দ্বিচারী পুরুষের মুখোশ উন্মোচন

নারীর প্রতি সহিংসতা বা ইভ টিজিংয়ের বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিয়ে নিজেই আবার মেয়েদের উত্ত্যক্ত করার সুযোগ হাতছাড়া করেন না অনেকেই। এই দ্বিচারিতার কথাই উঠে এসেছে নবীন নির্মাতা এ এম সি শাহরিয়ারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র স্ট্রং আইডিওলজিতে। ৪ মার্চ এই চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠান চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। তরুণ চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন চিটাগাং শর্টের প্রতিষ্ঠাতা ইসমাইল চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি বিশ্বজিৎ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে কাউন্সিলর জেসমিন পারভীন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কবি বিশ্বজিৎ চৌধুরী বলেন, বাংলাদেশ সত্যিই বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে যদি তরুণসমাজ তাদের অমিত সম্ভাবনা কাজে লাগাতে পারে। এভারেস্ট–জয়ী তাসফিয়ার উদাহরণ টেনে বলেন, বাংলাদেশের তরুণ-তরুণীরা এ স্বাক্ষর রেখে চলেছে। চসিক কাউন্সিলর জেসমিন পারভীন বলেন, আমরা সম্মিলিতভাবে সমাজে সংগঠিত নারীর প্রতি সহিংসতা রোধে এগিয়ে আসব। চলচ্চিত্র নির্মাতা আবদুল মজিদ চৌধুরী শাহরিয়ার ভবিষ্যতেও তাঁর সৃষ্টিশীল কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে ইসমাইল চৌধুরী সমাজের মানুষের দ্বিমুখী আচরণ পরিহারের আহ্বান জানান। জাতীয় সংগীতের মূর্ছনায় শুরু হওয়া প্রিমিয়ার শোতে প্রথমেই কলাকুশীলবদের সঙ্গে নিয়ে অতিথিরা চলচ্চিত্রটির পোস্টার অবমুক্ত করেন। বিজ্ঞপ্তি।