দ্বিতীয় দিনের শোক সভায়ও জনতার ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩ জন ছাত্রের স্মরণে উপজেলা প্রশাসন এবং আবুতোরাব বহুমুখী উচ্চবিদ্যালয়ের যৌথ উদ্যোগে শোকসভার আয়োজন করা হয়। সভাটি অনুষ্ঠিত হয় আবুতোরাব বহুমুখী উচ্চবিদ্যালয়ের মাঠে। গতকাল বুধবার অনুষ্ঠিত শোকসভায় কেউ কান্না ছাড়া বক্তব্য দিতে পারেননি। শোকসভায় একে একে বক্তব্য দেন আবুতোরাব উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান, সাইদুর রহমান, প্রফেসর কামাল উদ্দীন চৌধুরী কলেজের আইরিন সুলতানা ও আবুতোরাব মাদ্রাসার শিক্ষার্থী মো. মুসলিম উদ্দীন। শিক্ষার্থীরা বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে যায়। তারা কান্নার জন্য কথা বলতে পারছিল না। তাদের কান্না দেখে সভায় উপস্থিত অনেককেই চোখ মুছতে দেখা গেছে। আরও বক্তব্য দেন খইয়াছড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী, মিরসরাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শরীফ, নিজামপুর কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র বণিক, জিতেন্দ্র প্রসাদ নাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন ও রেহানা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদ কুতুব, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব আবদুল মতিনসহ বিভিন্ন বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার বাসিন্দারা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন। সভা পরিচালনা করেন মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান মো. কবির নিজামী।এর আগে শোকসভায় অংশ নিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী, সাধারণ মানুষ, রাজনৈতিক নেতা-কর্মী আবুতোরাব বিদ্যালয়ের মাঠে উপস্থিত হতে থাকেন। মাঠে তিল ধারনের জায়গা ছিল না। এ সময় সন্তানহারা অভিভাবকও উপস্থিত ছিলেন। তাঁদের কান্নায় শোকসভার পরিবেশ আরও ভারী হয়ে ওঠে।সভায় বক্তারা বলেন, এই শোক সইবার শক্তি সন্তানহারাদের দিতে হবে। তাঁরা সৃষ্টিকর্তার কাছে এর জন্য প্রার্থনা করেন। বক্তারা গাড়ি চালানোর সময় মুঠোফোনের অপ্রয়োজনীয় ব্যবহার নিষিদ্ধ করার দাবি জানিয়ে বলেন, এ জন্য যে আইনটি বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় চালু হয়েছিল, সেটি পুনরায় চালু করতে হবে। তাঁরা প্রশাসনের সব কর্মকর্তার প্রতি অনুমতিপত্র (লাইসেন্স) ছাড়া যাতে কেউ গাড়ি চালাতে না পারে, সে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।