আগের স্বাস্থ্যকেন্দ্র থেকে ৫০-৬০ গজ দূরে আধাপাকা দোকানঘরের ৮০-৯০ বর্গফুট আয়তনের ছোট্ট কক্ষ। এর ভেতর একটি টেবিল, চিকিৎসক ও সহকারীর জন্য দুটি প্লাস্টিকের চেয়ার এবং রোগীদের বসার জন্য একটি লম্বা ও একটি ছোট বেঞ্চ। লম্বা বেঞ্চে তিনজন রোগী বসতে পারলেও নারী রোগীরা রয়েছেন দাঁড়িয়ে। এমন সংকীর্ণ পরিবেশে কোনো রকমে রোগী দেখছেন ফেনীর সোনাগাজীর মঙ্গলকান্দি উপ-স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক। ১৬ জানুয়ারি মঙ্গলকান্দি নতুন বাজারে গিয়ে দেখা গেছে এমন চিত্র।
স্বাস্থ্যকেন্দ্রটি ৩ জানুয়ারি মধ্য রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, দশম জাতীয় সংসদ নির্বাচনবিরোধী বিএনপি ও জামায়াত-শিবির কর্মীরা এটি পুড়িয়ে দেন।
এতে কেন্দ্রের সব ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, আসবাব, প্রয়োজনীয় নথিপত্র এবং উপসহকারী চিকিৎসা কর্মকর্তার ব্যক্তিগত মোটরসাইকেল পুড়ে যায়। আগুনে সব মিলিয়ে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে।
কেন্দ্রটি ৫ জানুয়ারি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের কথা ছিল। এটি নষ্ট হওয়ায় ১২ দিন পর অর্থাৎ ১৬ জানুয়ারি বাজারের দোকানঘরকে অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র হিসেবে চালু করা হয়।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ১৯২৪ সালে ফেনীর দক্ষিণে মঙ্গলকান্দি ইউনিয়নের সেনেরখিল গ্রামে উপ-স্বাস্থ্যকেন্দ্রটি স্থাপন করা হয়। ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও সীমানা পুনর্বিন্যাসের কারণে কেন্দ্রটি বর্তমানে চর দরবেশ ইউনিয়নের অন্তর্ভুক্ত হলেও মঙ্গলকান্দি উপ-স্বাস্থ্যকেন্দ্র নামটি এখনো রয়ে গেছে। এ কেন্দ্র থেকে আশপাশের ২৪-২৫টি গ্রামের অন্তত ৬০ হাজার মানুষ চিকিৎসাসেবা পেয়ে আসছিলেন।
স্থানীয় সমাজকর্মী মো. মোস্তফা ও সেনেরখিল গ্রামের দিনমুজুর মানিক চন্দ্র কর জানান, এলাকার সাধারণ মানুষের চিকিৎসার জন্য এ হাসপাতালই একমাত্র ভরসা। এটি পুড়ে যাওয়ায় গ্রামের গরিব মানুষগুলো চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছিল। এটি চালু না হলে সবাইকে ফেনী বা সোনাগাজী সদরে যেতে হতো। কিন্তু অর্থাভাবে অনেকের পক্ষে তা সম্ভব হচ্ছিল না।
এদিকে চিকিৎসাসেবা চালু হলেও ওষুধপত্র পাচ্ছেন না রোগীরা।
কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নুরুল ইসলাম জানান, কেন্দ্রটিতে প্রতিদিন গড়ে ১৫০ জন রোগী ব্যবস্থাপত্র এবং প্রয়োজনীয় কিছু ওষুধ পেতেন। এখন ব্যবস্থাপত্র দিলেও ওষুধ পেতে আরও কিছুদিন সময় লাগতে পারে।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছারোয়ার জাহান জানান, এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে স্থানীয় বাজারের ছোট দোকানঘরে অস্থায়ীভাবে রোগী দেখার ব্যবস্থা করা হয়েছে। তা ছাড়া ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি জরুরি ভিত্তিতে মেরামতের জন্য ফেনী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।