বাংলাদেশের যেকোনো গ্রামের নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রের গল্প হতে পারে এটি। কোনো এক শীতের সকালে ২৮ বছরের গ্রাম্য বধূ মর্জিনা সপ্তমবারের মতো সন্তানের জন্ম দেওয়ার জন্য হাসপাতালে আসতে পারেন। মর্জিনা এবারই প্রথম হাসপাতালে এলেন। তাঁর এর আগের ছয় সন্তানই ভূমিষ্ঠ হয়েছে প্রশিক্ষণবিহীন দাইয়ের হাতে, কারণ মর্জিনার শাশুড়ি তাঁর পুত্রবধূকে ‘ডাক্তারখানায়’ পাঠাতে রাজি নন। জন্মের আগে বা অব্যবহিত পরই ছয়টি সন্তানেরই মৃত্যু হয়েছে।আমাদের মতো দেশগুলোতে এ ধরনের মৃত্যুর সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না। তবে ধারণা করা হয়, সদ্যোজাত শিশু মৃত্যুর ২৯ শতাংশের কারণ এই জন্মকালীন শ্বাসকষ্ট। কাজেই প্রতিবছর পৃথিবীতে প্রায় ৩০ লাখ শিশু জন্মের পরপরই এই কষ্টে মারা যায়। অথচ আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে এই বিষয়টিকে নীতিনির্ধারণী পর্যায়ে মোটেই গুরুত্ব দেওয়া হয় না। এই মৃত্যুহার কী কমানো সম্ভব? যেখানে মর্জিনার শাশুড়ি (আসলে সমাজ) তাঁকে হাসপাতালে যেতে দিতে রাজি নন!!!আয়েশা সানিয়া চিকিৎসক বাবাকে দেখেছেন রোগীর চিকিৎসা করতে। ছোটবেলায় বাবাকে দেখেই আয়েশা চিকিৎসক হতে চেয়েছে। তবে বাবার মতো রোগীর চিকিৎসার পরিবর্তে রোগের মূল কারণ বের করে এর প্রতিরোধের কোনো উপায় করা যায় কি না, সেটিই করার কথা ভেবেছে। সে কারণে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর জনস্বাস্থ্য মাস্টার্স প্রোগ্রামে আয়েশার গবেষণা ছিল শিশুদের জন্মকালীন শ্বাসকষ্ট প্রতিরোধ আর চিকিৎসার ব্যাপারে। এ সময় আয়েশা খেয়াল করলেন, এমনকি হাসপাতালের সেবিকারাও নবজাতকের সঠিক পরিচর্যা করে না। অথচ যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে নবজাতক সেবার মান বাড়ানো সম্ভব, যা পরবর্তী সময়ে শিশুর জন্মকালীন শ্বাসকষ্টজনিত মৃত্যুহার কমাতে সাহায্য করে। তাঁর এই গবেষণা এমপিএইচ প্রোগ্রামে সেরা অভিসন্দর্ভ হিসেবে তৃতীয় উইলিয়াম বি গ্রিনো (William B Greenouth III award) পুরস্কার পায়। জনস্বাস্থ্য গবেষণায় তার আগ্রহ দেখে ঢাকার আইসিডিডিআর,বি তাকে তাদের প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ করে দেয়। আয়েশার দৃঢ বিশ্বাস, কমিউনিটি বা স্থানীয় সম্প্রদায়কে স্বাস্থ্য সচেতনতা এবং ইন্টারভেনশনে যুক্ত করা গেলে শিশু স্বাস্থ্যের উন্নয়ন করা সম্ভব। ২০০৭ সালে লিন্ডাও সম্মেলনে বাংলাদেশ থেকে নির্বাচিত প্রথম ছয়জনের একজন হিসেবে জার্মানি যাওয়ার আগে আয়েশা আমাকে একদিন বলেছিল, ‘মুনির ভাই, কয়জন আর হাসপাতালে আসে! বাড়িতেই তাদের যত চিকিৎসা। বাড়ি আর বাড়ির মানুষদের উন্নত করতে না পারলে আমরা কখনো স্বাস্থ্যবান জাতি হতে পারব না।’তারও আগে ২০০৬ সালে আয়েশা তার এই ধারণার কথা লিখে পাঠায় বিশ্বখ্যাত স্বাস্থ্য সাময়িকী ল্যানসেট (The Lancet) আয়োজিত গ্লোবাল ফোরাম ফর হেলথ রিসার্চের রচনা প্রতিযোগিতায়। সারা পৃথিবীর তরুণ গবেষকদের পাঠানো শ্রেষ্ঠ চারটি রচনার একটি হয় আয়েশারটি। তার রচনা পড়ে মুগ্ধ হয়ে ল্যানসেটের সম্পাদক আয়েশাকে ল্যানসেটের সম্পাদনা পরামর্শক হিসেবে নিয়োগ দেন। ল্যানসেটেই তার সেই রচনাটি (প্রথম নিঃশ্বাস, First Breath) প্রকাশিত হয়। আইসিডিডিআর,বিতে কাজ করার সময় গ্রামের শিশুদের ডায়রিয়ার হার কমানোতে স্যানিটেশনের ভূমিকা নিয়ে কাজ করেছে আয়েশা। বিশ্বমানের এই গবেষণা প্রতিষ্ঠানে গবেষণার নানা ধরন ও পদ্ধতি সম্পর্কে তার জ্ঞানের পরিসর বাড়ে।আয়েশার পিএইচডি গবেষক কাজের প্রস্তুতি হয় তৃতীয় বিশ্বের শিশু স্বাস্থ্য নিয়ে। ২০০৮ সালে আইসিডিডিআর,বি থেকে শিক্ষা ছুটি নিয়ে এপিডেমিওলজিতে পিএইচডি করার জন্য আয়েশা বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গিয়েছে। হার্ভার্ডে তার গবেষণার বিষয় অপরিণত অবস্থায় (মাতৃগর্ভে ৩৭ সপ্তাহ থাকার আগে) স্বল্প ওজন নিয়ে যেসব শিশু জন্মায়, তাদের মৃত্যু ও অসুখের ঝুঁকির পূর্বাভাস। এর মধ্যে মূল গবেষণার পাশাপাশি স্বাস্থ্য সমস্যার সঙ্গে সামাজিক অবস্থানের সূচকগুলোকে আরও সহজীকরণের কাজ করেছে সে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে। এ নিয়ে তার দুটি গবেষণা নিবন্ধও প্রকাশিত হয়েছে। আয়েশার আরেকটি গবেষণার বিষয়— জন্মের পরপরই প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী গ্রামের নতুন মায়ের কাছে গেলে শিশুকে মায়ের দুধ খাওয়ানোর হার বাড়ে কি না, এই নিয়ে। জনস্বাস্থ্য গবেষণাকে নিজের কাজের ক্ষেত্র হিসেবে বেছে নেওয়ার কারণ, তাতে বৃহত্তর জনগোষ্ঠীর জন্য কাজ করা যায়, রোগীর পরিবর্তে রোগের চিকিৎসা করা যায়। আয়েশার বিশ্বাস, জনস্বাস্থ্য গবেষণার সুফল সবার কাছে পৌঁছাতে পারে, যদি সেটি যথেষ্ট তথ্য-প্রমাণসহ নীতিনির্ধারকদের কানে দেওয়া যায়। জনস্বাস্থ্য গবেষণার ফল তাই নীতিনির্ধারণী পর্যায়ে নিয়ে যেতে চায় আয়েশা। গবেষণার কাজগুলোকে এগিয়ে নিয়ে বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের শিশু স্বাস্থ্য উন্নয়নের জন্য কাজ করতে চায় সে।নিজের সাফল্যের পেছনে চিকিৎসক বাবা ছাড়া স্কুলশিক্ষক মা আর ডাক্তার বোনের সহায়তার কথা বলে আয়েশা। ‘তাদের সহায়তা না থাকলে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার ওই আঙ্গারপাড়া গ্রাম থেকে ঢাকা মেডিকেল কলেজে আসা হতো না।’ আর হার্ভার্ডে তার এই পড়াশোনার পেছনে স্বামী কম্পিউটার-বিজ্ঞানী রেজাউল আলম চৌধুরীর ভূমিকাও অনেকখানি। জনস্বাস্থ্য নিয়ে বাংলাদেশে গবেষণা হয়, নিয়মিত হয়। নিরন্তর লেগে থেকে সেটিকে পরের স্তরে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে আয়েশা সানিয়ার মতো তরুণ চিকিৎসক ও গবেষকদের, যারা এই মাটির সঙ্গে তাদের সম্পর্কের কথা ভুলে যায় না। বিদেশ-বিভুঁইয়ে, বিশ্বের সর্বাধুনিক ল্যাবরেটরি আর বিখ্যাত সব গবেষকের সান্নিধ্যে থেকেও যাদের নিত্যদিন ভাবনা শুধু দেশের আজন্ম ঋণ শোধ করার।