কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে গত এক বছরে ১০ জন চিকিৎসক শহরে বদলি হয়েছেন। বর্তমানে ৫০ শয্যার এই হাসপাতালে ২৮ জন চিকিৎসকের স্থলে মাত্র তিনজন এবং ১৪ জন সেবিকার মধ্যে একজন কর্মরত আছেন। ফলে দ্বীপবাসী বঞ্চিত হচ্ছে স্বাস্থ্যসেবা থেকে।হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসক না থাকায় হাসপাতালের প্রসূতিসেবা ও অস্ত্রোপচার বন্ধ রয়েছে বেশ কয়েক বছর ধরে। ছয় বছর আগে এক্স-রে যন্ত্র বসানো হলেও সেটি এখনো চালু হয়নি। এ কারণে দ্বীপ এলাকার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় চার লাখ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। জানা গেছে, এর আগে হাসপাতালে নিয়োগ পাওয়া চিকিৎসকদের সিংহভাগই বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। গত এক বছরেই ১০ জন চিকিৎসক অন্যত্র বদলি হয়েছেন। এ কারণে হাসপাতালে চিকিৎসকসংকট চরম আকার ধারণ করেছে। এ ছাড়া এ হাসপাতাল প্রতিষ্ঠার ২৯ বছর পর ২০১০ সালের ডিসেম্বর মাসে একজন গাইনি চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও দুই মাস পর তিনিও বদলি হয়ে চলে যান। এ কারণে হাসপাতালে প্রসূতিসেবা বন্ধ রয়েছে। শল্য চিকিৎসক না থাকায় অস্ত্রোপচারও বন্ধ বেশ কয়েক বছর ধরে। গত শনিবার সকাল ১০টায় হাসপাতালে গিয়ে দেখা গেছে, বহির্বিভাগে চিকিৎসকের পরামর্শ নিতে আসা শত শত রোগী দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। বিভাগের মাত্র একজন চিকিৎসক বিপুলসংখ্যক রোগীকে চিকিৎসাসেবা দিচ্ছিলেন। হাসপাতালের অভ্যন্তরীণ বিভাগেও রোগীদের চিকিৎসাসেবা দেন মাত্র একজন চিকিৎসক। হাসপাতালে চিকিৎসা নিতে আসা ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা এলাকার বাসিন্দা নুরুল কবির বলেন, ‘এখানে প্রসূতিসেবা নেই। এ কারণে হাসপাতালে প্রসূতি রোগীরা সেবা নিতে গেলে কর্তৃপক্ষ তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে যেতে বলেন।’ হাসপাতালের প্রধান সহকারী আবদুল মান্নান বলেন, ‘চিকিৎসক স্বল্পতার কারণে হাসপাতাল চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। সরকার চিকিৎসক নিয়োগ দিলেও নিয়োগপ্রাপ্ত চিকিৎসকেরা এই এলাকায় আসতে চান না। এলেও বেশির ভাগই বদলি হয়ে অন্যত্র চলে যান।’ হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহফুজুল হক প্রথম আলোকে বলেন, একজন চিকিৎসক নিয়োগের আদেশ মহেশখালীতে পৌঁছার আগেই নিয়োগপ্রাপ্ত চিকিৎসক তদবির করে অন্যত্র বদলি হয়ে যান। কিন্তু একজন চিকিৎসক নিয়োগের পর অন্তত দুই বছর কর্মক্ষেত্রে অবস্থান করার নীতিমালা থাকলেও সে নীতিমালা কার্যকর হচ্ছে না। এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মাবুদ জানান, চিকিৎসকের অভাবের কারণে, এত বড় হাসপাতাল চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। তবে চিকিৎসক ও সেবিকাসহ অন্যান্য শূন্যপদে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ দেওয়ার জন্য অনেকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে জানানো হলেও কোনো কাজ হয়নি।