দ্বৈরথে হার চট্টগ্রাম কলেজের এবার বিজয়ী মহসিন কলেজ
প্রথম দেখায় মনে হবে কোনো নির্বাচনী সভা কিংবা মিছিলের স্লোগান—‘মহসিন, মহসিন, আরও জোরে মহসিন, সবার সেরা মহসিন’ ইত্যাদি। কাছে যেতেই টের পাওয়া যায় আসল ঘটনা। স্লোগানের পাশাপাশি নাচানাচি দাপাদাপি চলছে সমানে। এইচএসসি উত্তীর্ণ ছেলেরা তো বটেই সমানে নাচছেন মেয়েরাও। শিক্ষকেরাও কম যাননি।কতদিন পর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ এমন আনন্দে ভাসছে। হইচই হবে নাই বা কেন? প্রতিবছর বোর্ডের সেরাদের তালিকায় কোনো রকমে স্থান করে নেওয়া এ কলেজ এবার যে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সেরা হয়েছে। সাধারণত প্রতিবার এ স্থানটি দখলে থাকত পাশের চট্টগ্রাম সরকারি কলেজের। পাশাপাশি দুইটি সরকারি কলেজের অবস্থান। দুইটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থাকেই। তবে তাতে অনেকটা পিছিয়ে মহসিন কলেজের শিক্ষার্থীরা। কারণ চট্টগ্রাম কলেজ শিক্ষার্থীদের পছন্দের তালিকায় সবসময় প্রথম। এ কলেজে ভর্তির কোটা শেষ হওয়ার পর মহসিন কলেজ কিংবা অন্যান্য কলেজের দিকে ঝোঁকেন শিক্ষার্থীরা। তাই প্রথম সারির ভালো শিক্ষার্থীরা সবসময় চট্টগ্রাম কলেজের ছাত্র সেটা ধরে নেওয়া যায়। তাই এ দুই কলেজের শিক্ষার্থীদের ফল এবং মেধাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে চট্টগ্রাম কলেজের প্রাধান্য ছিল বেশি। গত বছরও শীর্ষস্থান অক্ষুণ্ন ছিল তাঁদের। কিন্তু এবার চট্টগ্রাম কলেজের সেই গর্বের জায়গাটি ছিনিয়ে নিয়েছে পাশের কলেজটি। মহসিন কলেজ থেকে এবার ৩৫১ জন জিপিএ-৫ পেয়েছে। বোর্ডে এটি সর্বোচ্চ। কলেজের মোট এক হাজার ৩৮০ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৪৫ জন অকৃতকার্য হয়েছেন। জিপিএ-৫ এর দিক থেকে দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম কলেজ, ৩০৯ জন। শুধু কি তাই? পাসের হার ও শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে মহসিন কলেজ চট্টগ্রাম কলেজের চেয়ে এগিয়ে রয়েছে। এ তালিকায় মহসিনের অবস্থান তৃতীয়। প্রথম হয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। আর মহসিনের প্রতিপক্ষ চট্টগ্রাম কলেজের অবস্থান ষষ্ঠ। চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার এমন ফলাফলে স্বাভাবিকভাবেই খুশি নন। তিনি বলেন, ‘আমাদের পাঠদান কক্ষের সংকট, শিক্ষক সংকট, আর সম্মান-স্নাতকোত্তর শ্রেণীর কারণে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের হয়তো পড়ালেখায় কিছুটা ব্যাঘাত হয়েছে। তা ছাড়া, অনেক প্রাইভেট পরীক্ষার্থী এখান থেকে অংশ নিয়ে ফেল করেছে। তাই সার্বিক ফলাফলে এর প্রভাব পড়তে পারে।’চট্টগ্রাম কলেজের যখন এ অবস্থা তখন মহসিনে বাঁধভাঙা উল্লাস। এত উত্তেজনা, এত কোলাহল, এত উৎসব মহসিন কলেজজুড়ে। সেই উৎসবে শামিল ছিলেন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকেরা। অধ্যক্ষ হুমায়ুন কবির মাইক হাতে নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে ঘোষণা করলেন বিজয়বার্তা। ‘আমি দায়িত্ব নেওয়ার পর তোমাদের বলেছিলাম তোমরা প্রতিযোগিতা করবে পাশের চট্টগ্রাম কলেজের সঙ্গে। তোমরা সেই কথা রেখেছো। মহসিন কলেজ শিক্ষা বোর্ডে প্রথম আর চট্টগ্রাম কলেজের অবস্থান দ্বিতীয়।’স্লোগানের গতি ও জোর আরও বাড়ল। বাড়ল উৎসবের রং, কোলাকুলি, হাসাহাসি, এমনকি আনন্দাশ্রুও। এমন খুশির দিন কি প্রতিদিন আসে! আর খুশির এমন দিনে সোয়াদ আলী, সানজিদা ইসলাম, মুনতাহিরা খালেক, মো. ইউছুফ, ফারজানা আহমেদেরা ভবিষ্যতের স্বপ্ন বুনছেন। কারও চিকিৎসক, কারও প্রকৌশলী হওয়ার স্বপ্ন চোখেমুখে।