দ্বিতীয় বিয়ে করায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিয়ে করার অপরাধে চট্টগ্রাম মহানগর আদালতের জ্যেষ্ঠ হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন। সম্প্রতি আদালত এই রায় ঘোষণা করেন। দণ্ডিত আসামির নাম বাবুল হক। নগরের পতেঙ্গা এলাকায় তাঁর বাড়ি বলে জানা গেছে। মুসলিম পারিবারিক অধ্যাদেশ ১৯৬১-এর ৬(৫)(খ) ধারায় আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেন। হাজতবাসের মেয়াদকালের সঙ্গে এই সাজার মেয়াদ সমন্বয় করারও নির্দেশ দেন আদালত।আদালত সূত্র জানায়, সালিসি পরিষদের অনুমতি না নিয়ে বাবুল হক দ্বিতীয় বিয়ে করেন বলে তাঁর প্রথম স্ত্রীর (নাম উল্লেখ করা হচ্ছে না) অভিযোগ। একই সঙ্গে যৌতুক দাবি এবং তা না দেওয়ায় ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ করা হয়। ২০০৭ সালের ২৭ মার্চ প্রথম স্ত্রী আদালতে এ মামলা করেন।আদালত শুনানির পর এ বিষয়ে পর্যবেক্ষণ দেন। এতে বলা হয়, আসামি অভিযোগকারীর সঙ্গে দাম্পত্য জীবনে খুব একটা সুখী ছিলেন না বলে আদালতের কাছে মনে হয়েছে। কথায় আছে—‘সংসার সুখী হয় রমণীর গুণে।’ এ রমণীর আচার-আচরণ সঠিক না হলে সংসার জতুগৃহ (যে ঘরে স্বামী-স্ত্রীর মধ্যে নিত্য কলহ লেগে থাকে) হয়ে ওঠে। তখন এই সংসার ছেড়ে যে কেউ হাঁপ ছেড়ে বাঁচতে চায়। আসামি বাবুলের ক্ষেত্রে তাই হয়েছে। আদালত আদেশে বলেন, অভিযোগকারীর আচরণে বীতশ্রদ্ধ হয়ে জীবনের তাগিদে সালিসি পরিষদের অনুমতি ছাড়া ২০০৫ সালের ১৬ অক্টোবর বাবুল দ্বিতীয় বিয়ে করেন। জীবনে যতই দুঃখ-কষ্ট, গ্লানি-হতাশা আসুক না কেন তা আইন লঙ্ঘনের ন্যায্যতা প্রতিপাদন করে না। আসামির বিরুদ্ধে সালিসি পরিষদের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আইন লঙ্ঘনে পরোক্ষভাবে অভিযোগকারীর মদদ থাকায় আদালত আসামিকে লঘুদণ্ড দেওয়া যুক্তিযুক্ত মনে করেন। প্রথম স্ত্রী অভিযোগে বলেন, ১৯৮৭ সালের ৫ মার্চ বাবুলের সঙ্গে তাঁর বিয়ে হয়। দাম্পত্যজীবনে তাঁদের ঘরে দুই ছেলে ও তিন মেয়ের জন্ম হয়। আসামি বাবুল হক প্রায় সময় তাঁকে মারধর করতেন। একপর্যায়ে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেন বাবুল এবং ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে ২০০৫ সালের ১৬ অক্টোবর তাঁকে (প্রথম স্ত্রী) ঘর থেকে তাড়িয়ে দেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা আদালতে বিচারাধীন আছে। মামলার শুনানিতে আসামির কৌঁসুলিও আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করে বলেন, একের পর এক মামলা দিয়ে বাবুল হককে হয়রানি করা হচ্ছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় বাবুল বিনা বিচারে ইতিপূর্বে ১১ মাস হাজতবাস খেটেছেন। স্বামী হিসেবে বাদীর কাছ থেকে বাবুল ন্যূনতম ভালো ব্যবহার পায়নি।