
ব্রাজিলকে আর্জেন্টিনার ঘুষ
ধার করা প্রতিবেদক
বিশ্বকাপ-জ্বরে আক্রান্ত গোটা দেশ। সমর্থিত দলের পক্ষে প্রচারণা চালাচ্ছেন নেতারা। এরই মধ্যে গতকাল সন্ধ্যায় ঘুষ দিয়ে দলে ভেড়ানোর সময় হাতেনাতে ধরা পড়লেন আর্জেন্টিনা-সর্মথক দলের কেন্দ্রীয় কমিটির এক নেতা। পুলিশের বরাত দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাজিলের এক তরুণ সমর্থককে একা পেয়ে ওই নেতা ফুসলিয়ে চায়ের দোকানে নিয়ে যান। শিঙাড়া-চা খাওয়ানোর পর ওই তরুণের হাতে নগদ টাকা ও গুলিস্তান থেকে কেনা আর্জেন্টিনার একটি জার্সিও তুলে দেন। সে সময় চায়ের দোকানে উপস্থিত হন ব্রাজিলের ফরোয়ার্ড বিভাগের কোষাধ্যক্ষ। ঘটনাটি দেখার পর পুলিশকে অবহিত করেন তিনি। পুলিশ জানায়, আর্জেন্টিনার ওই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে আবার আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকগোষ্ঠীর মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে।

আর্জেন্টিনায় যোগ দিল ব্রাজিল-সমর্থকগোষ্ঠীর একাংশ
নিজস্ব প্রতিবেদক
জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার সময় সামনের সারিতে বসার সুযোগ না পেয়ে বিদ্রোহ ঘোষণা করেছে ব্রাজিল-সমর্থকগোষ্ঠীর একাংশ। গতকাল বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ব্রাজিলের তিন বিদ্রোহী কর্মী যোগ দেন আর্জেন্টিনায়। এ সময় তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন আর্জেন্টিনার ছাত্রসংগঠন ছাত্রন্টিনার সভাপতি ও অন্য নেতারা। আর্জেন্টিনায় যোগ দেওয়ার পর ব্রাজিলের এক কর্মী বলেন, ‘ব্রাজিলের খেলা যেমন-তেমন, এই দলের সমর্থকগোষ্ঠী তাদের নান্দনিকতা হারিয়ে ফেলেছে। এর প্রতিবাদে আমরা দল বদল করলাম। এটা সময়ের দাবি। আশা করি, আর্জেন্টিনায় যোগ দিয়ে বিশ্বকাপ ঘরে তুলতে বিশেষ অবদান রাখতে পারব।’
অন্যদিকে, এক সংবাদ সম্মেলনে ব্রাজিলের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বলেন, ‘ব্রাজিল থেকে যাঁরা আর্জেন্টিনায় যোগ দেন, তাঁরা একালের মীর জাফর। এই জাতি তাঁদের ঘৃণাভরে স্মরণ করবে এবং এতে করে ব্রাজিলের কিছুই যাবে-আসবে না।’

সাম্বা নৃত্য নিয়ে টক শোয় হাতাহাতি!
বিনোদন প্রতিবেদক
জনপ্রিয় টক শো ‘মাত্রাছাড়া’য় অতিথি হিসেবে এসে হাতাহাতি করলেন ব্রাজিল ও আর্জেন্টিনা দলের দুই উপদেষ্টা। পরিস্থিতি নিয়ন্ত্রণে না রাখতে পেরে লাল কার্ড দেখালেন অনুষ্ঠানটির সঞ্চালক।
গতকাল রাত ১২টায় শুরু হওয়া মাত্রাছাড়া টক শোর আলোচনার বিষয় ছিল—সাম্বা নৃত্যের ভবিষ্যৎ ও সম্ভাবনা। এ বিষয়ে পক্ষে-বিপক্ষে বক্তব্য দিতে অনুষ্ঠানে আসেন ব্রাজিল ও আর্জেন্টিনা দলের সংস্কৃতিবিষয়ক দুই উপদেষ্টা। তর্কের একপর্যায়ে দুজনই উত্তেজিত হয়ে ওঠেন। ব্রাজিলের উপদেষ্টার দাবি, সাম্বা নৃত্য একটি সম্ভাবনাময় খাত, এর ভবিষ্যৎ উজ্জ্বল। কিন্তু আর্জেন্টিনার উপদেষ্টা যুক্তি দেখান, এই নৃত্য আমাদের সংস্কৃতির জন্য হুমকিস্বরূপ। এতে তরুণ প্রজন্ম বিভ্রান্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় নৃত্যচর্চা। এর পরই নিজেদের আসন ছেড়ে উত্তেজিত ভঙ্গিতে হাতাহাতিতে লিপ্ত হন তাঁরা।

আর্জেন্টিনার সমর্থক পাত্রীর গায়েহলুদ বর্জন
একান্ত নিজস্ব প্রতিবেদক
সমর্থিত দল আর্জেন্টিনার প্রতি সম্মান রেখে গায়েহলুদ বর্জন করলেন এক বিয়ের পাত্রী। গতকাল সন্ধ্যায় সাড়া জাগানো এ ঘটনা ঘটেছে নড়াইলের একটি কমিউনিটি সেন্টারে। পাত্রীর ঘনিষ্ঠ এক বান্ধবী জানিয়েছেন, অনেক আগে থেকেই গায়েহলুদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন ওই পাত্রী। কিন্তু পরিবার কিছুতেই কর্ণপাত না করায় গোপনে বাজার থেকে নীল কিনে এনে গায়ে হলুদের বদলে গায়েনীল পালন করেন তিনি। পরিবারের গুরুজনেরা এতে মর্মাহত হলেও শেষমেশ বিষয়টি মেনে নেন। পাত্রপক্ষ হন্ডুরাসের সমর্থক হওয়ায় বিষয়টি নিয়ে আর কোনো বাড়াবাড়ি হয়নি বলেও জানা গেছে।
‘হলুদ জুসকে না বলো’
নিজস্ব প্রতিবেদক
এ যেন সরষের মাঝেই ভূত! দলীয় নীতিমালার তোয়াক্কা না করে খোদ আর্জেন্টিনার দলীয় কার্যালয়ে বসে হলুদ রঙের জুস পান করলেন এক তরুণ কর্মী! ফলাফল বহিষ্কার। ঘটনা গতকাল দুপুরের। প্রতিদিনের মতো সারা রাত খেলা দেখার পর দুপুরবেলা ঘুম থেকে উঠে দলীয় কার্যালয়ে আসেন ওই তরুণ। এসেই ক্যানটিনে গিয়ে পান করতে থাকেন পাকা আমের হলুদ জুস। কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হন আর্জেন্টিনার উচ্চপর্যায়ের কয়েকজন নেতা। ঘটনা প্রত্যক্ষ করার সঙ্গে সঙ্গে মৃদু চপেটাঘাত করে ওই তরুণকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন তাঁরা। তবে দলীয় কার্যালয়ে কী করে হলুদ রঙের জুস এল, সে বিষয়ে দলটির সাংস্কৃতিক সম্পাদক বলেন, ‘এই কাজ ব্রাজিল-সমর্থক দলই করেছে, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তারা এসব করে তরুণদের ভুল পথে নিয়ে চায়। আমরা এর প্রতিবাদ হিসেবে হলুদ বর্জন আন্দোলনের ডাক দিলাম। হলুদ জুসকে না বলো।’
ঠিক সময়ে ক্লিক
ব্রাজিলের সমর্থকদের দেখে আর্জেন্টিনার জার্সি খুলে ফেলছেন এক সুবিধাবাদী সমর্থক। গতকাল সকালে রাজধানীর একটি অফিসের সিঁড়ি থেকে তোলা ছবি

ব্রাজিল-আর্জেন্টিনা সীমান্তে উত্তেজনা
গালিবর্ষণে তিনজন আহত
সীমান্ত প্রতিবেদক
কিলাকিলি বাজারের মধ্যবর্তী সড়কের দুই পাশের চিত্র দেখলে ভড়কে যাবেন যে কেউ। রাস্তার এ পাশে আর্জেন্টিনা দলের আস্তানা, ওপাশে ব্রাজিলের একচ্ছত্র আধিপত্য। দুই দলই পতাকা দিয়ে শোভিত করেছে নিজেদের সীমানা। তবে মাঝেমধ্যে রাখালেরা তাঁদের ছাগল নিয়ে আর্জেন্টিনা সীমানা থেকে পাড়ি জমান ব্রাজিলের ঘাঁটিতে। গতকাল ভোরে ঘাস খাওয়ানোর জন্য ছাগল নিয়ে যাওয়ার সময় ব্রাজিলের সীমান্ত প্রহরীদের হাতে ধরা পড়েন ওই রাখাল। মাঝারি মানের চড়-থাপড় ও ছাগল কেড়ে নিয়ে ছেড়ে দেওয়া হয় তাঁকে। এর পরই ঘটে যায় তুলকালাম কাণ্ড! দুই পক্ষ থেকে শুরু হয় পাল্টাপাল্টি গালিবর্ষণ। এতে গুরুতর আহত হন ব্রাজিল ও আর্জেন্টিনার তিন সমর্থক। স্থানীয় দলীয় কার্যালয়ে নিয়ে মানসিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয় তাঁদের। ব্রাজিলের আহত এক সমর্থকের সঙ্গে কথা বলে জানা যায়, আগে থেকে বদহজমে ভুগছিলেন তিনি। আর্জেন্টিনার গালি হজম করতে না পেরে অবস্থা আরও বেগতিক হয়ে পড়ে। এ ছাড়া আর্জেন্টিনার এক সমর্থকের হূদেরাগ থাকায় ব্রাজিলের গালি সহ্য করতে পারেননি বলেও জানা গেছে। আপাতত ওই সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সীমান্ত প্রহরীরা যাঁর যাঁর অবস্থানে সতর্ক পাহারায় আছেন।
মডেল: আরিফুল ইসলাম, জাকারিয়া সুমন, মো. মাসুদুজ্জামান, শামসুল আরেফিন, কামরুজ্জামান, আজাদ পারভেজ, বায়েজিদ ভূঁইয়া, সজীব মিয়া, রাহিতুল ইসলাম, সোহাগ ও আলাউদ্দিন।
পোশাক সরবরাহ: টোটাল স্পোর্টস
লেখা: সিমু নাসের ও মাহফুজ রহমান
ছবি: কবীর শাহরীয়ার