দোহাজারীর যানজটে অতিষ্ঠ যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দোহাজারী হাশিমপুর বাগিচাহাট এলাকায় প্রতিদিনের যানজটের কারণে তিন জেলার দূরত্ব যেন দিন দিন বেড়েই চলেছে। এ নিয়ে লাখ লাখ যাত্রীর দুর্ভোগের অন্ত নেই। অসহ্য যানজটের কারণে পর্যটকসহ যাত্রীদের মূল্যবান সময় নষ্ট হয়।দোহাজারীতে একে তো সড়কের পরিসর কম, তার ওপর সড়কের দুপাশে অটোরিকশা (সিএনজি) ও টেম্পো দাঁড়িয়ে থাকে। এ ছাড়া চট্টগ্রাম-আমিরাবাদগামী স্থানীয় (লোকাল) যাত্রীবাহী বাস রাস্তায় দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করে ও যাত্রীদের দাঁড়িয়ে রাখার কারণে যানজট লেগে যায়। দোহাজারী মহাসড়ক থানার পুুলিশ দাঁড়িয়ে থাকা গাড়ির পেছনে লাঠি দিয়ে পেটাতে থাকেন। গাড়িচালকেরা এতে অভ্যস্ত হয়ে গেছেন। তাঁরা তারপরও দাঁড়িয়ে থাকেন। এ নিয়ে অনেক চালককেই ট্রাফিক পুলিশকে গালমন্দ করতে দেখা যায়। হাসিমপুর-বাগিচাহাট সড়কের বেহাল অবস্থাও যানজটের অন্যতম কারণ। এ সড়কে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। যানবাহনগুলো স্বাভাবিক গতি নিয়ে এখানে চলাচল করতে পারে না। দোহাজারীর স্থানীয় ব্যবসায়ী মো. আবছার ও বাহাদুর মিয়া জানান, বাসস্টেশন এলাকার সড়কের পূর্ব পাশে গড়ে উঠেছে হকারদের দোকান। ফলে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ছাড়া রিকশা, অটোরিকশা (সিএনজি), বাসে যাত্রী ওঠানামা করতে গিয়ে প্রতিনিয়ত যানজট হচ্ছে। এতে তাঁদের ব্যবসা-বাণিজ্যেরও ক্ষতি হচ্ছে বলে জানান। সাতবাড়ীয়াগামী অটোরিকশা (সিএনজি) সার্ভিসের লাইনম্যান বাবু খান জানান, অটোরিকশার কারণে যাতে সড়কে যানজট না হয় সেভাবে গাড়ি রাস্তার পাশে রাখা হয়। এ সড়ক দিয়ে অন্যান্য সিএনজি ট্যাক্সি এসে যাত্রী ওঠানামা করার কারণে যানজটের সৃষ্টি হয়। চট্টগ্রাম কক্সবাজার আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি আক্ষেপ করে বলেন, ‘দোহাজারী বাস স্টেশন ত্রিমুখী অর্থাৎ রেল স্টেশন সড়ক দিয়েও যানবাহন চলাচল করে থাকে। যানজট নিরসনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের আমলে বহুবার আমরা প্রশাসনের সঙ্গে চেষ্টা চালিয়েছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। মাইক্রোবাস, অটোরিকশা, ভটভটি, রিকশা রাস্তার দুপাশ দখল করে রাখায় যানজটের কারণে বাস নির্দিষ্ট স্থানে গিয়ে যাত্রী ওঠানামা করতে পারে না।’ যানজটের কারণে বাস ও যাত্রীর মূল্যবান সময় অপচয় হচ্ছে—এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাসের শ্রমিকেরা কোনো অন্যায় করলে প্রশাসন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না।’ দোহাজারী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন ভূঁইয়া মুঠোফোনে বলেন, সরু রাস্তা এবং বাসযাত্রী ওঠানামার নির্দিষ্ট কোনো পার্কিংয়ের জায়গা না থাকায় যানজট লেগে আছে। দোহাজারী বাজার এলাকার সড়কটি প্রশস্ত করা প্রয়োজন বলে তিনি জানান।