দোহাজারীতে যানজট বিড়ম্বনায় যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলা অংশের বিভিন্ন স্থানে যানজট অসহনীয় হয়ে উঠেছে। যানজটে আটকা পড়ে পর্যটকসহ দূরপাল্লার হাজারও যাত্রী বিড়ম্বনার শিকার হচ্ছেন। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে হতাশ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। 
এলাকার লোকজন জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রতিদিন কয়েক হাজার যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। চন্দনাইশ উপজেলার দোহাজারী, রৌশনহাট ও বাগিচাহাট বাণিজ্যিক এলাকা ও বিভিন্ন অভ্যন্তরীণ সড়কের সংযোগস্থল হওয়ায় এসব স্থানে যাত্রী ওঠানামা বেশি হয়। সড়কের ওপর গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানো-নামানো এবং সড়কের দুই পাশে সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো ও রিকশা দাঁড় করিয়ে রাখার কারণে এ অবস্থার সৃষ্টি হচ্ছে।
লোহাগাড়া উপজেলার ব্যবসায়ী শাহ আলম বলেন, ‘নিত্যদিনের যানজটের কারণে চট্টগ্রাম শহরে যাতায়াতে আমাদের অনেক মূল্যবান সময় নষ্ট হয়। এতে ক্ষতি হয় ব্যবসায়ীর। কিন্তু প্রতিকারের কোনো উদ্যোগ নেই।’
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মচারী সাতকানিয়ার বাসিন্দা আবু ছৈয়দ বলেন, ‘আমি প্রতিদিন অফিসে যাওয়ার সময় দোহাজারী ও বাগিছাহাট এলাকায় যানজটে আটকা পড়ি। ফলে প্রায় সময় অফিসে পৌঁছাতে দেরি হয়। অকারণ দাঁড়িয়ে থাকা গাড়িগুলো সরানোর জন্য পুলিশ লাঠি নিয়ে হুমকি-ধমকি দিলেও তাতে কাজ হয় না।’
দোহাজারীর ব্যবসায়ী আকতার হোসেন ও মোহাম্মদ পারভেজ জানান, বাসস্টেশন এলাকার সড়কের পূর্ব পাশে হকারেরা দোকান বসানোর কারণে পথচারী চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ ছাড়া, সাতবাড়িয়া, বৈলতলী, হাছনদণ্ডি, খাগরিয়া, চাগাচর, মরফলাসহ উপজেলার বিভিন্ন অভ্যন্তরীণ সড়কে চলাচলকারী অটোরিকশা ও টেম্পো দোহাজারী সদরের সড়কের দুই পাশের হাজারী শপিং সেন্টার ও হাজারী টাওয়ার এলাকায় দাঁড়িয়ে থাকে। এতেও যান চলাচল বাধাগ্রস্ত হয়।
এ বিষয়ে সাতবাড়িয়া অটোরিকশা সার্ভিসের লাইনম্যান বাবু খান বলেন, ‘অটোরিকশা সড়কের পাশে রাখার কারণে নয়, অন্যান্য অটোরিকশা, টেম্পো ও ভটভটি সড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানো-নামানোর কারণেই যানজটের সৃষ্টি হয়।’
আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা বলেন, ‘যানজট নিরসনের জন্য বিভিন্ন সময়ে আমরা প্রশাসনের সঙ্গে উদ্যোগ নিয়েছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এ ব্যাপারে প্রশাসন নতুন করে উদ্যোগ নিলে আমরা যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত আছি।’
দোহাজারী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুন্নবী সরকার জানান, সড়ক সরু হওয়ায় এবং বাসযাত্রী ওঠানো-নামানোর নির্দিষ্ট স্থান না থাকা যানজটের অন্যতম কারণ। দোহাজারী বাজার এলাকার সড়ক চওড়া করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।