দৌড়ে এগিয়ে আমর মুসা
মিসরের স্মরণকালের প্রথম প্রকৃত অবাধ প্রেসিডেন্ট নির্বাচন সামনে। অনেকের মনেই তাই প্রশ্ন, স্বৈরশাসক হোসনি মোবারকের বিদায়ের পর কে হতে যাচ্ছেন মিসরের নতুন প্রেসিডেন্ট। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন এমনই একজন, দীর্ঘ এক দশক ধরে যিনি ছিলেন মোবারক সরকারেরই পররাষ্ট্রমন্ত্রী! তিনি আমর মুসা। দৃশ্যত, ক্ষমতার দৌড়ে যিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কূটনীতিক ও আইনজ্ঞ মোহাম্মদ এলবারাদির চেয়ে অনেক এগিয়ে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে, নির্বাচনে আমর মুসার জয়ের আশা কম। কিন্তু জনমত জরিপ এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিতর্কিত রাজনৈতিক অতীত ও সাবেক একনায়কতন্ত্রের সঙ্গে নিবিড় সংশ্লিষ্টতা সত্ত্বেও আসন্ন নির্বাচনে আমর মুসার সম্ভাবনাই বেশি। কিন্তু তাঁর জনপ্রিয়তার কারণটা কী? মিসরজুড়ে পরিবর্তনের হাওয়ার মধ্যে একজন সংস্কারকের ভূমিকা নিয়ে জনমনে বেশ আস্থা তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি। জরিপে অবশ্য দেখা গেছে, ভোটারদের একটা বড় অংশ এখনো মনস্থির করেনি কাকে ভোট দেবে। তাই হাওয়া একসময় বিপরীত দিকে বইতে শুরু করা কিংবা নির্বাচনে জোরালো প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ১৯৯১ থেকে ২০০১ পর্যন্ত মোবারক সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আমর মুসা। এ ছাড়া তিনি আরব লীগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন গত এক দশক। বিভিন্ন বিক্ষিপ্ত দল ও পক্ষের সমর্থন রয়েছে আমর মুসার পেছনে। তবে এলবারাদিও বেশ জনপ্রিয় মোবারকবিরোধীদের মধ্যে। তাহরির স্কোয়ারের আন্দোলনকারীরা চেয়েছিলেন তিন দশক ধরে মিসরে চলা দমননীতি ও অব্যবস্থাপনার বড় ধরনের পরিবর্তন। মোবারকের সহযোগী আমর মুসার মতো ব্যক্তিদের উৎখাতই ছিল সেই গণ-আন্দোলনের লক্ষ্য। তাহলে আমর মুসার আবার ক্ষমতার দৌড়ে ফিরে আসার রহস্যটা কী? অনেকে ৭৪ বছর বয়সী মুসার মর্যাদাপূর্ণ গম্ভীর আচরণ ও কণ্ঠস্বরের প্রশংসা করেন। সমর্থকেরা সবচেয়ে বেশি পছন্দ করেন ইসরায়েলের একজন কড়া সমালোচক হিসেবে তাঁর ভূমিকা। মিসরি এই নেতাকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা রয়েছে এমন একজন পশ্চিমা কূটনীতিক খোলাখুলিভাবে বলেন, ‘আমর মুসার জনপ্রিয়তার মূল উৎস হলো একজন আরব জাতীয়তাবাদী ও ইসরায়েলবিরোধী হিসেবে তাঁর ভাবমূর্তি।’ আমর মুসার রাজনৈতিক অতীত অনেকটাই অস্পষ্ট। অবশ্য তিনি জোর দিয়ে বলে থাকেন, প্রায়ই মোবারক সরকারের সমালোচনা করতেন তিনি। এ কারণে মোবারকের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হয়ে যায়। ‘আমাদের সম্পর্ক খুব উত্তপ্ত হয়ে ওঠে, এমনকি ব্যক্তিগত পর্যায়েও,’ বলেন মুসা। তবে সংস্কারের ব্যাপারে তাঁর আন্তরিক প্রচেষ্টা ছিল, এ রকম প্রমাণ খুঁজে পাওয়া কঠিন। এক বছর আগেও একটি টেলিভিশন সাক্ষাৎকারে আমর মুসা মোবারককে সমর্থন করা অব্যাহত রাখার অঙ্গীকার করেছিলেন। গত জানুয়ারিতে যখন মিসরজুড়ে সরকারবিরোধী বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে, মুসা তখন বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের দাভোসের পথে। অস্থিরতা আরও বাড়লে তিনি সম্মেলনের কর্মসূচি অসমাপ্ত রেখেই দেশে ফিরে যান। হাজার হাজার মিসরীয়কে কায়রোর তাহরির স্কয়ারে জড়ো হতে দেখে তিনি নাকি প্রেসিডেন্ট মোবারককে ফোন করেছিলেন। আমর মুসা বলেছেন, ‘আমি তাঁকে বলি, “মি. প্রেসিডেন্ট, এটা একটা বিপ্লব...রক্তপাত পরিহার করতে হলে জনগণের কথা আপনার শোনা উচিত”।’মোবারক বর্তমানে গৃহবন্দী রয়েছেন এবং সাংবাদিকদের তাঁর কাছে যাওয়ার অনুমতি নেই। তাই আমর মুসার বক্তব্যের সত্যতা যাচাই করা এখন অসম্ভব। তবু নামের জোরেই দৌড়ে অনেকটা এগিয়ে আছেন আমর মুসা। ইসলামপন্থীদের ভোট পেয়ে হয়তো তিনিই জিতবেন। কিন্তু মোবারক সরকারকে উৎখাতকারী জনগণের কী হবে? তাদের প্রত্যাশা কি পূরণ হবে আমর মুসার শাসনে? তিনি দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হলে কি থেমে যাবে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন? এ প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতেই হবে। আশিস আচার্য, সূত্র: নিউজউইক।