দোলনা দুলুনি
‘খোকা ঘুমালো পাড়া জুড়ালো, বর্গি এল দেশে।’ খোকা তো ঘুমাবেই, ঘুমানোর জন্য দরকার আলাদা কোনো জায়গা। আর এ জন্য চাই সুন্দর একটা দোলনা। খোকা-খুকু সবার জন্যই রয়েছে হরেক রকমের দোলনা।একসময় দোলনা বললে কোনো একটা জায়গায় ঝুলিয়ে রাখা ছোট খাটকেই বোঝানো হতো। তবে সময়ের পরিবর্তনে দোলনার আকারের মধ্যে এসেছে বৈচিত্র্য। দোলনা পেয়েছে এক ভিন্ন রূপ। হয়তো আপনি শিশুকে নিয়ে বাড়ির বাইরে যাচ্ছেন, তখন চাইলেই এই দোলনাকে নিয়ে যেতে পারছেন কিংবা একটা ঘরে কাজ করছেন, আর অন্য ঘরে শুয়ে আছে ছোট্টমণি। চাইলে দোলনাটা অন্য ঘরে আপনার কাজের কাছাকাছি জায়গাতেও রাখতে পারবেন। ১০ মাস বয়সী ফারিহা সবে হামাগুড়ি দিতে শিখেছে। মা আয়শা আক্তার তাই কিনে ফেলেছেন একটা দোলনা। তিনি বলেন, ‘বাড়িতে আমি যখন একা থাকি, তখন রান্না করতে গেলে ফারিহার দোলনাটাকে খাবার টেবিলের কাছে নিয়ে আসি। আবার বিকেলে যখন হাঁটতে ছাদে যাই, তখনো দোলনাটা ছাদে নিয়ে যাই। দোলনার পরিসরটা বড় হওয়ার কারণে ফারিহা এটার মধ্যেই খেলা করে। আবার চারদিকে রেলিং থাকায় পড়ে যাওয়ার ভয়ও থাকে না।’ কোনো কোনো দোলনায় আবার মশারি টানানোর ব্যবস্থাও থাকে। ফলে শিশু ঘুমিয়ে গেলে মাকে মশার কামড়ের চিন্তায় থাকতে হয় না। ঢাকার গুলশান ২ নম্বরে অবস্থিত লে পিটিট ডে-কেয়ারের স্বত্বাধিকারী আমিনা ইয়াসমিন বলেন, ‘আমরা এখানে ছয় মাস থেকে ছয় বছরের বাচ্চা রাখি। তাই ছোট বাচ্চাদের কথা বিবেচনা করে বিভিন্ন আকারের দোলনা রাখি। আবার এমন দোলনাও রাখি, যেগুলো অনায়াসে বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়।’বাজার ঘুরে দেখা গেছে, ছয় মাস থেকে দেড় বছর বয়সের শিশুদের জন্য বিভিন্ন আকার আর নকশার দোলনা পাওয়া যাচ্ছে। ঢাকার গুলশান ১ নম্বরে শিশুপণ্যের দোকান বেবি লনের স্বত্বাধিকারী ইফতেখার হোসেন বলেন, ‘ছোট্ট শিশুর আরামের কথা ভেবে আমরা পাতলা ফোমযুক্ত দোলনা রাখি। তবে কেউ চাইলে দোলনায় আলাদা করে ফোম বা ছোট তোশকও ব্যবহার করে থাকে।’বাজারে প্লাস্টিক, প্লাস্টিক উড, বেত, বাঁশ, কাঠ, পাট ইত্যাদি নানা উপকরণে তৈরি দোলনা রয়েছে। কোনো দোলনায় আবার স্ট্যান্ডও রয়েছে। ফলে স্ট্যান্ডের ওপর দাঁড় করিয়ে রাখা যায় এ দোলনা। আবার প্রয়োজন হলে খুলেও রাখা যায়।হ্যাপি বেবি, চিংচিং, ফানফুল ইত্যাদি বিদেশি প্রতিষ্ঠানের তৈরি দোলনাও পাবেন। এগুলোর দাম একটু বেশি। আকারভেদে এ দোলনাগুলোর দাম পড়বে তিন হাজার থেকে ১২ হাজার টাকা। দেশি প্রতিষ্ঠান কিংবা দেশি পণ্যের তৈরি দোলনার দাম পড়বে তুলনামূলক কম। পাটের দোলনা ৪০০ থেকে ৮০০ টাকা, বেতের দোলনা ৮০০ থেকে তিন হাজার ২০০ টাকা, কাঠের তৈরি দোলনা কিনতে খরচ পড়বে ১২ হাজার টাকা। তবে বানিয়ে নিলে খরচ কিছুটা কম পড়বে। কালো রট আয়রনের দোলনা বানাতে খরচ পড়বে আট হাজার টাকা, সাদা রঙের স্টিলের পাইপের দোলনা বানাতে খরচ পড়বে ১০ হাজার টাকা। পান্থপথের দোকানগুলো থেকে পছন্দমতো দোলনা বানিয়ে নেওয়া যাবে।ঢাকার নিউমার্কেট, পান্থপথ ও গুলশান ১ নম্বরের ডিসিসি মার্কেট, বনানী ১১ নম্বর রোডের মাদার কেয়ার ও চিলড্রেন অ্যান্ড মমে পাবেন এসব দোলনা।