দোহাজারী ভূমি কার্যালয়ের জীর্ণদশা, নথিপত্র নষ্ট হওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশ উপজেলার দোহাজারী ভূমি কার্যালয় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দরজা-জানালা ভেঙে গেছে। ছাদের পলেস্তারা খসে প্রায় সময় কর্মকর্তা-কর্মচারীর মাথায় পড়ে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ও নথিপত্র নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কর্মকর্ত-কর্মচারীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৫৬ সালে দোহাজারী ভূমি কার্যালয় ভবন নির্মাণ করা হয়। এ কার্যালয়ের মাধ্যমে দোহাজারী, হাশিমপুর ও ধোপাছড়ি ইউনিয়ন থেকে প্রতিবছর ভূমিকর বাবদ আট-নয় লাখ টাকা রাজস্ব আদায় হয়ে থাকে।

সরেজমিনে দেখা যায়, ৫৭ বছরের পুরোনো ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ছাদের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে লোহা বেরিয়ে পড়েছে। কার্যালয়ে নথিপত্র রাখার মতো উপযুক্ত কোনো আসবাব নেই। দরজা-জানালা ভাঙা। যে কেউ ইচ্ছে করলে সহজেই নথি চুরি, নষ্ট কিংবা নাশকতামূলক কাজ করতে পারে। দোহাজারী উপসহকারী ভূমি কমিশনার মোহাম্মদ জহির জানান, নির্মাণের পর থেকে এ কার্যালয়ের কোনো সংস্কার না করায় এটির এমন জীর্ণদশা হয়েছে। বিকল্প না থাকায় বাধ্য হয়ে তাঁরা এখানে দায়িত্ব পালন করছেন।

ভূমি কার্যালয়ে জমির নথি দেখতে আসা এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী ও বদিউর রহমান জানান, এ কার্যালয়ে ঢুকতেই ভয় লাগে—কখন যেন মাথার ওপর ছাদের পলেস্তারার টুকরা ভেঙে পড়ে।

দোহাজারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুলাহ আল নোমান প্রথম আলোকে জানান, সংশ্লিষ্ট বিভাগের অনেক কর্মকর্তা বিভিন্ন সময় ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থা দেখে সংস্কারের আশ্বাস দিয়ে গেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কর্মকর্তা-কর্মচারী ও নথিপত্রের নিরাপত্তার স্বার্থে নতুন ভবন তৈরি করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

যোগাযোগ করা হলে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ইশরাত রেজা মুঠোফোনে বলেন, ‘সম্প্রতি আমি দোহাজারী ভূমি কার্যালয় পরির্দশনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলেছি, উপজেলা প্রকৌশলীর মাধ্যমে প্রাক্কলন তৈরি করে পাঠাতে। প্রাক্কলন পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’