দোহাজারী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পাচ্ছেন না রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক, সেবিকা, ফার্মাসিস্ট ও কার্যসহকারীসহ প্রয়োজনীয় লোকবল, রোগীর গাড়ি (অ্যাম্বুলেন্স) ও চিকিৎসা-সরঞ্জামের অভাবে চন্দনাইশের দোহাজারী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এ ছাড়া কেন্দ্রের সামনের দিকে দেখতে কিছুটা ভালো লাগলেও উত্তর-পূর্ব দিকে ময়লা-আবর্জনায় ভরপুর হয়ে আছে। এতে পরিবেশ দূষিত হচ্ছে। চিকিৎসক ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩১ শয্যার এ স্বাস্থ্যকেন্দ্রে ছয়জন চিকিৎসকের মধ্যে বর্তমানে কর্মরত আছেন পাঁচজন। গাইনি চিকিৎসক মাতৃকালীন ছুটিতে থাকায় একজন ইউনিয়ন সহকারীকে অস্থায়ী ভিত্তিতে এনে কোনো রকমে কাজ চালানো হচ্ছে। এ ছাড়া, সাতজন জেষ্ঠ্য সেবিকার (নার্স) মধ্যে চারজন এবং পাঁচজন সহকারী সেবিকার সব পদই শূন্য। দীর্ঘদিন ধরে নেই প্রধান সহকারী, কার্যালয় সহকারী ও ফার্মাসিস্ট। পরীক্ষাগারে (ল্যাব) দুজন সহকারীর মধ্যে একজন এবং দুইজন ঝাড়ুদারের মধ্যে আছেন একজন। এভাবে লোকবলের অভাবে দূর থেকে আসা রোগীরা যথাসময়ে উপযুক্ত চিকিৎসাসেবা পাচ্ছেন না। চিকিৎসকেরা জানান, ঈদের কয়েকদিন আগে-পরে অল্প কদিন ছাড়া হাসপাতালে দিনে তিন শতাধিক রোগী আসেন। এর মধ্যে ১০০ জনের মতোই শিশু। অধিকাংশ সময় ৩১ শয্যার অতিরিক্ত রোগী ভর্তি থাকেন। এত রোগীর উপযুক্ত চিকিৎসা দিতে হলে গাইনিসহ অন্তত আরও তিন-চারজন চিকিৎসক নিয়োগ দেওয়া দরকার বলে মন্তব্য করেন চিকিৎসক মামুনুর রশিদ। হাসপাতালে সম্প্রতি কথা হয় সাতবাড়িয়া থেকে চিকিৎসা নিতে আসা মোহাম্মদ মোরশেদ (৩৫) ও মর্জিনা বেগমের (৩২) সঙ্গে। তাঁরা জানান, চিকিৎসক ও সেবিকা না থাকায় চিকিৎসাসেবা পেতে তাঁদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অল্প সময়ে বেশি রোগী দেখতে গিয়ে চিকিৎসকেরা রোগীদের কথা মনোযোগ দিয়ে শোনেন না। এদিকে, হাসপাতালে প্রায় আট বছর ধরে রোগীর গাড়ি নেই। ফলে মুমূর্ষু রোগীদের জরুরি চিকিৎসার জন্য যথাসময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো যায় না। অবস্থাপন্ন লোকজন মাইক্রোবাস ভাড়া করে নিলেও গরিব রোগীদের এ ক্ষেত্রে ভোগান্তির শিকার হতে হয়। হাসপাতালে দন্ত বিভাগ রয়েছে অথচ দাঁতের চিকিৎসা-সরঞ্জাম নেই। ফলে গরিব রোগীরা অতিরিক্ত ফি দিয়ে প্রাইভেট চিকিৎসকের কাছে যেতে বাধ্য হচ্ছেন। আবাসিক চিকিৎসক হারুন অর রশিদ লোকবল, রোগীর গাড়ি ও চিকিৎসা-সরঞ্জামের অভাবের কথা স্বীকার করেন। তবে তিনি বলেন, ‘রোগীদের উপযুক্ত চিকিৎসাসেবা দিতে কর্মরত চিকিৎসকেরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন।’