
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন উপজেলার একমাত্র নারী চেয়ারম্যান পদপ্রার্থী তসলিমা আকতার। তিনি আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। তসলিমা আকতার চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহমহিলাবিষয়ক সম্পাদক।
৪ জুন সাতকানিয়া উপজেলার ১৭ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০১১ সালের ইউপি নির্বাচনে তসলিমা আকতারের স্বামী অধ্যাপক নুরুল আবছার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। ওই বছরের ২৬ ডিসেম্বর রাতে দুর্বৃত্তদের গুলিতে তিনি মারা যান।
আবছারের মৃত্যুতে ২০১২ সালে ওই ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করে তসলিমা আকতার বিজয়ী হন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নলুয়া ইউনিয়নে মোট পাঁচজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের তসলিমা আকতার, আওয়ামী লীগের বিদ্রোহী শাহজাহান মোহাম্মদ আবু ইউনুচ, বিএনপির হাজী মো. শাহ আলম, জামায়াত–সমর্থিত স্বতন্ত্র প্রার্থী দিদারুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী শাহ আলম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শেখ ফরিদ বলেন, উপজেলার নলুয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তসলিমা আকতার (নৌকা প্রতীক) ৪ হাজার ৫৮৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত–সমর্থিত স্বতন্ত্র প্রার্থী দিদারুল ইসলাম (মোটরসাইকেল) পেয়েছেন ১ হাজার ৮২৮ ভোট। ওই ইউনিয়নের মোট ভোটার ১২ হাজার ৮২৯ জন।