দক্ষিণ কোরিয়া-চীন-মঙ্গোলিয়া, ফের চীন। এরপর ভিয়েতনাম থেকে লাওস, সেখান থেকে আবারও ভিয়েতনাম। এরপর একনাগাড়ে যান কম্বোডিয়া-থাইল্যান্ড-মালয়েশিয়া-ইন্দোনেশিয়া-সিঙ্গাপুর। সেখান থেকে আবার মালয়েশিয়া। হ্যাঁ, এবার একটু জিরিয়ে নেওয়া যায়। কারণ, এবার বাংলাদেশ!দক্ষিণ কোরিয়ার দুই তরুণ হোইল আন ও সাং য়ুন আন। একজন আলোকচিত্রী, আরেকজন চিত্রনির্মাতা। একজনের বয়স ২৯, আরেক জনের ৩৪। মানে বয়সের ফারাক পাঁচ বছর। কিন্তু তাতে কী আসে-যায়, দিব্যি হরিহর আত্মা তাঁরা। দুজনের চোখেই একই স্বপ্ন—দুনিয়াটা ঘুরে দেখবেন। কিন্তু সাধ আর সাধ্যের মধ্যে যে যোজন যোজন ফারাক। তাই দুজনই স্কট কোম্পানির দুটি এমটিবি সাইকেল কিনে ফেলেন। সঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্তর, আর দশ দশ কুড়ি হাজার ডলার। হোয়েলের পরিবারে আছেন মা-বাবা আর ছোট এক বোন। সাংয়ের বাবা নেই, আছেন মা আর চার বোন। ২০০৯ সালের ৮ সেপ্টেম্বর তাঁদের বিদায় বললেন দুই তরুণ সাইক্লিস্ট, দুনিয়া ঘুরে দেখবেন বলে! ৮০টি দেশ ঘোরার লক্ষ্য নিয়েছেন তাঁরা। তা হয়তো শেষ হবে ২০১৫ সালে গিয়ে। মানে ছয়-ছয়টি বছর এ দুই কোরিয়ান তরুণ দ্বিচক্রযানেই কাটিয়ে দেবেন! গত ২৩ জুলাই তাঁরা বাংলাদেশে পা রেখেছেন। এ নিয়ে তাঁদের ঘোরা হলো ১০টি দেশ।নয় দেশ পেরিয়েজীবনে প্রথমবারের মতো দেশের বাইরে পা রাখলেন হোইল। সাং অবশ্য এদিক থেকে তাঁর চেয়ে অভিজ্ঞ। হাতেগোনা কয়েকটি দেশ এরই মধ্যে ঘুরে এসেছেন তিনি। সাইকেলের প্যাডেল ঘোরাতে ঘোরাতে নিজ বাসভূম থেকে চীনে। প্রথম প্রথম তো বিশ্বাসই হতে চায় না হোইলের! এত দিন চীনের প্রাচীর শুধু ছবিতেই ছিল, এবার একদম চোখের সামনে। তবে ঝামেলাও কম হয়নি সেখানে। ৫-১০ কিলোমিটার পরপর সাইকেল বিগড়ে যায়। চাকা হয় পাংচার। ধারেকাছে কোনো ম্যাকানিক নেই। অগত্যা নিজেরাই টায়ার মেরামতের দায়িত্ব তুলে নেন কাঁধে। সেই অভিজ্ঞতা অবশ্য পরবর্তী সময়ে বেশ ভালো কাজে লেগেছিল। চীনে দিন কতক কাটিয়ে মঙ্গোলিয়া। ‘প্রথম প্রথম চীনের মতোই আবহাওয়া ছিল সেখানে, সোনালি বালুর ধু-ধু প্রান্তর। আমাদের সামনে ধুলো উড়িয়ে টগবগ করে ছুটে যায় ঘোড়ার দল। মাথার ওপর গনগনে সূর্য। কিন্তু কিছুদূর এগোতেই যেন অন্য দুনিয়ায় চলে এলাম! কোথায় সূর্য, কোথায় কী! মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠান্ডায় হাড়ে হাড়ে লেগে ঠক ঠক করে আওয়াজ ওঠার পালা! পানির ভীষণ অভাব। মুখ ধুতে গেলেই দেখি পাঁচ সেকেন্ডের মধ্যে বরফের কুচি লেগে আছে মুখে! ৪৫ দিন কাটিয়ে দিয়েছিলাম সেখানেই।’ বলছিলেন হোইল। মঙ্গোলিয়া থেকে ফের চীন। সেখানে মোটমাট কাটিয়ে দিয়েছেন ৩০ দিন। এরপর ভিয়েতনামের কথা বলেন সাং, ‘খুব সকালবেলা। এক পাশে পাহাড়, নিচে খাঁড়ি। পাহাড়ের ওপর স্থির দাঁড়িয়ে থাকে পেঁজা পেঁজা তুলো। দূরের কিচ্ছু চোখে পড়ে না। একটু রোদ উঠতেই বড় বড় রাস্তায় রোদের আঁকিবুঁকি খেলা। এই হলো আমাদের দেখা ভিয়েতনাম। বাংলাদেশের মতোই সেখানকার শহরগুলো। ওখানকার মানুষও এখানকার মতো অতিথিপরায়ণ। একটা ভোজের আয়োজন করেছিল তারা। লম্বা মতো একটা খাটো টেবিলে ব্যাপক আয়োজন। অন্য রকম অভিজ্ঞতা। এর মধ্যে চলেছে লেখালেখি, ছবি তোলার কাজ আর বিশ্রাম।’ ভিয়েতনাম থেকে লাওস। ছোট্ট দেশটিতে দিন পনেরো থেকে আবারও ভিয়েতনাম। দুই কিস্তিতে সেখানে কেটে গেছে ৪৫ দিন। এর পরের যাত্রা কম্বোডিয়া। ‘সেখানকার বিখ্যাত অ্যাংকর প্রত্নতাত্ত্বিক পার্ক তো অদ্ভুত জায়গা। সেখানকার একেকটি স্থাপনার শিল্পকলা দেখলে মাথা ঘুরে যায়। বিশাল বিশাল গাছ শেকড়বাকড় ছড়িয়ে আবার সেই স্থাপনাগুলোর ওপর মাথাচাড়া দিয়ে উঠেছে! আবহাওয়াও বেশ ফুরফুরে ছিল সেখানে।’ বলছিলেন সাং। দিন পঁচিশেক সেখানে থেকে তাঁদের দ্বিচক্রযান ছুটে চলে থাইল্যান্ডের দিকে। বাংলাদেশের মতো সেখানেও কয়েকজন অ্যাডভেঞ্চারপ্রিয় মানুষের সঙ্গে দেখা হয়েছিল তাঁদের। বলা বাহুল্য, আতিথেয়তার কমতি হয়নি। বাড়তি পাওনা ছিল সমুদ্রের বালুকাবেলায় চমৎকার কয়েকটি দিন। নারকেলের ঝিরিঝিরি পাতার আড়ালে চনমনে রোদের লুকোচুরি খেলা। সামনে সমুদ্র ও আকাশের মিলে যাওয়া নীল দিগন্ত। এ ছাড়া শহরে বিভিন্ন উৎসবেও মেতেছিলেন হোইল-সাং জুটি। ৫০টি দিন তাই হাওয়ায় উড়ে গিয়েছিল। ‘থাইল্যান্ড থেকে মালয়েশিয়ায় যাওয়ার সময় হাজ্জাই সীমান্তে ভীষণ বিপদে পড়েছিলাম! সেখানে যখন পৌঁছেছি, তখন চারপাশে ঘুটঘুটে আঁধার। কী করি, কী করি ভাবছি। হঠাৎ চোখে পড়ল দূরে অনেক আলো। ছুটে গেলাম সেখানে। উৎসব চলছিল একটা। সেখানে পরিচয় হলো কয়েকজনের সঙ্গে। ব্যস, তারপর আর কোনো চিন্তা করতে হলো না। খাবারদাবার থেকে রাত কাটানোর ব্যবস্থা—সবই হলো, সঙ্গে ফাও বিনোদন, এটা-সেটা পান!’ মালয়েশিয়ায় নয় দিন কাটিয়ে ইন্দোনেশিয়া। ‘এক স্কুলশিক্ষকের সঙ্গে পরিচয় হয়েছিল। দারুণ অ্যাডভেঞ্চারপ্রিয়।’ বলছিলেন হোইল। ‘তাঁর স্কুলের বাচ্চারাও আমাদের দারুণ খাতির করেছে। স্কুলশিক্ষকের পরিবারের সঙ্গেও ভাব হয়েছিল ভালো। চমৎকার ১৫টি দিন কেটেছিল সেখানে।’ তারপর আবারও মালয়েশিয়া। মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর। অনেক দিন প্রকৃতির কাছাকাছি থেকে শহুরে আবহাওয়ায়। তবে খুব চমৎকার জায়গা। সেখানে নয় দিন থেকে আবারও মালয়েশিয়া হয়ে বাংলাদেশ।বাংলাদেশের হূদয় হতে‘বাথরুম কোথায়? আর দাম কত?—মোটে এই দুটি শব্দই বাংলাদেশে এসে শিখেছি!’ বলতে বলতে সাংয়ের দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে হেসে দেন হোইল। ‘বাংলাদেশ সম্পর্কে তেমন কিছুই জানতাম না। এখানে এসে বুঝলাম, এ দেশের মানুষ অসাধারণ এবং খুবই অতিথিপরায়ণ। বাংলাদেশে আসার আগে বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাবের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা। বিমানবন্দরে নামার পর থেকে এই ক্লাবের সবাই আমাদের যেভাবে দেখভাল করছেন, তাতে আমরা মুগ্ধ!’ সাংয়ের মুখেও একই রকম মুগ্ধতা, ‘আমরা যে কুড়ি হাজার ডলার নিয়ে এসেছি। ঠিক করেছিলাম, তা থেকে প্রতিটি দেশে এক হাজার ডলার করে খরচ করব। কিন্তু বাংলাদেশে এসে সাকল্যে ১০ ডলারের মতো খরচ করতে দিয়েছে আমাদের বাংলাদেশি বন্ধুরা! আমাদের তো কিছুই করতে হচ্ছে না। এখানকার আবহাওয়াও চমৎকার।’ বাংলাদেশে নতুন অভিজ্ঞতা কী কী হলো? প্রশ্ন শুনেই হোইল তাঁর স্বভাবসুলভ চোখে ছোট হাসি হাসলেন, ‘জীবনে এই প্রথম হাত দিয়ে খাবার খেলাম এখানে এসে! আর এর আগে কোনো মুসলিমপ্রধান দেশে যাইনি। এদিক থেকেও নতুন অভিজ্ঞতা।’ নিজে একজন আলোকচিত্রী, তাই আলোকচিত্রীর চোখে বাংলাদেশকে কেমন দেখলেন? চশমার ওপাশে হোইলের চোখজোড়া এবার বড় বড় হয়ে ওঠে, ‘অসাধারণ! বিশেষ করে এ দেশের মানুষ, আর তাদের চোখ! অদ্ভুত! তাদের কৌতূহলী চোখ খুব ভালো লেগেছে। শুনেছি, এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখতে হলে গ্রামের দিকে যাওয়াই ভালো। আগামীকালই (সোমবার) আমরা দিনাজপুরে যাচ্ছি, সেখানে নিশ্চয়ই নতুন কিছু দেখব। তবে যতটুকু দেখেছি, তাতে এককথায় বলতে গেলে—অসাধারণ।’আবার আসিব ফিরেবিশ্বভ্রমণের তিন-চতুর্থাংশই এখনো বাকি। সে বিশাল পথ। পথে যেমন সমস্যা আছে, আছে অনেক বন্ধুও। সাং বলছিলেন, ‘আমরা অনেক ভাগ্যবান। দেশে দেশে অনেক বন্ধু পেয়েছি আমরা। যাঁদের সঙ্গে আগে কখনো দেখাই হয়নি! এই যে ভালোবাসা পাচ্ছি—এ তো পরম পাওয়া। বাংলাদেশের কথাও চিরকাল মনে রাখব। এখানকার মানুষের তুলনা হয় না। সামনে চলার জন্য এটা এক ধরনের টোটকা বলতে পারেন।’ হোইল বললেন, ‘এই যে দুনিয়া ঘোরার দারুণ অভিজ্ঞতা, এটা আমাদের জীবনের সেরা অর্জন। ভবিষ্যতের কোনো পরিকল্পনা নিয়ে এগোতে রাজি নই আমরা। তবে এটা বলতে পারি—এই অভিজ্ঞতা অনেক কাজে আসবে। আর এই ভ্রমণের আনন্দই তো সবচেয়ে বড় কথা। বাংলাদেশও যার একটি বড় অংশজুড়ে থাকবে। আবারও বাংলাদেশে আসতে চাই।’শুরুটা হয়েছিল দক্ষিণ কোরিয়া থেকে। বাংলাদেশ থেকে এরপর ভারত, সেখান থেকে নেপাল। সেখান থেকে আবারও ভারত। তারপর? পাকিস্তান-ইরান-আজারবাইজান-জর্জিয়া-তুরস্ক, এরপর একটা দাঁড়ি দেওয়া যায়। তবে সাং-হোইল জুটি সে সময়টা ইউরোপে কয়েক দিন কাজ করবেন। কিছু পয়সাকড়ি কামিয়ে ফের চেপে বসবেন দ্বিচক্রযানে। সিদ্ধান্ত নেবেন কোন পথ বেছে নেবেন—ইউরোপ নাকি আফ্রিকা!