>আমাদের আশপাশে অনেকেই আছে, যারা ধর্ষণের ঘটনায় ধর্ষিতাকেই দায়ী করে। এভাবে যদি সব ক্ষেত্রেই একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপানো হতো আর সেটা পরিণত হতো দেশের সিরিয়াস সংবাদে, তাহলে কেমন হতো? ভেবেছেন সোহাইল রহমান, এঁকেছেন নাইমুর রহমান

তিনটি আমের বিরুদ্ধে কারবাইড সেবনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকায় তিনটি হিমসাগর আমের বিরুদ্ধে ক্ষতিকর রাসায়নিক কারবাইড সেবনের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে রমনা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলাও করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনটি আমই পলাতক আছে বলে জানিয়েছে পুলিশ। এ সম্পর্কে জানতে চাওয়া হলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেন, ‘এ ধরনের আম আমাদের দেশ ও জাতির জন্য হুমকিস্বরূপ। এদের দেখাদেখি আমসমাজের অন্যরাও কারবাইড নেওয়ার ব্যাপারে উৎসাহী হচ্ছে। খুব দ্রুতই এদের খুঁজে বের করে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে।’
আম তিনটি সম্পর্কে সুশীল সমাজের একজন প্রতিনিধি আক্ষেপ করে বলেন, ‘কম বয়সে পেকে যাওয়ার ফল খুব একটা ভালো হয় না। এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে পরবর্তী সময়ে অন্য আমেরা কারবাইড নেওয়ার আগে হাজার বার চিন্তা করে।’
ট্রাফিক আইন অমান্য করায় গাড়ি গ্রেপ্তার
ভ্রাম্যমাণ প্রতিনিধি
গতকাল রোববার ঢাকার বাংলামোটরে সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে ছোটার অপরাধে একটি সাদা টয়োটা করোলা গাড়িকে গ্রেপ্তার করেছে ট্রাফিক পুলিশ। এ সময় ভ্রাম্যমাণ আদালত গাড়িটিকে এক মাসের বিনা শ্রম কারাদণ্ড ও ৮০০ টাকা জরিমানা অনাদায়ে ১০ লিটার পেট্রল জরিমানা করেন। এ সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক গাড়ির ড্রাইভার হাশেম উল্লাহ বলেন, ‘কতিপয় বখাটে গাড়ির সঙ্গে মেলামেশার কারণে আজ ওর এই নৈতিক অবক্ষয়।’ তবে গাড়িটির মালিক বিশিষ্ট শিল্পপতি রমিজ উদ্দিন টয়োটার পক্ষেই কথা বলেন। তিনি বলেন, ‘ওর বয়স কম, ইঞ্জিন গরম। এই বয়সে এক-আধটু সিগন্যাল সবাই ভাঙে। বয়সকালে আমার ব্যক্তিগত মার্সিডিজ বেঞ্জ এ রকম কত সিগন্যাল অমান্য করেছে, তার হিসাব নেই। এসব ধরলে চলে না।’

সিসি ক্যামেরার দায়িত্বে অবহেলা
বিশেষ প্রতিনিধি
গত শুক্রবারের সিলেটে ব্যাংক ডাকাতির ঘটনার তদন্তে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ডাকাতি চলাকালীন ব্যাংকের একমাত্র সিসি ক্যামেরাটি ছিল নিষ্ক্রিয় অবস্থায়। এ কারণে দায়িত্বে অবহেলার অভিযোগে সিসি ক্যামেরাটিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির এক কর্মকর্তা। এ ছাড়া ডাকাতদলের সঙ্গে সিসি ক্যামেরার গোপন যোগসাজশ আছে বলেও সন্দেহ করছেন তাঁরা। বিষয়টি খতিয়ে দেখার জন্য তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এ বিষয়ে সিসি ক্যামেরা অপারেটরের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এ ধরনের ফাঁকিবাজ ক্যামেরার জন্যই বারবার অপরাধীরা পার পেয়ে যায়।’ প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য ক্যামেরাটিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করারও দাবি জানান তিনি।

খুনের দায়ে পিস্তলের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিনিধি
অবশেষে দীর্ঘ দেড় বছর পর ঘোষণা করা হলো মিরপুরে চাঞ্চল্যকর ব্যবসায়ী হত্যা মামলার রায়। আদালত এই মামলার প্রধান আসামি থার্টি টু ক্যালিবারের কালো পিস্তলকে মৃত্যুদণ্ড এবং তাকে সহযোগিতার অভিযোগে সাইলেন্সারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এই রায়ে স্বস্তি ফিরে এসেছে জনমানুষের মধ্যে। মিরপুরের এক বাসিন্দা এই প্রতিবেদককে জানান, ‘খুনি পিস্তলের মৃত্যুদণ্ডের রায়ে আমরা অত্যন্ত আনন্দিত। এখন যত দ্রুত সম্ভব এই রায় কার্যকর করতে হবে।’ তবে ‘জাতীয় বন্দুক সমিতি’ এই রায়কে প্রহসনের রায় আখ্যা দিয়ে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘট চলাকালীন সব আগ্নেয়াস্ত্র নিষ্ক্রিয় অবস্থায় থাকবে বলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।