জীবনের ঝুঁকি নিয়ে নায়াগ্রা জলপ্রপাতের মধ্যে ঝাঁপ দিয়েও কার্ক জোন্স একবার বেঁচে গিয়েছিলেন। কোনো সুরক্ষা ব্যবস্থা ছাড়া এমন কৃতিত্ব তিনিই প্রথম দেখিয়েছেন। তবে দ্বিতীয়বার আর রক্ষা হয়নি যুক্তরাষ্ট্রের এই নাগরিকের।
মার্কিন সংবাদমাধ্যম বলছে, সম্প্রতি নায়াগ্রা নদীতে তাঁর লাশ মিলেছে। সম্ভবত তিনি আরেকবার ওই জলপ্রপাতে ঝাঁপিয়ে পড়েছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যম আরও বলছে, ৫৩ বছর বয়সী জোন্স গত ১৯ এপ্রিল নায়াগ্রার ওপরে ওঠার চেষ্টা করেন। ওই জলপ্রপাতের অবস্থান কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তে। জোন্স সম্ভবত সুরক্ষার জন্য হাওয়াভর্তি একটি রাবারের বল সঙ্গে নিয়ে যান। কিন্তু পুলিশ ২ জুন সেটি খালি অবস্থায় ওই জলপ্রপাতের পাদদেশ থেকে উদ্ধার করেছে।
২০০৩ সালে শুধু সাধারণ জামাকাপড় পরে ঝাঁপ দিয়ে বিস্ময়করভাবে বেঁচে যান। জরুরি বিভাগের কর্মীরা খুঁজতে গিয়ে তাঁকে জলপ্রপাতের একেবারে নিচে একটা পাথরের কাছে সাঁতার কাটতে দেখেন। জোন্স বলেছিলেন, ওখানে একটা ঘূর্ণিপাক আছে। তিনি দেখেছেন, কেন লোকে ওখানে গিয়ে মারা যায়...বেরিয়ে আসা কঠিন।
চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের আরেক দুঃসাহসী এরেনডিলাওয়ালেন্ডা একই জলপ্রপাতের ওপরে তাক লাগানো খেলা দেখিয়ে খবরের শিরোনাম হয়েছেন। তিনি একটি হেলিকপ্টার থেকে কেবল দাঁত দিয়ে একটি দড়ি ধরে ঝুলে নায়াগ্রার ওপর শারীরিক কসরত করেছেন। উপলক্ষটাও বলার মতোই। এরেনডিলার স্বামী নিক ওয়ালেন্ডা ঠিক পাঁচ বছর আগে নায়াগ্রার ওপর একটি দড়ি টানিয়ে তার ওপর দিয়ে হেঁটেছিলেন।