দ্বিচক্রযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভিতে বাংলা সিনেমা দেখছিলাম। নায়ক-নায়িকা দুজনকেই গলা পর্যন্ত বালুতে পুঁতে রাখা হয়েছে। ওই অবস্থায়ই তারা গাইছে ‘প্রেমের জয় হোক’ টাইপের গান। কী দৃশ্য! হঠাৎ বেজে উঠল ফোন। কার্টুনিস্ট জুনায়েদ ভাই ফোন করেছেন। নরম সুরে বললাম, ‘ভাই, কেমন আছেন?’‘ভালো। তুমি কই? বাসায়?’‘জি, ভাই’‘তোমাদের না জানিয়ে একটা কাজ করে ফেলেছি।’ শুনে চমকে উঠলাম। জুনায়েদ ভাই বিয়েটিয়ে করে ফেলেছেন নাকি? কণ্ঠ শুনে তো তা-ই মনে হচ্ছে। হায় হায়! এত সম্ভাবনাময়, প্রতিভাবান আর ভালো একটা মানুষ এভাবে শেষ হয়ে গেল? ইশ্, বড় ভালো কার্টুনিস্ট ছিল! ‘ওই মিয়া, শুনছ?’ ‘জি, আলহামদুলিল্লাহ। আর কাউকে জানিয়েছেন?’ ‘না, তোমাকেই বললাম।’ ‘বাসায় তো মনে হয় মেনে নেবে না, ঠিক না?’‘তুমি বুঝলা কেমনে? ঘটনাই তো বলি নাই।’‘বলা লাগবে না। বুঝছি, আপনি লজ্জা পাচ্ছেন। পাওয়ারই কথা। ভাবি কই?’‘ভাবি কই মানে? কী বলো এসব?’‘মানে, আপনি বিয়ে করেন নাই?’‘তোমারে আছাড় দিমু। বিয়ে করব কোন দুঃখে? তোমাকে ফোন করাই ভুল হইছে।’‘না জানিয়ে কী কাজ নাকি করেছেন?’‘বাইক কিনেছি। তা-ই বলতে চেয়েছিলাম।’ ‘অ। বাইক! আলহামদুলিল্লাহ! কত নিল?’‘১০,০০০ নিসে। টাকা যা আনছিলাম সব শেষ।’ ‘১০,০০০ টাকায় বাইক? ভাই আপনার মাথা ঠিক আছে?’‘মাউন্টেন বাইকগুলা আছে না? ওইগুলা। খুবই সুন্দর।’ কামরান আকমল যেমন ক্যাচ ধরতে পারে না, তেমনি আমিও জুনায়েদ ভাইয়ের ব্যাপারটা ধরতে পারলাম না। মাউন্টেন ডিউয়ের নাম শুনেছি। কিন্তু মাউন্টেন বাইকের নাম শুনি নাই। তবে জুনায়েদ ভাই যেহেতু কিনেছেন, অবশ্যই ভালো জিনিস। ‘প্যাডেল মারতে মারতে পা ব্যথা হয়ে গেছে। খিলগাঁও পর্যন্ত যেতে পারব কি না কে জানে।’এতক্ষণে আমি ব্যাপারটা ধরতে পারলাম। সাইকেলকে যে স্টাইলিশরা বাইক বলে, এটা আমার মাথায় আসে নাই। জুনায়েদ ভাই ব্যাপক স্টাইলিশ।‘দুইটা ডিম খেয়ে ফেলেন। এনার্জি পাবেন।’‘আচ্ছা, রাখি।’ মনটাই খারাপ হয়ে গেল। কোথায় বাইক, আর কোথায় সাইকেল! দুটোর চাকাসংখ্যাই সমান, কিন্তু কত তফাত! মোটরবাইক কিনলে কী এমন ক্ষতি হতো? আমার ধারণা, কদিন আগের শেষ হওয়া পরিবেশসংক্রান্ত কার্টুন প্রদর্শনী এ ক্ষেত্রে প্রভাব ফেলেছে। উনি নিশ্চয়ই ভেবেছেন, শুধু কার্টুন এঁকে পরিবেশের উন্নয়ন করা যাবে না। তাই প্রদর্শনী শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরিবেশবান্ধব সাইকেল কিনে ফেলেছেন। তবে জুনায়েদ ভাই পরিবেশের কথা ভাবলেও আমি নিশ্চিত ওনার বাসার সবাই তাঁকে বোকা ভাববে। যুগে যুগে এভাবেই সবাই প্রতিভাবানদের বোকা ভাবে। জুনায়েদ ভাই তাঁর সাইকেল নিয়ে বাসার গেটের সামনে আসতেই বাড়িওয়ালা বললেন, ‘সাইকেল কিনেছ? শাবাশ! কিন্তু বাবা এটা তো নিচে রাখা যাবে না। গ্যারেজে সাইকেল রাখার জায়গা নাই। চারতলায় উঠিয়ে রাখতে হবে।’ শুনে আমি বললাম, ‘সাইকেল আমার বাসায় থাক। আপনি আমার বাসা থেকে নিয়ে চালাবেন, আবার রেখে আসবেন। কোনো সমস্যা নাই। আপনার জন্য আমার বাসার দরজা ২৪ ঘণ্টা খোলা।’ জুনায়েদ ভাই রাগী কণ্ঠে বললেন, ‘প্রতিদিন খিলগাঁও থেকে মিরপুরে গিয়ে তোমার বাসা থেকে সাইকেল আনব আবার রেখে আসব? মজা লও?’ আমি মাথা নাড়লাম এবং বুঝলাম, শুধু চেহারা না, জুনায়েদ ভাইয়ের আত্মবিশ্বাসও নায়কের মতো। নায়ক যেভাবে নায়িকাকে কাঁধে নিয়ে সব বাধা অতিক্রম করে, জুনায়েদ ভাইও সাইকেল কাঁধে নিয়ে ঠিকই চারতলায় উঠে গেলেন। ঘরে ঢুকতে যাবেন, এমন সময় এলেন আন্টি, অর্থাৎ জুনায়েদ ভাইয়ের মা। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ‘একি?’ জুনায়েদ ভাই হাঁপাতে হাঁপাতে বললেন, ‘বাইক, মাউন্টেন বাইক।’ আন্টি বললেন, ‘তোর মাথার চুল বাড়ছে, আর বুদ্ধি কমছে। এ বাড়িতে হয় তুই থাকবি, না-হয় এই সাইকেল থাকবে। এই বয়সে কেউ সাইকেল কেনে?’জুনায়েদ ভাই সঙ্গে সঙ্গে নিজের ড্রয়ার থেকে এসএসসির সার্টিফিকেট বের করে নিশ্চিত হলেন যে তাঁর বয়স খুব বেশি হয়নি। আংকেল ড্রইংরুমে পত্রিকা পড়ছিলেন। তিনি ছুটে এসে একবার সাইকেলের দিকে তাকান, একবার তাকান ছেলের দিকে। তারপর বললেন, ‘কত দাম?’‘১০,০০০ টাকা।’‘কী বললে? এই টাকা দিয়ে কয় হালি ডিম কেনা যেত, তা জানো?’ ‘জি, না।’ ‘তা জানবে কেন? জীবন সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? তুমি যে ক্যারিয়ার সম্পর্কে উদাসীন, তা তোমার সাইকেল দেখলেই বোঝা যায়। তোমারও কোনো ক্যারিয়ার নাই, তোমার সাইকেলেরও কোনো ক্যারিয়ার নাই। যাও, ঘরে যাও।’ জুনায়েদ ভাই খেয়াল করলেন, আসলেই তাঁর সাইকেলের সামনে-পেছনে কোনো ক্যারিয়ার নাই। বিরাট ভুল হয়ে গেছে। অন্তত সাইকেলের ক্যারিয়ারটা থাকলে তাঁকে হয়তো এত কথা শুনতে হতো না। উনি ভেবেছিলেন, সব ঠিক হয়ে যাবে। বাড়িওয়ালাও সাইকেল রাখতে দেবেন। কিন্তু তাঁর ধারণা ভুল। বাড়িওয়ালা কোনো অনুরোধ রাখলেন না। জুনায়েদ ভাই বুঝে গেলেন, বাড়িওয়ালারা বাড়ি ভাড়া রাখেন, কিন্তু অনুরোধ রাখেন না। তিনি সাইকেল কাঁধে নিয়মিত চারতলায় ওঠানামা করতে লাগলেন।কদিন পর এক সন্ধ্যায় কারওয়ান বাজারের চায়ের দোকানে বসে চা খাচ্ছি। হঠাৎ দেখি, জুনায়েদ ভাই সাইকেল চালিয়ে আসছেন। পেছনের চাকায় পাম নেই বললেই চলে। ওনাকে বলতেই চিৎকার করে উঠলেন, ‘চাকায় পাম নাই? তাই তো বলি, চালাতে এত কষ্ট হয় কেন! আমি ভাবছিলাম, বেশি পাম দিলে চাকা ফুলে যাবে।’ বললাম, ‘চাকা কি আপনার মতো?’ উনি পাত্তা না দিয়ে বললেন, ‘অবশেষে বাড়িওয়ালা গ্যারেজে সাইকেল রাখার অনুমতি দিয়েছেন।’ ‘বাহ্! কী মহান!’ ‘কিন্তু বাসা ভাড়া দুই হাজার টাকা বাড়িয়ে দিয়েছেন।’ আমি আর কী বলব! জুনায়েদ ভাই হতাশ ভঙ্গিতে সাইকেলে উঠে বাসার দিকে রওনা দিলেন। আমি মনে মনে গাইতে লাগলাম, ‘খিলগাঁও মোড়ে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি ইইই জুনায়েদ আজীম, জুনায়েদ আজীম...’