দোছড়ি সেতুর সংস্কার না হওয়ায় ১৫ হাজার মানুষের দুর্ভোগ
রামুর পূর্বাঞ্চলীয় কচ্ছপিয়া ইউনিয়নের নারকেলবাগান এলাকার দোছড়ি খালের ওপর নির্মিত সেতুটি অকেজো হয়ে পড়েছে। দুবছর আগে ৬২ লাখ টাকা ব্যয়ে ৬৬ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। নির্মাণের মাত্র দুবছরে গত বর্ষায় এটি পানির স্রোতে ভেসে যায়। সেই থেকে ওই এলাকার প্রায় ২৫টি পাড়ার তিন শতাধিক শিক্ষার্থীসহ ১৫ হাজার মানুষ চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন। সম্প্রতি কক্সবাজারের জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমেদ ভাঙনকবলিত সেতু পরিদর্শন করে এলাকাবাসীকে দ্রুত তা পুনর্নির্মাণের আশ্বাস দেন। সরেজমিনে দেখা গেছে, বর্তমানে নদীর পানি শুকিয়ে যাওয়ায় ওই স্থানে পারাপারের জন্য একটি বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। লোকজন ওই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। সাঁকো পেরোতে গিয়ে শিশু-কিশোরেরা প্রায় সময় দুর্ঘটনার শিকার হন বলে জানালেন স্থানীয়রা।এলাকাবাসী জানান, গত বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে খালের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। ওই সময় খালে ভেসে আসা প্রায় ৫০ হাজার বাঁশের চালি (ভেলা) সেতুর স্তম্ভের (পিলার) সঙ্গে আটকে গেলে পানি চলাচল বাধা পায়। এতে স্রোতের তোড়ে সেতুর মাঝখানের চারটি স্তম্ভ উপড়ে গিয়ে এর ওপরের অংশ পানিতে ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন আহম্মেদ এবং জ ম ওবাইদুর রহমান জানান, কচ্ছপিয়া ইউনিয়নের ঘিলাতলী, ছিবাতলী, মগবিল, বাঁকখালী ও নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের ছাগলখাইয়া, চিকনছড়ি, পালংখাই, কুরুক্ষ্যং, ডলুঝিরি, মামা-ভাগিনা ঝিরি, বাইসাংপাড়াসহ ২৫টি পাড়ার অন্তত ১৫ হাজার মানুষ নিয়মিত এ সেতু পেরিয়ে কচ্ছপিয়া বাজার, গর্জনিয়া বাজার, নারকেল বাজার, রামু ও নাইক্ষ্যংছড়ি সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন। এ ছাড়া সেতু পেরিয়ে প্রতিদিন তিন শতাধিক শিক্ষার্থীকে দোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কচ্ছপিয়া উচ্চবিদ্যালয়, গর্জনিয়া উচ্চবিদ্যালয়, গর্জনিয়া ফয়েজুল উলুম মাদ্রাসা, নাইক্ষ্যংছড়ি হাজি এমএ কালাম ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্ষার আগে সেতুটি পুনর্নির্মাণ করা না হলে ভোগান্তি আরও চরমে পৌঁছবে। রামু বন বিভাগের বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা আব্দুল হক মোল্লা জানান, কচ্ছপিয়া ঘিলাতলী ও চিকনছড়ির দুটি বন বিট খালের ওপাড়ে অবস্থিত। সেতুর কারণে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় নিয়মিত টহলসহ স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। কচ্ছপিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোক্তার আহম্মদ জানান, বর্তমানে ওই এলাকার প্রায় দুহাজার কৃষককে উত্পাদিত কাঁচামাল বাজারে আনতে ভোগান্তি পোহাতে হচ্ছে এবং বেশি পরিবহন খরচ বহন করতে হচ্ছে। বর্ষার আগে সেতুটি সংস্কার করা না হলে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার দুর্ভোগ বাড়বে বলে মনে করেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী মঞ্জুর হাসান প্রথম আলোকে জানান, ভাঙা সেতুটি সংস্কারের জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ চেয়ে প্রকল্প অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চলতি অর্থবছরে সেতুর কাজ শুরু হবে—এমন আশা তাঁর।