দ্বিতীয়বারের মতো সম্মেলনের তারিখ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ দ্বিতীয়বারের মতো ঘোষণা করেছে দলের দক্ষিণ জেলা কমিটি। আগে একবার তারিখ ঘোষিত হয়েও শেষ পর্যন্ত সম্মেলন হয়নি।
দলীয় সূত্র জানায়, ১০ বছর পর সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। সর্বশেষ সম্মেলন হয় ২০০৪ সালের ২১ এপ্রিল। ৬ ও ৭ জুন দুই পর্বে সম্মেলন অনুষ্ঠিত হবে। নেতৃত্ব নির্বাচিত হবে কাউন্সিলরদের ভোটে। ৬ জুন সম্মেলনের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে সাতকানিয়া মাহমুদুল উলুম আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে। পরের দিন ৭ জুন ভোটাভুটি হবে নগরের জেএম সেন হলে।
দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ জুলাই সম্মেলনের তারিখ ঘোষিত হয়েছিল। তখন দলীয় কোন্দল, রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে স্থগিত হয়। এবার সম্মেলন সম্পন্ন করতে গত বছরের ৪ জুন থেকে শুরু চলতি ২৩ মে পর্যন্ত উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কাউন্সিলর নির্বাচন শেষ করেছে উপজেলা কমিটি।
নেতা-কর্মীরা জানান, সম্মেলনে সভাপতি পদে বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মোতালেব ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা আ ম ম মিনহাজুর রহমান এবং সাধারণ সম্পদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ফরিদুল আলম, কুতুব উদ্দিন চৌধুরী, বশির আহমদ চৌধুরী ও জাফর আলমের নাম আলোচনায় আসছে।
এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত সভাপতি এম এ মোতালেব বলেন, ‘কোনো ধরনের কোন্দলে আমি নেই। সব নেতা-কর্মীকে সঙ্গে নিয়েই রাজনীতি করতে চাই।’ স্বাচিপ নেতা আ ম ম মিনহাজুর রহমান বলেন, সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাঁদের মতামতের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করতে পারলে জামায়াত-অধ্যুষিত এ উপজেলায় আওয়ামী লীগ নতুন করে জেগে উঠতে পারবে।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ বলেন, সাতকানিয়া উপজেলা সম্মেলন অবশ্যই ঘোষিত তারিখ অনুযায়ী সম্পন্ন হবে। এ সম্মেলন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। তৃণমূলের নেতা-কর্মীরা নেতৃত্ব নির্বাচন করবেন।