দৌলতের সাফল্য অনুকরণ করছেন কৃষকেরা
শিক্ষিত যুবক মুজিবুদ্দৌলত (৩৭) কয়েক বছর বেকার ছিলেন। বেকারত্ব ঘোচাতে নানান প্রচেষ্টা চালিয়েছেন। তাতে সফলতা-ব্যর্থতা হিসাব মেলাতে কেটে গেছে কয়েকটি বছর। একপর্যায়ে তাঁর কৃষিকাজের প্রতি আগ্রহ বাড়ে। নেমে পড়লেন আলু ও কচুচাষে। বর্ষা ও শুষ্ক মৌসুমে দৌলত পেয়েছেন সাফল্য। তিনি চকরিয়ার খুটাখালী ইউনিয়নের দক্ষিণপাড়ার মাস্টার ফোরকান আহমদের ছেলে। তিন বছর আগের কথা। কোথায় কী চাষ করা যায়, তা নিয়ে চিন্তায় মশগুল ছিলেন দৌলত। একদিন পূর্বদিকে পাহাড়ে ঘুরতে যান তিনি। সেখানে চোখে পড়ে পাহাড়ের ঢালে সমতল ভূমি। ‘মনে হলো এ ভূমি খুবই উর্বর। তাই ওই পরিত্যক্ত ভূমি কাজে লাগানো যায়’— বললেন মুজিবুদ্দৌলত। প্রায় এক একর জমির আগাছা পরিষ্কার করে বর্ষায় লাগালেন কচুর চারা। প্রথমবারেই তাঁর হাতে সাফল্য ধরা দেয়। এরপর শুষ্ক মৌসুমে লাগান দেশি গোলআলু। তাতে সফলতার পরিমাণ আরও বেড়ে যায়। প্রথম বছর পাহাড়ের ঢালে তাঁকে চাষ করতে দেখে অনেকে উপহাস করেন। কিন্তু পরের বছর সাফল্য দেখে নেমে পড়লেন অনেকে। পরামর্শের জন্য যান দৌলতের কাছে। এভাবে তাঁর মতো আলু, কচু ও শিমচাষ করে সাফল্য পেয়েছেন আনোয়ার হোসেন, নাছির উদ্দিন, খলিলুর রহমান, রমজান আলী, জাকেরুল আজম, মামুনুর রশিদসহ অনেক কৃষক। তাঁরাও এখন দৌলতের মতো স্বাবলম্বী।উপজেলা সদর থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে খুটাখালী বাজার ১৮ কিলোমিটার। ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে পূর্ব দিকে ভাঙাচোরা ইট বিছানো রাস্তা গেছে কিছুদূর। এরপর এবড়োখেবড়ো কাঁচারাস্তা আর পাহাড়ি মেঠোপথ বেয়ে দৌলতের আলুক্ষেত। প্রায় এক একর আলুচাষের ফাঁকে রোপণ করেছেন শিম। এখন আলু তোলার ধুম পড়েছে। মুজিবুদ্দৌলত জানান, বর্ষায় কচুর ছড়া চাষে তাঁর খরচ পড়েছে ৭০ হাজার টাকা। বিক্রি করে পেয়েছেন এক লাখ ৬৮ হাজার টাকা। আর আলুচাষে খরচ হয়েছে ৫০ হাজার টাকা। এতে তাঁর আট টনের মতো আলু উত্পাদিত হয়েছে। বর্তমান বাজারদর অনুযায়ী এতে এক লাখ ৪৪ হাজার টাকা পাবেন তিনি। এলাকার জাকেরুল আজম ও মামুনুর রশিদ জানালেন, আলু ও কচুচাষ করে তাঁদেরও সাফল্য এসেছে। এসেছে পরিবারে সচ্ছলতা। তাদের দেখাদেখি আরও অনেকে চাষাবাদে ঝুঁকছেন। খুটাখালী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, দৌলতের সাফল্য সবখানে ছড়িয়ে পড়েছে। তাঁর চাষাবাদের পদ্ধতি সবার কাছে অনুকরণীয়। তিনি জানান, ‘আমরাও তাঁকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে সহযোগিতা দিয়ে আসছি।’