দ্বীপ নিয়ে চীন-জাপান বিরোধ কোন দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধপূর্ণ দ্বীপের মালিকানা নিয়ে এশিয়ার দুই অর্থনৈতিক পরাশক্তি জাপান ও চীনের মধ্যে চলমান উত্তেজনা কমার লক্ষণ নেই। এর মধ্যে চীন কেবল অর্থনৈতিক নয়, সামরিক সক্ষমতার দিক থেকেও পরাশক্তি। আর সেটাও উদ্বেগের একটা বড় কারণ। এ বিরোধ কারও জন্যই ভালো হবে না বলে শান্তির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ অঞ্চলে নিজের স্বার্থেই শান্তি দেখতে চায় তারা। চীন-জাপানের যেকোনো বিরোধের প্রতিক্রিয়া হবে বহুমাত্রিক। দ্বীপের দখল নিয়ে দুই দেশের বৈরিতা এরই মধ্যে প্রভাব ফেলা শুরু করেছে ব্যবসা-বাণিজ্যের ওপর। চীনে জাপানবিরোধী ব্যাপক বিক্ষোভের মধ্যে জাপানের শীর্ষস্থানীয় কয়েকটি কোম্পানি চীনে তাদের কার্যক্রম স্থগিত করেছে।পূর্ব চীন সাগরে অবস্থিত বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জটি চীনে দিয়াওউ এবং জাপানে সেনকাকু নামে পরিচিত। এত দিন বেসরকারি মালিকানায় ছিল এটি। সম্প্রতি জাপান সরকার ওই এলাকার কয়েকটি দ্বীপ কিনে নিতে চুক্তি করার পর থেকে চীনে শুরু হয়েছে জাপানবিরোধী বিক্ষোভ। মাত্রার বিচারে বেশ কয়েক বছরের মধ্যে তা নজিরবিহীন।চীনের ৫০টি শহরে জাপানবিরোধী বিক্ষোভ হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এ সংখ্যা থেকেই বিক্ষোভের ব্যাপকতা ও চীনাদের মধ্যে এ মুহূর্তে জাপানবিরোধী মনোভাব কতটা প্রবল, সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। চীন ও জাপানের মধ্যে বৈরিতার ইতিহাস দীর্ঘ এবং গভীর।জাপানবিরোধী অনুভূতি চীনের সমাজের গভীরে প্রোথিত। কিন্তু অতীতে এ দুই দেশের মধ্যে ভৌগোলিক সীমা নিয়ে যেসব দ্বন্দ্ব হয়েছে, কূটনীতিকেরা তা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। এবার ব্যাপারটা মনে হচ্ছে একটু অন্য রকম। চীনা কর্মকর্তারা মনে করছেন, স্থিতাবস্থা বজায় রাখার জন্য দুই দেশের যে অলিখিত সমঝোতা ছিল, জাপান তা ভঙ্গ করেছে।জাপান সরকার বলছে, টোকিও মেট্রোপলিটন কর্তৃপক্ষ দ্বীপগুলোতে একটি প্রকল্পের পরিকল্পনা করছিল। বিষয়টি চীন উসকানি হিসেবে দেখতে পারে এ আশঙ্কায় সরকার আগেই সেগুলো কিনে নিয়েছে। কিন্তু চীন মনে করছে, দ্বীপ কেনার মাধ্যমে জাপান ওই ভূখণ্ডের ওপর তার আইনি অধিকারের ইঙ্গিত দিচ্ছে।বিশ্লেষকেরা মনে করছেন, চলমান বিরোধ থেকে হিসেব-নিকেশ পাল্টে দেওয়ার মতো অনেক প্রতিক্রিয়ার ঝুঁকি রয়েছে। চীনা জাতীয়তাবাদীরা ওই দ্বীপে মাছ ধরার নৌকা ভিড়িয়ে জাপানকে উসকে দেওয়ার চেষ্টা করতে পারে। জাপান সরকারেরও নরম হওয়ার সুযোগ নেই। সামনে নির্বাচন আসছে, তাই এ ক্ষেত্রে পিছুটান দিতে চাইবে না তারা। জাপানের সংবাদমাধ্যমে এ রকম কথাবার্তা বলা হচ্ছে যে এই দ্বীপের মালিকানাকে কেন্দ্র করে সীমিত নৌযুদ্ধের ঝুঁকি নিতে প্রস্তুত এমন লোক উভয় পক্ষেই রয়েছে।চীন-জাপানের এই উত্তেজনার মধ্যে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা টোকিওতে গিয়ে জাপানে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা স্থাপনের বিষয়ে সমঝোতা করেছেন। পর্যবেক্ষকেরা মনে করছেন, উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা ঠেকানোই এর লক্ষ্য হলেও এমন সময়ে হচ্ছে বলে চুক্তিটি চীনকে বিরক্ত করবে।চীনের সরকারি দৈনিক পিপলস ডেইলি বলেছে, জাপান ‘উসকানিমূলক’ আচরণ বন্ধ না করলে এ জন্য তাদের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হবে।বিশ্লেষকেরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনে জাপানের চালানো নৃশংসতা চীনাদের এই ক্ষোভের অন্যতম কারণ। এ ছাড়া চীনের ছেলেমেয়েদের স্কুলে যা শেখানো হয় তারও একটা ভূমিকা রয়েছে।বিশ্লেষকেরা বলছেন, কীভাবে এ সমস্যার সমাধান হবে তা বলা কঠিন। কারণ, দুই পক্ষই ওই দ্বীপগুলোর ব্যাপারে নিজেদের আগের অবস্থানে অনড়। বিরোধপূর্ণ দ্বীপগুলো জাহাজ চলাচলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে আছে। এ ছাড়া সেখানে প্রচুর তেল ও গ্যাসের মজুদ রয়েছে বলেও মনে করা হয়। বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে একটা যুদ্ধাবস্থা তৈরি হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। পূর্ব এশিয়ায় সশস্ত্র সংঘাতের ব্যাপারে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্রও। তবে সে আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন অনেক বিশ্লেষক।চীনের একটি সরকারি গবেষণা প্রতিষ্ঠানের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষজ্ঞ জা শো দং বলছেন, ‘জাপানের পদক্ষেপ চীনা জনগণের মধ্যে ক্রোধের সৃষ্টি করেছে। তবে চীন ও জাপানের মধ্যে কোনো যুদ্ধের আশঙ্কা এখনো দেখছি না। কারণ, সে ক্ষেত্রে অনেক রকমের ঝুঁকি রয়েছে। অবশ্য জাপান যদি চীনের জনগণকে আরও বেশি উসকে দেওয়ার মতো কিছু করে, তাহলে সংঘাতের আশঙ্কা দেখা দেবে।’বৈরিতার ইতিহাসবেশ কয়েক শতাব্দী ধরে জাপান তার পশ্চিমের প্রতিবেশী সুবিশাল চীনা সভ্যতার সাংস্কৃতিক প্রভাবের আওতায় ছিল। চীনের লেখনপদ্ধতিসহ বেশ কিছু সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিজের বলে গ্রহণ করে দেশটি।চীন ও জাপানের সম্পর্কে আধুনিককালের উত্তেজনা শুরু হয় ১৮৯৪-৯৫ চীন-জাপান যুদ্ধ দিয়ে। ওই যুদ্ধের মাধ্যমে বিশ্বশক্তি হিসেবে জাপানের উত্থানের সূচনা হয়। চীনকে হারিয়ে দিয়ে সবাইকে চমকে দেয় সূর্যোদয়ের দেশ। জাপান চীনের কাছ থেকে ফরমোজা (এখনকার তাইওয়ান) দখল করে। ১৯১০ সাল নাগাদ তারা কোরিয়াতেও উপনিবেশ গড়ে।১৯৩০-এর দশকের শুরুতে জাপানের যুদ্ধবাজ প্রবণতা বেগবান হয়। প্রাকৃতিক সম্পদের দিক থেকে দরিদ্র দেশটি এ ঘাটতি পুষিয়ে নিতে আরও ভূখণ্ড দখলে সচেষ্ট হয়। ১৯৩১ সালে জাপান উত্তর-পূর্ব চীনে অভিযান চালায়। ১৯৩৭ সালে চীনের দক্ষিণাঞ্চলও পদানত করে তারা। চীনের নানজিং শহরের পতন চীন-জাপান সম্পর্কের সবচেয়ে তিক্ত পর্বগুলোর একটি। জাপানি সেনারা সেখানে হত্যা, লুণ্ঠন ও ধর্ষণে মেতে ওঠে। নানজিংয়ে তিন লাখ লোককে হত্যা ও ২০ হাজার নারীকে ধর্ষণ করা হয়।জাপানের সরকার অধিকৃত চীনে রাসায়নিক ও জীবাণু অস্ত্র নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চালায়। চীনা যুদ্ধবন্দী এমনকি সাধারণ মানুষের ওপর এসবের পরীক্ষা করা হয়। চীনে জাপানি নিয়ন্ত্রণের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ জুড়ে চলতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হারের পর অবশেষে জাপান সেখান থেকে পিছু হটে। পলায়নপর জাপানি সেনারা চীনের মাটিতে অন্তত সাত লাখ রাসায়নিক অস্ত্র ফেলে গিয়েছিল বলে মনে করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েক বছর পর, ১৯৫২ সালে পরাজিত জাপানের ওপর মার্কিন দখলদারির অবসান হয়। তবে আজ পর্যন্ত সে দেশে মার্কিন সেনা রয়ে গেছে। আর জাপান ও গণপ্রজাতন্ত্রী চীনের সম্পর্ক স্বাভাবিক হয় ১৯৭২ সালে। তথ্যসূত্র: ইকোনমিস্ট, বিবিসি