মনোনয়ন নিয়ে টানাপোড়েনের মধ্যেই ফেনী সদর ও পরশুরাম উপজেলা পরিষদের নির্বাচনের জন্য আজ মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। ইতিমধ্যে বড় দুই দলের জেলা পর্যায় থেকে চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন অনেকটা চূড়ান্ত হলেও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ঠিক করা যায়নি। এ ব্যাপারে দফায় দফায় বৈঠক করেও কোনো কাজ হয়নি। আগামী ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে এ দুই উপজেলায়।
আওয়ামী লীগ: দলীয় সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগ ফেনী সদর উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে জেলা কমিটির কোষাধ্যক্ষ ফোরকান চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে খোদেজা আক্তারকে সমর্থন দিয়েছে।
পরশুরাম উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদারকে প্রার্থী করার সিদ্ধান্ত হয়েছে। তবে এ উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কারও নাম ঠিক করতে পারেনি দলটি। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান এবং সাবেক ছাত্রলীগ নেতা এম সফিকুল হোসেন ও আবদুর রসুল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা আওয়ামী লীগ নেত্রী নিলুফার করিমের নাম আলোচনায় আছে।
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার বলেন, জেলা আওয়ামী লীগ চেয়ারম্যান পদপ্রার্থী ঠিক করেছে। অন্য পদগুলোর ব্যাপারে উপজেলার নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পর্যায়ের একাধিক নেতা-কর্মী জানান, তৃণমূলের নেতা-কর্মীদের মতামত না নিয়েই জেলা নেতারা চেয়ারম্যান পদপ্রার্থীর নাম চূড়ান্ত করেছেন। ফলে এর বাইরে কেউ কেউ মনোনয়নপত্র জমা দিতে পারেন।
বিএনপি: বিএনপিতে ফেনী সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন নিয়ে সমস্যা না থাকলেও ভাইস চেয়ারম্যান পদ নিয়ে চলছে টানাপোড়েন। একই অবস্থা পরশুরাম উপজেলায়ও।
ফেনী সদর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মিজানুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জুলেখা আক্তারকে সমর্থন দিচ্ছে জেলা বিএনপি।
ভাইস চেয়ারম্যান পদে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান নির্বাচন করতে আগ্রহী। তাঁদের একজনকে মনোনীত করতে কয়েক দফা বৈঠক করেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি জেলা কমিটি।
পরশুরামে উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু তালেব এবং সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হালিম চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান। ভাইস চেয়ারম্যান পদে শফিকুর রহমান, জহিরুল ইসলাম, খালেদ একরাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাছিমা কামরুল প্রার্থী হতে আগ্রহী। জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেব বলেন, পরশুরামের প্রার্থী মনোনয়ন নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মনোনয়নপত্র জমা দেওয়ার পর নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করে একজন করে প্রার্থীকে সমর্থন দেওয়া হবে।
জামায়াতে ইসলামী: ফেনী সদর উপজেলায় চেয়ারম্যান পদে সাবেক জেলা আমির লিয়াকত আলী ভূঞা ও ভাইস চেয়ারম্যান পদে আ ন ম আবদুর রহিমকে এবং পরশুরাম উপজেলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আমির নূর মোহাম্মদকে চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এ কে এম সামছুদ্দিন বিষয়টি স্বীকার করেন। তবে এ ব্যাপারে জোটের সঙ্গেও আলোচনা করা হবে বলে তিনি জানান।
জাতীয় পার্টি: জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কে বি এম জাহাঙ্গীর আলম জানান, তাঁদের পক্ষ থেকে প্রার্থী সমর্থনের বিষয়টি কয়েক দিন পর ঠিক করা হবে।