দ্বিখণ্ডিত সড়ক জোড়া লাগবে কবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক বছর ধরে দ্বিখণ্ডিত টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়ক প্রথম আলো
এক বছর ধরে দ্বিখণ্ডিত টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়ক প্রথম আলো

‘গত বছরের আগস্ট মাসে বেড়িবাঁধ ভেঙে সড়কের একটি কালভার্ট ধসে পড়ে। এরপর শাহপরীর দ্বীপের সঙ্গে টেকনাফ সদরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এখনো ওই অবস্থায় আছে সড়কটি। ঝুঁকি নিয়ে নৌকা করে পার হয়ে সড়কের আরেক পাশে উঠতে হয়। অথচ এ নিয়ে কারও মাথাব্যথা নেই। যত কষ্ট আমাদের।’
ক্ষোভের সঙ্গে কথাগুলো বলেন টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ উত্তরপাড়া বাসিন্দা গৃহবধূ মমতাজ বেগম (৪০)। ১৯ আগস্ট বিকেলে কথা হয় তাঁর সঙ্গে। প্রবল বর্ষণ উপেক্ষা করে সড়কের ভাঙা অংশ পাড়ি দিতে মমতাজ তখন অপেক্ষায় ছিলেন নৌকার জন্য। সঙ্গে দুই বছরের এক ছেলে কাজল ও পাঁচ বছরের মেয়ে সখিনা। কাজল তিন দিন ধরে জ্বরে ভুগছে। টেকনাফ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে তিনি এখানে আসেন। মমতাজের মতো এই কষ্ট এখন শাহপরীর দ্বীপের প্রায় ৩০ হাজার মানুষের।
সাবরাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুর রহমান জানান, সড়ক ও জনপদ বিভাগের টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কটির প্রায় দুই কিলোমিটার অংশ এমনিতেই খানাখন্দে ভরা। তার ওপর একটা অংশ দ্বিখণ্ডিত। ফলে লোকজনকে নৌকা দিয়ে পারাপার হতে হচ্ছে। অন্যদিকে ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হচ্ছে শাহপরীর দ্বীপের হাজারো ঘরবাড়ি। অনেকে ঘরবাড়ি ছেড়ে টেকনাফ সদরে গিয়ে ভাড়া বাসায় থাকছেন। নানা চেষ্টা তদবির করেও ভাঙা বেড়িবাঁধ আর সড়ক মেরামত করা যাচ্ছে না।
সরেজমিনে দেখা গেছে, জোয়ারের পানিতে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, গোলাপাড়া, জালিয়াপাড়া, কাটাবুনিয়া, নয়াপাড়াসহ বিভিন্ন গ্রাম প্লাবিত হচ্ছে। প্রধান সড়কটিও জোয়ারের পানিতে নিমজ্জিত। স্থানীয় লোকজন নৌকা নিয়ে চলাচল করছেন। অকেজো হয়ে পড়েছে পাউবোর চারটি স্লুইসগেট।
বাজারপাড়া এলাকার বাসিন্দা কলেজছাত্র ইউনুস আজগরী বলেন, টেকনাফের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ থাকায় কয়েক শ শিক্ষার্থীর লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সাগরে উৎপাদিত মাছ ন্যায্যমূল্যে বিক্রি করতে না পেরে জেলেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, ভাঙা বেড়িবাঁধ নির্মিত না হওয়ায় টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের ভাঙা অংশ ও কালভার্ট নির্মাণ করা সম্ভব হচ্ছে না। কারণ এখন টাকা খরচ করে সড়ক নির্মাণ করলে যেকোনো সময় জোয়ারের পানিতে ভেঙে যেতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মইনুদ্দীন বলেন, শাহপরীর দ্বীপের প্রায় ৯০০ মিটার ভাঙা বেড়িবাঁধ জরুরি ভিত্তিতে তৈরির জন্য প্রায় ৮০ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। কিন্তু সাগর উত্তাল থাকায় বাঁধের নির্মাণকাজ শুরু করা যাচ্ছে না।
আগামী সেপ্টেম্বর মাসে সাগর শান্ত হলে নির্মাণকাজ শুরু হবে। তা ছাড়া শাহপরীর দ্বীপের দুই কিলোমিটার ঝুঁকিপুর্ণ বেড়িবাঁধ স্থায়ীভাবে নির্মাণের জন্য আরও ৬৫ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।