শিল্পী সুসান হেলার ভ্রমণ সম্পর্কে বলেছেন, ‘ভ্রমণের আগে আপনার সব জামাকাপড় আর টাকাপয়সা এক জায়গায় করুন। তারপর সেখান থেকে অর্ধেক কাপড় আর দ্বিগুণ টাকা নিয়ে যাত্রা করুন।’ ম্যালার হ্রদ ও সল্ট সাগর দিয়ে ঘেরা বিশাল জায়গাজুড়ে দ্বীপমালার শেষ দ্বীপটি দেখার যখন সুযোগ এল, তখন এক বস্ত্রেই বের হয়ে গিয়েছিলাম। দ্বীপমালার শেষ দ্বীপটির বাংলা প্রতিশব্দ ‘বালুর বন্দর’। বালু আর পাথর দিয়ে ঘেরা বলেই হয়তো দ্বীপটির নাম সান্দহাম বা বালুর বন্দর।স্যাটেলাইট থেকে স্টকহোমকে দেখলে দেখা যাবে, বৃহত্তর স্টকহোম জলের ওপর ভাসছে।ছোট-বড় ১৪টি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে স্টকহোম। দ্বীপগুলো একটি অপরের সঙ্গে একাধিক সেতু দিয়ে সংযুক্ত। ১৪টি দ্বীপ নিয়ে বৃহত্তর স্টকহোম গঠিত হলেও ছোট-বড় মিলিয়ে দ্বীপমালায় দ্বীপ রয়েছে আরও প্রায় এক হাজার ২০০। দ্বীপগুলোর কোনো কোনোটি একেবারেই নির্জন। এই বিশাল দ্বীপপুঞ্জ বা দ্বীপমালার শেষ দ্বীপটি সান্দহাম। স্টকহোম থেকে সান্দহামের দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। এই দীর্ঘ পথ পাড়ি দিতে হয় দ্রুতগামী বোটে। দ্বীপমালার দ্বীপগুলো পাড়ি দিয়ে জলের ওপর তরঙ্গ তুলে যাত্রী নিয়ে বোট এসে ভেড়ে সবুজ বনবীথি আর পাইনসমৃদ্ধ সান্দহামে। আকাশপথে হেলিকপ্টারেও আসা যায়, তবে তা ব্যয়সাপেক্ষ। দ্বীপের পর দ্বীপ পেছনে ফেলে দীর্ঘ আড়াই ঘণ্টা পর যখন বোট সান্দহামের কোলে এসে ভেড়ে, তখন চোখজুড়ে নামে মুগ্ধতা। সান্দহামের পর আর কোনো স্থলভূমি নেই, এখান থেকেই শুরু উত্তাল বাল্টিক সাগর।জিরো পয়েন্ট ওয়ান স্কোয়ার মাইলের দ্বীপটির জনসংখ্যা মাত্র ১০০। তবে গ্রীষ্মকালে এই সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ায় দুই থেকে তিন হাজারে। এ ছাড়া প্রতি গ্রীষ্মে সান্দহামকে দেখতে আসে প্রায় এক লাখের ওপরে দর্শনপ্রার্থী ও পর্যটক। সাগরের হিমেল হাওয়ায় পাইনের সবুজ পাতাগুলো পতাকার মতো পতপত করে উড়ছে। বন্দরের কাছেই বেশ কয়েকটি স্থাপনা—দোকান, হোটেল, রাজকীয় ইয়ট ক্লাব, পোস্ট অফিস, পর্যটনকেন্দ্র। ক্লাবের পাশেই জলের ওপর রাজহংসীর মতো গলা উঁচিয়ে অনেকগুলো ইয়ট দাঁড়িয়ে। হোটেল ও রেস্টুরেন্টগুলো লোকে লোকারণ্য। আমাদের মধ্যহ্নভোজের ব্যবস্থা করা হয়েছিল ষোলো শতকের তৈরি দ্বীপের সবচেয়ে পুরোনো পান্থনিবাসে। মাছের ঝোল, ঝোলের ভেতর কুচি কুচি চিংড়ি, পেঁয়াজ, গাজর, মটরশুঁটি, আলু খেতে মন্দ লাগল না। সেই সঙ্গে রুটি, পুডিং আর কফি দিয়ে মধ্যাহ্নভোজ সারা হলো। জানালা দিয়ে তাকিয়ে দেখলাম, জল থেকে একটু ওপরে শূন্যে বাতাসে ভর দিয়ে একটি হেলিকপ্টার দাঁড়িয়ে। হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে একজোড়া তরুণ-তরুণী জড়াজড়ি করে ধীরে নামছে জলের ওপর। জানা গেল, জেমস বন্ডজাতীয় কোনো ছায়াছবির শুটিং হচ্ছে।দুপুরের খাবারের পর অফুরন্ত সময়।ফেরার বোট বিকেল সাড়ে চারটায়। এ সময়ের মধ্যে দ্বীপটি ঘুরে দেখে নেওয়া যায়। দ্বীপে তেমন কোনো রাস্তা নেই। এ মাথা থেকে ও মাথা যাওয়ার পথটি কাঁচা। মোটরসাইকেল ছাড়া মোটরগাড়ি চোখে পড়ল না। হেঁটেই রওনা দিলাম দ্বীপের ও মাথায়। ও মাথায় আছে মনোরম সৈকত। সূর্য আর সাগরস্নান করার জায়গা। বোটে আসা স্বল্পবসনা অনেককেই দেখা গেল সি-বিচের দিকে তোয়ালে আর ছোট ঝুড়ি হাতে ঝুলিয়ে যেতে। দ্বীপের মাঝখানটায় শুধু বালু আর বালু। কোনো কোনো জায়গায় বালুর ওপর ঘাস গজাতে শুরু করেছে। বালু ছাড়া উঁচু-নিচু জায়গাগুলোয় বনলতা আর পাইনের সারি। ছোট ছোট ঝোপঝাড়, মাঝেমধ্যে কাঠের বেঞ্চ পাতা, বাতাসে খেলে বেড়ানো পাইনপাতার নিচে বসে দ্বীপকে উপভোগ করার ব্যবস্থা। এমন একটা বেঞ্চে মিখাইল একা বসে। মিখাইল আমার সহকর্মী। আমরা একই বোটে এসেছি। মিখাইলই আমাকে আটলান্টিকের শেষ স্থলভূমি লোফোসেন দ্বীপগুলোর কথা বলেছিল। ওখানেই দেখা পেয়েছিলাম বিস্ময়কর আলো অরোরা, যা দেখার বাসনা ছিল বহুকাল। মিখাইলকে ছেড়ে হাঁটতে হাঁটতে সাগরের ওপর পাথুরে ক্লিফে এসে দাঁড়ালাম। সামনে পাইনের সারি। ক্লিফের একটা অংশ খাড়া হয়ে নেমে গেছে জলের ভেতর। সাগরের ঢেউ এসে ভেঙে পড়ছে ক্লিফের ওপর। পাইনপাতার ফাঁকে বিশাল বাল্টিক। নীল জলের ওপর শেষ বিকেলের আলো।জাপানি একটি প্রবাদ আছে, ‘বাঁশের নল দিয়ে পুরো আকাশ দেখা যায় না।’ আকাশ দেখতে হয় খোলা চোখ দিয়ে। শুধু আকাশ নয়, নীল সাগরও। সাগর দেখতে আমি এসে দাঁড়িয়েছি ক্লিফের ওপর, আপনি আসবেন কি[email protected]