দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী ওয়ার সিমেট্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৩৯ সাল। চারদিকে শুরু হয়েছে বিশ্বযুদ্ধের দামামা। বিশ্বজুড়ে দেখা দিয়েছে অশান্তির ছায়া। বোমার গুরুম গুরুম আওয়াজে শান্তিকামী মানুষের মনে আতঙ্ক। চারদিকে অস্ত্রের গর্জন আর ছোপ ছোপ রক্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এ রকম সর্বগ্রাসী মরণছোবল ভারতীয় উপমহাদেশের যেসব জায়গায় লেগেছিল, তার মধ্যে অন্যতম চট্টগ্রাম। ইতিহাসের সাক্ষী হয়ে আজও টিকে আছে বিংশ শতাব্দীর চল্লিশের দশকের সেই যুদ্ধের আগুনে দগ্ধ স্মৃতিময় স্থান চট্টগ্রাম রণসমাধিক্ষেত্র, যা চট্টগ্রাম ওয়ার সিমেট্রি নামেই পরিচিত। নগরের জিইসি মোড় থেকে পূর্ব দিকে গোল পাহাড়ের মোড় হয়ে ডান দিকে বাদশা মিয়া চৌধুরী সড়ক। এই সড়কে আনুমানিক ১০০ মিটার এগোলে হাতের ডানে সরকারি চারুকলা ইনস্টিটিউট। আর বাঁ পাশে পাহাড়ের কোল ঘেঁষে ওয়ার সিমেট্রি। জানা যায়, ১৯৩৯-১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গভীর জলের পোতাশ্রয় চট্টগ্রাম ছিল আরাকান সামরিক তৎপরতার অন্যতম ঘাঁটি ও উল্লেখযোগ্য চিকিৎসাকেন্দ্র বা হাসপাতাল। মূলত হাসপাতালে মৃত ব্যক্তিদের জন্য এ সমাধিস্থল সৃষ্টি করা হয়। তবে বিভিন্ন জায়গা থেকে বিচ্ছিন্নভাবে আনা মরদেহ সমাধিস্থ করার উদ্দেশ্যে সমাধিস্থলটি সম্প্রসারিত করা হয়। এখানে চিরনিদ্রায় শায়িত রয়েছেন বিভিন্ন দেশের তিনজন নারী সৈনিকসহ সেনা ও বিমানবাহিনীর ৭৫১ জন যোদ্ধা ও বেসামরিক চারজন ব্যক্তি। তাঁরা সবাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত হন চট্টগ্রাম অঞ্চলে। ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমাধিস্থলের আশপাশের প্রাকৃতিক সৌন্দর্যও যে কারও নজর কাড়ে।ওয়ার সিমেট্রির প্রবেশপথের মূল ফটক থেকে সামান্য পথ হেঁটে গেলেই চোখে পড়ে দুটি ছোট গির্জা ও ফটক। ওই ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলেই পাওয়া যায় পবিত্রতা ও নিস্তব্ধতার পরশ। হাতের ডান পাশে গির্জার একটি নিবন্ধন বইতে লেখা আছে ভারতীয় বাণিজ্য তরীর প্রায় ছয় হাজার নাবিক ও লস্করের নাম, যাঁরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাগরে প্রাণ হারান। মৃতদেহ পাওয়া যায়নি বলে তাঁদের নাম স্মরণ করে সম্মান দেখানো হয়। হাতের বাঁ পাশের গির্জায় রয়েছে সিমেট্রি রেজিস্ট্রার, যাতে লেখা রয়েছে সমাহিত সেনা সদস্যদের নাম।বিভিন্ন ফুল ও ফলগাছে সুশোভিত বিশাল জায়গা নিয়ে গড়া এই সমাধিস্থলে চোখে পড়বে অতি যত্নে সংরক্ষিত কবরের সারি। প্রতিটি কবরের গায়ে লেখা আছে শহীদদের নাম-পরিচয়। সমাধিস্থলের মাঝামাঝি রয়েছে একটি ক্রুশ চিহ্ন এবং শেষ প্রান্তে প্রার্থনাকক্ষ। প্রতিদিনই প্রচুর দর্শনার্থীর পাশাপাশি এই সমাধিভূমিতে পর্যটকদের আনাগোনাও চোখে পড়ার মতো। এখানকার প্রধান মালি মোহাম্মদ আলী জানান, প্রতিদিন প্রায় হাজার খানেক দর্শনার্থীর সমাগম ঘটে। ঈদের সময় ছাড়া বছরের বাকি দিনগুলোয় সকাল আটটা থেকে দুপুর ১২টা এবং বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা রাখা হয় সমাধিস্থলটি। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী সাহিদুল মাওলা, মইনুল ইসলাম ও অর্পিতা পাতিল এসেছেন সমাধিস্থলটি ঘুরে দেখতে। তাঁরা বললেন, ‘এখানে যত আসি, ততই ভালো লাগে। আগে প্রচুর আসা হতো, কিন্তু পড়ালেখার চাপ বাড়ায় এখন আর সে রকম সুযোগ হয়ে ওঠে না। চট্টগ্রাম শহরের একটি শান্ত ও নান্দনিক স্থান ওয়ার সিমেট্রি। স্বর্গের নন্দন কাননের এক ক্ষুদ্রতর সংস্করণ যেন এই সমাধিস্থল। মাতৃভূমি থেকে বিচ্যুত অকালপ্রয়াত ব্যক্তিদের চট্টগ্রামের এই ভূখণ্ডে যেন আরেক মায়ের কোলে তাঁদের শেষ শয্যা পাতা। কর্তৃপক্ষের নিশ্ছিদ্র ব্যবস্থাপনায় জায়গাটি শিল্পীর আঁকা ক্যানভাসের রূপ নিয়েছে। যে কেউ মুগ্ধ হবেন স্থানটির রূপ দেখে।