দ্বাদশ শ্রেণিতে ভর্তিতে অতিরিক্ত ফি আদায়
চট্টগ্রামের চন্দনাইশ বিজিসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ৯ জুন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খিন ওয়ান নু–এর কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, এর আগে ৪ জুন বর্ধিত ভর্তি ফি ও মাসিক বেতন পুনর্বিবেচনার করার দাবি জানিয়ে অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেয় তারা। এরপর ৬ জুন শিক্ষার্থীরা ক্লাসও বর্জন করে। তবে এ ব্যাপারে কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
লিখিত অভিযোগে শিক্ষার্থীরা জানায়, একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের ভর্তি ফি তিন হাজার টাকা নেওয়া হচ্ছে, যা আগের তুলনায় অনেক বেশি।
একইভাবে বর্ধিত হারে আগামী জুলাই মাস থেকে মাসিক বেতন ও পরীক্ষার ফি আদায়ের সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ভর্তির সময় নানা খাতে উন্নয়ন ফি নেওয়া হলেও শিক্ষার্থীদের অভিযোগ, তারা কোনো সুযোগ–সুবিধা পায় না কলেজ থেকে।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ জ্যোতি বিকাশ ধর বলেন, ‘কলেজ এমপিওভুক্ত নয়। ফলে সরকারিভাবে আমরা কোনো সুযোগ–সুবিধা পাই না। তাই ছয় মাস আগে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী বর্ধিত ফি নেওয়া হচ্ছে।’
এ ব্যাপারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া বলেন, অতিরিক্ত ফি নেওয়া কোনোমতেই গ্রহণযোগ্য নয়। এটা অযৌক্তিক।