দ্বিজেন্দ্রলাল রায়ের স্মরণোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিজেন্দ্রলাল রায়ের সৃষ্টির মূল প্রেরণা ছিল স্বদেশ। তাঁর রচিত কবিতা, গান, নাটক ও ব্যঙ্গকৌতুক বাংলা সাহিত্যকে দিয়েছে নতুন চেহারা। দ্বিজেন্দ্রলাল রায়ের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে বোধন আবৃত্তি পরিষদ আয়োজিত স্মরণোৎসবে বক্তারা এ কথা বলেন।২৬ নভেম্বর নগরের ডিসি পাহাড়ের নজরুল স্কয়ার মঞ্চে স্মরণোৎসবের উদ্বোধন করেন, চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ। আমন্ত্রিত আলোচক ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, কবি ও সাংবাদিক আবুল মোমেন, অধ্যাপক রীতা দত্ত। সোমনাথ ঘোষ জানান, দ্বিজেন্দ্রলাল রায়ের সৃষ্টিকর্মে গভীর দার্শনিকতা ও জীবনবোধের পরিচয় পাওয়া যায়। অনুপম সেন জানান, তিনি জাতীয়তা বোধে উদ্বুদ্ধ হয়ে গদ্যনাটক লিখেছিলেন। কবি আবুল মোমেন বলেন, ‘দ্বিজেন্দ্রলালের গান এখনো আমাদের দেশপ্রেমে উজ্জীবিত করে।’আলোচনা অনুষ্ঠানের পর দলীয় সংগীত পরিবেশন করে রক্তকরবী, সংগীত ভবন ও উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের শিল্পীরা। দলীয় নৃত্য পরিবেশনায় ছিল স্কুল অব ফোক ডান্স। একক সংগীত পরিবেশন করেন শীলা মোমেন, কাবেরী সেন গুপ্তা, শ্রেয়সী রায় এবং কলকাতা থেকে আমন্ত্রিত নূপুর ছন্দা ঘোষ, সৌম্য পাল ও সুদর্শনা বসু গাঙ্গুলী।একক আবৃত্তি করেন ইন্দিরা চৌধুরী, প্রবীর পাল, প্রণব চৌধুরী ও সুমি সেনগুপ্তা। এরপর কলকাতা থেকে আমন্ত্রিত সাংস্কৃতিক সংগঠন ‘ডাইমেনশন ফোর’ গীতি আলেখ্য পরিবেশন করে। অনুষ্ঠান উপস্থাপনা করেন, জাভেদ হোসেন ও শারমিন মৃত্তিকা।