দ্বিতীয় যুদ্ধে মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুরু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের দ্বিতীয় যুদ্ধ। ১৯৯৮ সালের ১ জানুয়ারি কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে শুরু করেছিলেন প্রথম যুদ্ধ। এক যুগের বেশি সময় ধরে চলা সেই যুদ্ধে অবশেষে জয়ী হয়েছেন ‘দিদি’ মমতা। বামফ্রন্টের বিরুদ্ধে তাঁর দীর্ঘ ১৩ বছরের নিরলস লড়াইকে স্বীকৃতি দিয়েছে পশ্চিমবঙ্গবাসী। মমতা পশ্চিমবঙ্গবাসীর মন জয়ের মাধ্যমে রাজ্য জয় করেছেন। এবার দ্বিতীয় যুদ্ধ রাজ্য গড়া ও তা ধরে রাখার। আর তা আনুষ্ঠানিকভাবে শুরু আজ ২০ মে থেকেই। আজই পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণনের কাছে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা। মমতা জানেন তাঁর দ্বিতীয় এ লড়াই আরও কঠিন। বঞ্চিতের অধিকার প্রতিষ্ঠা আর বাম ‘কায়েমি স্বার্থবাদ’ অবসানের লক্ষ্যে এক যুগের আন্দোলনে যেসব জ্বালাময়ী বক্তব্য দিয়ে এসেছেন, ক্ষমতায় এসে তার পরিণতি কী হয় তা দেখতে সবাই উন্মুখ।পরিবর্তন মন্ত্রের জয় পশ্চিমবঙ্গে এবার যেন নির্বাচন নয়, হয়ে গেল এক নিঃশব্দ মহাবিপ্লব। জনগণ যেন দল বা প্রার্থীর ভালোমন্দ দেখেনি। চেয়েছে শুধু পরিবর্তন। কমিউনিস্টদের তিন দশকের একচেটিয়া প্রাধান্যের অবসান। নির্বাচনের সময় গ্রাম-গঞ্জে গিয়ে দেখেছি সবাই যে মমতার সমর্থক তা নয়। অনেকেই মমতাকে পছন্দ করেন না। নানা রকম সমালোচনা করেন। তবুও ভোট দিয়েছেন মমতার জোড়া ফুল প্রতীকে। মফস্বলের অনেক কেন্দ্রে স্থানীয় নেতাদের না দিয়ে এবার কলকাতার নেতাদের মনোনয়ন দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই প্রার্থীও ভোট পেয়েছেন। কারণ ভোটাররা ভোট দিয়েছেন প্রতীকে। তারই ফলে ২৯৪ আসনের রাজ্য বিধানসভায় ২২৭টি আসনের মালিক মমতার জোট। এর মধ্যে তাঁর তৃণমূল কংগ্রেসের একারই ১৮৪টি আসন। প্রত্যাশার পারদ চড়ছেনির্বাচনী প্রচারণার ময়দানে মমতা উদারভাবে প্রতিশ্রুতি দিয়ে গেছেন। বলেছেন, তাঁরা সরকারে গেলে এ রাজ্যের ভাগ্যোন্নয়নে নেওয়া হবে সার্বিক পরিকল্পনা। তৃণমূল কংগ্রেস তাদের ইশতেহারে কর্মসংস্থান, কৃষি, শিল্প, স্বাস্থ্য ও সংখ্যালঘু উন্নয়নে বিশেষ জোর দিয়েছে। ‘গণতান্ত্রিক ও নিরপেক্ষ’ বাংলা গড়ার প্রত্যয় ঘোষণা করেছেন মমতা। বলেছেন কৃষির পাশাপাশি সুষম শিল্প উন্নয়নের কথা। ঘোষণা দিয়েছেন শিল্প স্থাপনের জন্য জমি ব্যাংক গঠনের। শিল্পের জন্য জোর করে কৃষিজমি অধিগ্রহণের পক্ষপাতী নন মমতা। বলেছেন, পরিবেশবান্ধব শিল্প গড়ার ব্যাপারে জোর দেওয়া হবে। হবে না পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের মতো বিশেষ অর্থনৈতিক অঞ্চল। সংখ্যালঘু মুসলিমদের উন্নয়নের জন্য নেওয়া হবে সার্বিক কর্মপরিকল্পনা। মমতার আশ্বাস, উন্নয়ন ও সুশাসনই হবে তাঁর সরকারের লক্ষ্য। মানুষ মমতার এসব প্রতিশ্রুতি আর পরিবর্তনের ডাকে আস্থা রেখে উজাড় করে সমর্থন যেমন জানিয়েছেন, তেমন তাঁদের প্রত্যাশার পারদও চড়তে শুরু করেছে। বেকার যুবক স্বপ্ন দেখছেন চাকরির। সিঙ্গুরের কৃষকেরা স্বপ্ন দেখছেন তাঁদের জমি ফিরে পাওয়ার। মুসলিম সমাজ আশায় রয়েছে, মাদ্রাসাশিক্ষকদের বেতন বাড়বে। কোটামাফিক চাকরি পাবেন মুসলিমরা। হতদরিদ্রের স্বপ্ন বিনা পয়সায় বাসস্থান, স্বল্পমূল্যে চাল। আদিবাসীর আশা, ফিরে পাবে জঙ্গলের অধিকার। আরও কত কী! প্রত্যাশার শেষ নেই। তবে অনেকেরই বিশ্বাস, মমতা পারবেন রাজ্যবাসীর স্বপ্ন পূরণ করতে। তাঁরা বলছেন, মমতা রেলমন্ত্রীর দায়িত্ব নিয়ে রাজ্যবাসীকে দেখিয়ে দিয়েছেন তিনি পারেন। মমতা যা বলেন তা-ই করেন। এটা অনস্বীকার্য, মমতা ইতিমধ্যেই কেন্দ্রীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ। তিনি কেন্দ্রীয় সরকার থেকে সমর্থন তুলে নিলে এর পতন হওয়া অসম্ভব নয়। পশ্চিমবঙ্গে এখন থেকে আর মমতাকে কংগ্রেসকে তোয়াজ করে চলতে হবে না। বরং কংগ্রেসকেই এখন চলতে হবে মমতার ওপর ভর করে। নির্বাচনে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে মমতাকে থাকতে হতো দ্বিমুখী চাপে। একদিকে মুখ্যমন্ত্রীর গদি টিকিয়ে রাখার জন্য ভরসা করতে হতো কংগ্রেসের ওপর। থাকত না কেন্দ্রীয় সরকারকে চাপ দেওয়ার উপায়ও। ভারতের অন্য তিনটি রাজ্যে আরও তিনজন নারী মুখ্যমন্ত্রী থাকলেও শক্তির খেলায় এখন মমতাই শীর্ষে। তবে এ কথা ঠিক, মমতা এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে বিবাদে যাবেন না। মমতা জানেন, রাজ্যের কোষাগারে অর্থের টান আছে। উন্নয়নের জন্য চাই অর্থ। আর এ অর্থের জন্য তাঁকে কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হতে হবে। অন্যদিকে কংগ্রেস একদিকে যেমন জানে তৃণমূল তাদের ছাড়া পশ্চিমবঙ্গে একেবারে একা চলতে পারবে না, তেমনি এটাও জানে তৃণমূল জোট ব্যর্থ হলেও উপস্থিত ক্ষতি কংগ্রেসেরই। মমতা উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে তার দায় পড়বে সহযোগী কংগ্রেসের ঘাড়েও। এ বাস্তবতায় এখন মমতা-কংগ্রেস দুজন দুজনার। অথচ কংগ্রেসের সঙ্গে জোট হওয়ার আগে এই মমতাই বারবার বলেছেন, কংগ্রেস হচ্ছে সিপিএমের ‘বি টিম’। পরিবর্তিত বাস্তবতায় প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী তৃণমূল নেত্রীকে আশ্বস্ত করে বলেছেন, তাঁরা সব সময় পাশে থাকবেন। তাঁদের সহায়তা আর রাজ্যবাসীর বিপুল সমর্থন নিয়ে পশ্চিমবঙ্গ গড়ার দ্বিতীয় যুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সফল হবেন এখন সময়ই তা বলবে।