দোরগোড়ার সজ্জা
কথায় আছে—প্রথমে দর্শনধারী, তারপরে গুণবিচারী। আর এ কথাটা ঘর সাজানোর ক্ষেত্রে বোধহয় বেশ যায়। দর্শনটা তবে শুরু হোক ঘরে ঢোকার জায়গাটা থেকেই। অর্থাৎ , ঘরে ঢোকার জায়গাটা (এনট্রান্স লবি) কেমন সাজবে। একজন অতিথি প্রবেশদ্বারের পথ মাড়িয়ে তবেই তো ঘরে পা রাখেন। ঘরের ভেতরের সৌন্দর্যের দিকে অনেকেই হয়তো নজর দেন। কিন্তু ঘরে ঢোকার আগে দাঁড়িয়ে কি কখনো ভেবেছেন, এই জায়গার দরকার আলাদা একটা সাজ? আর এই জায়গাটার সাজেই হয়তো আপনার রুচির পরিচয় পাবে বাড়িতে আসা অতিথি।ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনের স্থপতি ডিজাইনার সাইদা ফজিলাতুন-নাজ বলেন, একজন মানুষের রুচির পরিচয় মেলে তার বাড়িতে পা রেখেই। তাই ঘরে ঢোকার জায়গাটা হওয়া দরকার ছিমছাম। সর্বোপরি, যেন নান্দনিক দেখায়। ঘরে ঢোকার জায়গার সাজের ব্যাপারে কিছু পরামর্শ দিয়ে তিনি বলেন, সিঁড়ি ভেঙে ওপরে উঠেই দরকার হয় বিশ্রামের। তাই ঢোকার জায়গায় রাখতে পারেন আকারে ছোট কোনো কাঠের চেয়ার। এতে প্রয়োজন হলে বিশ্রাম নেওয়া যাবে। আবার দেখতেও ভালো লাগে। পাশেই টবে রাখতে পারেন গাছ। যান্ত্রিক জীবনে গাছ কিছুটা সময়ের জন্য হলেও প্রশান্তি দেবে আগত ব্যক্তিকে। তাই সেখানে কয়েক রকমের ফুল কিংবা পাতাবাহার-জাতীয় গাছ রাখা যায়। ঘরে ঢোকার জায়গাটা বা লবি ছোট হলে দেয়ালে বড় একটা আয়না বসিয়ে দেওয়া যায়। আয়নার কারণে ছোট জায়গাও আয়তনে বড় মনে হয়। পর্যাপ্ত আলোর জন্য নানা রকম বাতি লাগানো যেতে পারে। আয়নায় আলোর প্রতিফলন ঘটলে জায়গাটা বেশি আলোকিত মনে হবে।দেয়ালের রং অবশ্যই হবে উজ্জ্বল বর্ণের। গাঢ় কালচে রঙের চেয়ে উজ্জ্বল বর্ণের রং ব্যবহূত হলে বিদ্যুৎ চলে গেলেও জায়গাটা খুব বেশি অন্ধকার দেখায় না।দেয়ালে লাগাতে পারেন পেইন্টিং। তার ওপরে ছোট স্পটলাইট লাগানো যেতে পারে। দেয়ালে নিজের মনের মতো ডিজাইন করতে চাইলে কিছু চিকন ও ছোট কাঠের টুকরো আঠা কিংবা পেরেক দিয়ে লাগিয়ে নিলে ভালো দেখাবে।চাইলে পুরোনো জামদানি শাড়ির কিছুটা অংশ কেটে নিয়ে ফ্রেমে বাঁধাই করে দেয়ালে ঝুলিয়ে দিতে পারেন। এতে ঐতিহ্যের মেলবন্ধন এবং আধুনিকতার ছোঁয়া খুঁজে পাওয়া যাবে। আর এই নকশা দেখতে যেমন নান্দনিক লাগে, তেমনি খরচও খুব বেশি পড়ে না। ছোট তাক তৈরি করে দেয়ালে লাগিয়ে তাতে রাখা যেতে পারে শোপিস। চাইলে দরজার পাশে মাটির পটারি কিংবা মাটি দিয়ে বানানো বড় আকারের হাতি বা ঘোড়া রাখা যেতে পারে।সর্বোপরি, ঘরে ঢোকার জায়গাটা হবে পরিচ্ছন্ন ও গোছানো। আর সজ্জাটা যেমনই হোক, তা যেন পারিপার্শ্বিক অন্য সবকিছুর সঙ্গে সহজেই মানিয়ে যায়।