোরআন শরিফ অবমাননার বিতর্কিত একটি ছবিকে কেন্দ্র করে রামুর বিভিন্ন বৌদ্ধমন্দির ও বৌদ্ধপল্লির বসতিতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ নিয়ে দৈনিক বাঁকখালী মিয়ানমারে মসজিদ পোড়ানোর একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে সাম্প্রদায়িক উসকানি সৃষ্টির চক্রান্ত চালায়। এ কারণে ওই পত্রিকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়েছে এবং বার্তা সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে।’ মামলার অপর চার আসামি হলেন, পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জি এম রহিমুল্লাহ, প্রধান সম্পাদক ও মহেশখালী উপজেলা জামায়াতের সাবেক আমির জাবের আহমদ চৌধুরী, সম্পাদক ছিদ্দিক আহমদ ও পত্রিকাটির টেকনাফ প্রতিনিধি সাইফুল ইসলাম। পুলিশ জানায়, বর্তমানে এরা পলাতক রয়েছে। পত্রিকার প্রধান সম্পাদক জাবের আহমদ চৌধুরী বলেন, ‘মিয়ানমারের মসজিদ পোড়ানোসংক্রান্ত খবরটি না ছাপানোর জন্য বার্তা সম্পাদককে একাধিকবার নিষেধ করা হয়েছিল। কিন্তু নিষেধ অমান্য করে তিনি কেন সংবাদটি প্রকাশ করেছেন তা বোধগম্য হচ্ছে না।’