দোল দোল দোলনা
‘দোলনা’ শব্দটি উচ্চারণের সঙ্গে সঙ্গে অনেকেরই মনের পর্দায় ভেসে আসে মায়ের কণ্ঠে ‘দোল দোল দোলনী’ গানটির কথা কিংবা কৈশোরের সুশীতল কোনো বটবৃক্ষের শাখায় দোলনাঘরের কথা। সেই দোলনা দিয়ে সাজিয়ে তুলতে পারেন আপনার গৃহকোণও। এতে যেমন প্রকাশ পাবে শৌখিনতা, তেমনি চমৎকার কাটবে আপনার অলস দুপুরের শ্রান্ত অবসর। সারা দিনের কাজ শেষে ঘরে ফিরে বারান্দায় দোল খেতে খেতে গরম চায়ে চুমুক দিয়ে কেটে যাবে ক্লান্তি। শৌখিন দোলনাখানি দিয়ে কীভাবে সাজিয়ে তুলবেন আপনার গৃহকোণ ও এর চারপাশ, তা নিয়ে পরামর্শ দিয়েছেন রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের পরিচালক গুলশান নাসরীন চৌধুরী। বসার ঘর, শোবার ঘরের জানালার পাশ, বারান্দার এক পাশ, সবুজ উঠানে বা ছাদে চমৎকার মানিয়ে যাবে দোলনাখানি। তবে স্থানভেদে দোলনার রকমভেদটি মাথায় রাখতে পারেন। বসার ঘরের আসবাবের সঙ্গে রং মিলিয়ে দোলনা রাখতে পারেন। কাঠের আসবাবের সঙ্গে সোনালি আভা ছড়ানো কাঠের দোলনার জুড়ি নেই। রট আয়রনের আসবাবের সঙ্গে অবশ্যই একই ধরনের দোলনা নির্বাচন করুন। বসার ঘরের পর্দা ও সোফার কুশনের সঙ্গে মিলিয়ে দু-একখানি কুশনও যোগ করতে পারেন দোলনায়। দুজনের জন্য তৈরি দোলনাই বেশি ভালো লাগবে এখানে। টেলিভিশন দেখা যায় এ রকম স্থানে সঠিক চোখ দূরত্বে বসাতে পারেন দোলনা। দোল খেতে খেতে পছন্দের টিভি অনুষ্ঠান দেখতে কারও খারাপ লাগার কথা নয়। ঘরের কোণ, করিডর বা যেকোনো বাড়তি অংশকেও কাজে লাগাতে পারেন দোলনা ব্যবহারে। জায়গা অনুসারে দুজনের জন্য বড় কাঠের কিংবা একজনের ছোট ঝুলন্ত বেতের দোলনা ব্যবহার করতে পারেন। শোবার ঘরের বড় জানালার পাশে আরাম কেদারা রাখার জায়গাটি বাঁচিয়ে ঝুলিয়ে দিতে পারেন বেতের একটি দোলনা। বাচ্চাদের ঘরে দোলনা রাখার সময় অন্য দোলনার তুলনায় একটু নিচু দোলনা বেছে নিন। সেটি কৃত্রিম ফুল ও পুতুল দিয়ে সাজিয়েও দিতে পারেন। বাড়ির সামনে খোলা উঠান থাকলে সেই সবুজ উঠানে একটা বড় দোলনা ঝুলিয়ে দিতে পারেন। এ ক্ষেত্রে রট আয়রনের দোলনা নির্বাচনই বুদ্ধিমানের কাজ হবে। এ ছাড়াও স্টিলের তৈরি দোলনা ব্যবহার করতে পারেন। ছাদের ক্ষেত্রেও তা-ই। এ দুই জায়গাতেই দোলনার ওপরে ছাউনির ব্যবস্থা করতে পারেন। এতে দোল খেতে খেতে বৃষ্টি দেখতেও অসুবিধা হবে না। আবার বৃষ্টির পানির ছিটায় দোলনার তেমন কোনো ক্ষতিও হবে না। বারান্দায় ঝুলিয়ে রাখার জন্য সবচেয়ে উপযোগী হলো পাটের কিংবা বেতের দোলনা। খেয়াল রাখুন, এর বসার গদিখানি যেন আরামদায়ক হয়। কারণ, আরামের জন্যই যে এ আয়োজন।কোথায় পাবেননগরের বিভিন্ন আসবাবের দোকানগুলোতে খোঁজ করতে পারেন দোলনার। চারকোনা, গোল আকৃতির, ছোট, বড়, মাঝারি—সব ধরনের দোলনাই চোখে পড়বে আপনার। একটু সময় করে একদিন পান্থপথ মোড় থেকে একেবারে স্কয়ার হাসপাতাল পর্যন্ত একটু চক্কর মেরে আসতে পারেন। যাত্রার বনানী শোরুমেও খোঁজ করতে পারেন। এখানে বেত, কাঠ ও পাটের তৈরি দোলনা পাবেন দুই হাজার থেকে ১০ হাজার টাকায়। নগরের বাঁশ-বেতের আসবাবের দোকানগুলোতে বেতের ঝুলন দোলনা পাবেন এক হাজার ৫০০ থেকে তিন হাজার ৫০০ টাকায়। শৌখিন কারুকাজের চিকন বেতের দোলনা পাবেন ছয় হাজার থেকে ১০ হাজার টাকায়। স্টিলের তৈরি দোলনা পাবেন ১০ হাজার থেকে ২০ হাজার টাকায়। রট আয়রনের দোলনা পাবেন পাঁচ হাজার থেকে সাত হাজার টাকায়। যাঁদের বাজেট নিয়ে চিন্তা নেই, সেই শৌখিনেরা কাঠের তৈরি কারুকাজের দোলনা পাবেন এক লাখ থেকে এক লাখ ৩০ হাজারের মধ্যে। ফরমায়েশ দিয়ে মনের মতো কাঠের দোলনা বানিয়েও নিতে পারেন। শুধু কাঠের তৈরি দোলনা নয়, আপনার পছন্দমতো স্টিল, রট আয়রন কিংবা বেতের আসবাবের দোকানে ফরমায়েশ দিয়েও করিয়ে নিতে পারেন দোলনা। তবে যেটাই করুন না কেন, সব সময় খেয়াল রাখুন এটি যেন মজবুত হয় এবং সঠিকভাবে স্থাপন করা হয়। এবার দোল খেতে খেতে কাটুক আপনার অবসর।