দৌড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৌড়
দৌড়

দুনিয়ার সবচেয়ে জোরে দৌড়ানো লোকটার নাম যেন কী? কালো, চিকনামতো। থানডার, শক এ রকম কী যেন একটা নাম। ও হ্যাঁ, বোল্ট। উসাইন বোল্ট। এত আয়োজন করে এই নামটা মনে করার কারণ হলো, এই মাত্র দুই মিনিট আগে আশরাফ সাহেবের ঘটানো কাণ্ডটা। তাঁর মতো একজন প্রায় বৃদ্ধ ব্যক্তি যদি কারওয়ান বাজারের মতো জায়গায়, রাস্তার প্রায় মাঝখান দিয়ে যাওয়া বাসে তীব্র বেগে দৌড়ে এসে ঝুলে পড়েন, তবে তা নিয়ে বাসভর্তি লোকের হাজারটা কথা শোনানোই স্বাভাবিক। কী মিয়া, কমনসেন্স নাই, কিছু হইলে তো এখন পাবলিক গাড়ি ভাঙতে নামত, চাচা, এই বয়সে এত রিস্ক নিলেন? চাচা, যাবেন কোন পর্যন্ত? আরেকটু হইলেই তো বিশ্ব রেকর্ড হইত। এই দৌড় আর হাজার কথার ধাক্কায় নিজের মেজাজ আর ব্লাডপ্রেশারকে ঊর্ধ্বগামী হতে বাধা দেওয়ার জন্য মনে মনে উসাইন বোল্টের নামটা স্মরণ করছিলেন। এক কেজি শসা ও আধা কেজি কাঁচা মরিচের ব্যাগটা নিয়ে বাসের একটা সিট আঁকড়ে ধরে হাঁপাচ্ছিলেন আশরাফ সাহেব। সেই চারটা বাজে অফিস থেকে বের হয়েছেন, এখন বাজে পাঁচটা ৪০। এই ঝুঁকিটুকু না নিলে ইফতারের আগে বাসায় পৌঁছার কোনো আশাই আর ছিল না। তাঁর মতো আধবুড়ো, ছোকরা, পুরুষ, নারী রাস্তার দুই পাশে ভিড় করে আছে। আর মিনিটে মিনিটে সে ভিড় বেড়েই চলছে। এর মধ্যে যারা পারছে ঠেলেঠুলে, ঝুলে পরে আজকের মতো পার পাচ্ছে। তাঁর তো আর সেই বয়স নেই যে দশজনকে ঠেলে উঠে পড়বেন। তাই ধৈর্যের বাঁধ ভেঙে এই ঝুঁকিটা নিয়েই ফেললেন। লোকগুলোর কথায় এখন আর মেজাজ ঠিক রাখতে পারছেন না। ‘আরে বাবা, আমার কী মনে রং লাগছে যে মাঝ রাস্তায় দৌড় দিব! সাড়ে তিনটায় অফিস ছুটি। বের হতে লাগল আরও ২০ কি ৩০ মিনিট। আসলে মাইনুল সাহেবের জন্য অপেক্ষা করেই দেরিটা হলো।’ দরকারটা অবশ্য তাঁর নিজেরই ছিল। তা মাইনুল সাহেব তাঁর লোকজন বিদায় করে, ফ্রি হয়ে তবেই না ওনার কথা শুনবেন। রমজান মাস, এখন তো আর ক্যানটিনে বসে চা খেতে খেতে আলাপ সারা যায় না। তাই অফিসের পরই জরুরি কথাগুলো বলতে হয়। মানুষের দরকারে তাঁর কাজ করে দিয়ে, বা কাজের আশ্বাস দিয়ে যদি কারও উপকার করা যায় সেটা কি ভালো না? আর তাতে খুশি হয়ে কেউ যদি কিছু দেয়, তাতে মাইনুল সাহেবের না করার কী আছে। আশরাফ সাহেব অত কিছু বোঝেন না। যে কাজটা করার জন্য অফিস আমাকে বেতন দিচ্ছে, তাতে আবার অন্যের উপকার-অপকারের কী আছে? তবে উপকার তাঁর যথেষ্টই করেন মাইনুল সাহেব। এই যেমন আজ লোক বিদায়ের পর আবার দাঁড়িয়ে তাঁর কথা শুনলেন। শুনে পকেট থেকে বের করে দিলেন আধময়লা অথচ শক্তিমান দুটো ৫০০ টাকার নোট। ভাগ্যিস, এই উপকারের জন্য কিছু দিতে হয় না। শুধু সময়মতো বা দু-এক দিন আগে-পরে টাকাটা ফেরত দিলেই হয়। টাকাটা দিতে দিতেই মাইনুল সাহেব বলছিলেন, ‘ঠিকই আছে আশরাফ ভাই, বেতনের এই কয়টা টাকায় কী হয়! আমার মেয়েটাকে নিয়ে কালকে মার্কেটে গেলাম, বলে নতুন কি-না-কি সানি লিওন জামা আসছে, ওইটা কিনবে। জামাতো ভালোই, কিন্তু দামটা আমার বোনাসের অর্ধেক। হা হা হা।’ আশরাফ সাহেব বোঝেন, আবার বোঝেন না। শুধু বোঝেন বেতনের টাকা বাড়িভাড়া, বিল, ছেলেমেয়ের পড়ার খরচ আর রোজার বাজার করতেই শেষ। বোনাসের টাকা দিয়ে ছেলেমেয়ে দুটোকে যা হোক এক রকম জামা-জুতা কিনে দিয়েছেন। বউ বলল কিছু লাগবে না। তাঁরও গত বছরের পাঞ্জাবিটা দিয়েই চলত, কিন্তু একটা লুঙ্গি না কিনলেই আর চলছিল না। বাড়িতে প্রায় অচল বাবা-মায়ের জন্য কিছু পাঠাতে হয়েছে। এখনো ঈদের খাওয়া খরচ বাকি। সেটা না হয় আগামী মাসের বেতন, যেটা অগ্রিম পাওয়া যাবে, তা দিয়ে হলো। কিন্তু ঈদের আগ পর্যন্ত চলবেন কী করে। তাই তো অফিস শেষে মাইনুল সাহেবের জন্য অপেক্ষা। মাইনুল সাহেব প্রায়ই বলেন, ‘বুঝলেন ভাই, এই সংসারের পেছনে ছুটেই পুরুষ মানুষের লাইফটা নষ্ট হয়।’ আশরাফ সাহেব ওসব বোঝেন না। তিনি শুধু বোঝেন ইফতারের আগে এই এক কেজি শসা আর আধা কেজি কাঁচা মরিচ নিয়ে ঘরে পৌঁছাতে হলে তাকে উসাইন বোল্টের মতোই ছুটতে হবে।

পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা।