দ্বিতীয় শ্রেণীতে উন্নীত পরশুরাম পৌরসভা
ফেনীর পরশুরাম পৌরসভাকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। এতে উন্নয়ন এবং দারিদ্র বিমোচনের বিভিন্ন প্রকল্পের বরাদ্দ বেড়ে যাবে। এ ছাড়া পরশুরাম পৌরসভা নগর পরিচালন ও অবকাঠামো উন্নীতকরণ প্রকল্পের (ইউজিআইআইপি-২) জন্যও বরাদ্দ বাড়ানো হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব রেহানা ইয়াছমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত ১৮ ডিসেম্বর জানানো হয়েছে পরশুরাম পৌরসভাকে তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। পরশুরাম পৌরসভার ২০০১ সালের ২২ এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছে। এর আয়তন ২৪ দশমিক ৭০ বর্গ কিলোমিটার। পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী জানান, দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হওয়া পৌরবাসীর জন্য অত্যন্ত আনন্দের খবর। মেয়র জানান একদিকে ইউজিআইআইপি-২ প্রকল্পেরও উন্নতি হয়েছে। এই প্রকল্পের আওতায় পৌর এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডের জন্য প্রায় ১০ কোটি টাকার বরাদ্দ পাওয়া যাবে।