কমিটি গঠন নিয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলা যুবদলের নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে মাঠে নেমে পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে। এতে বিপাকে পড়েছেন দলের তৃণমূলের নেতা-কর্মীরা।
দলীয় সূত্র জানায়, ১৯ অক্টোবর অ্যাডভোকেট হাসান ছিদ্দিকীকে আহ্বায়ক, আবদুল আমিন ও মো. কাইয়ুমকে যুগ্ম আহ্বায়ক করে ১২ সদস্যের উপজেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়। পরদিন ২০ অক্টোবর ওই কমিটি জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর ‘পকেট কমিটি’ ঘোষণা দিয়ে যুবদল নেতা-কর্মীদের একটি অংশ উপজেলার হোয়াইক্যং এলাকায় বিক্ষোভ সমাবেশ করে। ২১ অক্টোবর টেকনাফ পৌরসভা ও ২২ অক্টোবর হ্নীলা বাসস্টেশনে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।
এসব সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক সেবর আলম, মো. সাব্বির, বদিউর রহমান, সিদ্দিক আহমদ, সৈয়দ আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. আলী, উপজেলা যুবদলের সদস্য আবদুল কুদ্দুস প্রমুখ। এদিকে যুবদলের অপর পক্ষ হ্নীলা ও হোয়াইক্যং এলাকায় পাল্টা মিছিল–সমাবেশ করেছে। সর্বশেষ শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা রটানোর প্রতিবাদে ২২ অক্টোবর বিকেলে টেকনাফ হোয়াইক্যং এলাকায় ছাত্রদলও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সভাপতি গিয়াস উদ্দিন।
উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন বলেন, বিতর্কিত ও ইয়াবা ব্যবসায় জড়িত ব্যক্তিদের দিয়ে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা দিয়ে দলের অগ্রযাত্রা ব্যাহত করতে চাইছেন। তাই তাঁকে (শাহজাহান চৌধুরীকে) টেকনাফে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মতামত ছাড়াই কাশেম হত্যা মামলার আসামি হাসান ছিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী আবদুল আমিনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে যে কমিটি ঘোষণা দিয়েছেন, তা দলের কেউ মেনে নেবে না। এ ব্যাপারে আন্দোলন চলবে। কেন্দ্রীয় যুবদলসহ দলীয় প্রধানের কাছে স্মারকলিপি পাঠানো হয়েছে।
তবে এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে শাহজাহান চৌধুরী জানান, যুবদলের কমিটি গঠনে তাঁর কোনো হাত নেই। টেকনাফের কতিপয় নেতা তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কিছু নেতা-কর্মীকে মাঠে নামিয়ে সুবিধা নিতে চাইছেন।
ইয়াবা ব্যবসায় জড়িত প্রসঙ্গে উপজেলা যুবদলের বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল আমিন বলেন, ‘আমি জিয়ার সৈনিক। রাজপথে নিবেদিতপ্রাণ। তাই আওয়ামী লীগের সরকার ইয়াবা ব্যবসায়ীদের তালিকায় আমার নাম ঢুকিয়ে দিয়েছে। আমি কোনো দিন ইয়াবা ব্যবসায় জড়িত ছিলাম না। আর টাকা দিয়ে কমিটিতে আসিনি।’
উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান ছিদ্দিকী জানান, তিনি কোনো হত্যা মামলার আসামি নন। আন্দোলনের নামে যারা মাঠে এসব রটনা করছে, তারা মূলত আওয়ামী লীগের দালাল।
নাম প্রকাশে অনিচ্ছুক যুবদলের তৃণমূলের কয়েকজন নেতা বলেন, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহর মধ্যে বিরোধের কারণে এসব পাল্টাপাল্টি কমিটি গঠনের ঘটনা ঘটছে। এতে দলীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জানতে চাইলে জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ বলেন, যাচাই–বাছাই করে যোগ্যদের নিয়ে টেকনাফ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। এ নিয়ে জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে সমালোচনা করার কোনো কারণ নেই।