খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের জন্য সেদিন বড় ধরনের এক চমক অপেক্ষা করছিল। ২০০৯ সালের ঘটনা। সেদিন তাঁদের মাস্টার্সের প্রথম ক্লাস। ক্লাসরুমে এসে ঢুকলেন একজন প্রবীণ মানুষ। সাদা শ্মশ্রুমণ্ডিত মানুষটার শরীরে বার্ধক্যের ছাপ। ছাত্রদের সঙ্গে মানুষটাকে মেলানো যায় না। এমনকি শিক্ষক হিসেবেও তাঁকে মেলানো কঠিন। মানুষটার হাতে খাতা আর পকেটে কলম। স্বাভাবিকভাবেই সব চোখ ঘুরে গেল তাঁর দিকে। সবার অবশ্য সেদিন চোখে পড়ার কথা নয়, মানুষটার চোখে লেগে আছে তারুণ্যের কৌতূহল। তিনি যেন খুঁজতে এসেছেন হারিয়ে যাওয়া এক অমূল্য সম্পদ। উচ্চতর ডিগ্রি অর্জন করতে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে পা রাখা এই মানুষটির বয়স ৭৪ বছর। নাম জি এম আবদুর রহিম। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমএস ইন ল্যাংগুয়েজ প্রোগ্রামের ছাত্র ছিলেন তিনি। মানুষের প্রতিজ্ঞা আর স্বপ্নের পুরস্কার মিলতে বাধ্য। তাই মোটামুটি নির্বিঘ্নেই আবদুর রহিম সম্পন্ন করেছেন তাঁর পড়াশোনা। খুলনা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন ২০১০-এ তিনি পেয়েছেন স্নাতকোত্তর ডিগ্রি।খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সের ছাত্র তিনিই। তাই বলে কখনোই পড়াশোনায় ফাঁকি দেননি। সব সময়ই নিয়মিত ক্লাসে উপস্থিত থেকেছেন, মন দিয়ে খাতায় ক্লাস-লেকচার তুলেছেন, দিয়েছেন নিয়মিত ক্লাস পরীক্ষা। ক্লাস শেষে বাড়িতে গিয়েও পড়তেন তিনি। পরের পরীক্ষার জন্য নিজেই নোট করতেন। ক্লাস, ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট—এত সব চাপের কারণে মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়তেন। কিন্তু সে জন্য থেমে যেতেন না। একটু সুস্থ হয়েই আবার শুরু করে দিতেন পড়াশোনা।কিন্তু এ বয়সে এত পরিশ্রম করে পড়াশোনা করার কী দরকার? এমন প্রশ্ন করাতে তিনি বললেন, ‘আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছা ছিল ইংরেজিতে উচ্চশিক্ষা অর্জন করার। বাবার কবিরাজি পেশায় ১৩ ভাইবোনের সংসারে উচ্চশিক্ষাটা সম্ভব হয়নি। কিন্তু ইচ্ছাটা মরেনি। তাই এ বয়সেই শুরু করে দিলাম। তা ছাড়া আরও একটা উদ্দেশ্য আছে, আমাদের দেশের ছেলেমেয়েরা সাধারণত ইংরেজিকে ভয় পায়। ইংরেজি শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়ানোর জন্যও আমার এই এমএস করা।’আবদুর রহিম সব সময় তাঁর পরিবার-পরিজনের কাছে বলতেন তাঁর ইচ্ছার কথা। ১৯৯৬ সালের ২৬ জানুয়ারি সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদ থেকে অবসর নেওয়ার পর ১৯৯৮ সালে ঢাকা মাদ্রাসা বোর্ড থেকে কামিল পাস করেন। তারপর এই ইচ্ছা যেন আরও তীব্র হয়ে ওঠে—মৃত্যুর আগে তিনি তঁর শেষ ইচ্ছা পূরণ করে যেতে চান। একদিন তাঁর ছোট ছেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমএস ইন ল্যাংগুয়েজ প্রোগ্রামের বিজ্ঞপ্তি নিয়ে আসেন। আবদুর রহিম বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী দেন ভর্তি পরীক্ষাও। পরীক্ষায় উত্তীর্ণ হয়েই ভর্তি হওয়ার সুযোগ পান খুলনা বিশ্ববিদ্যালয়ে।প্রতিদিন খুব সকালেই বই নিয়ে বসতেন আবদুর রহিম। বার্ধক্যের কারণে খুব একটা পড়া মুখস্থ হতে চাইত না। তার পরও দু-তিন ঘণ্টা বইয়ের সামনে বসে থাকতেন; পরীক্ষার সময় সাত-আট ঘণ্টাও পড়তেন। কখনো কখনো ক্লান্তিতে অবসন্ন দেহটা বিছানায় ফেলেও মনে করার চেষ্টা করতেন এতক্ষণ কী পড়েছেন। এ বয়সে পড়তে এসে তাঁর অভিজ্ঞতা কেমন? এ রকম প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেক অনেক অভিজ্ঞতা। আমার অজানা অনেক কিছুই জানতে পেরেছি, যা আমাদের সময় ছিল না।’ ক্লাসে আবদুর রহিমের সবচেয়ে মজার ঘটনা হলো, শিক্ষকেরা কোনো কিছু জিজ্ঞাসা করলে তিনি সবার আগে সাড়া দিতে পারতেন।সবাই আবদুর রহিমকে খুবই শ্রদ্ধা করতেন। তাঁর সহপাঠী সজীব বলেন, ‘আমরা সবাই তাঁকে নানা, দাদু—এসব বলেই ডাকতাম। মাঝেমধ্যে ছোটখাটো দুষ্টুমিও করতাম তাঁর সঙ্গে। তিনিও খুব মজা পেতেন। তিনি যে এত বয়সে পড়তে এসেছেন, সে বিষয়ে কোনো রকম জড়তা তাঁর মধ্যে ছিল না। বরং এটা তিনি উপভোগ করতেন।’ আবদুর রহিমও তাঁর নাতির বয়সী শিক্ষার্থীদের অনেক সাহায্য করতেন। নিজে নোট করলে তাঁদের দিতেন। ইংরেজি বিভাগের প্রধান মোস্তাফিজার রহমান তাঁর এই প্রবীণ ছাত্র সম্পর্কে বলেন, ‘তিনি কখনোই কোনো অজুহাতে ক্লাসে অনুপস্থিত থাকতেন না। অনেক দিন পড়াশোনায় বিরতি আর বয়সের কারণে পাঠ্যবিষয়গুলো বুঝতে তাঁর একটু সময় লাগত। না বুঝতে পারলে তখনই হাত তুলতেন এবং কোথায় বুঝতে পারেননি তা পরিষ্কারভাবে জানাতেন। তিনি খাতায়ও সংক্ষেপে ও পরিষ্কারভাবে যতটুকু পারতেন ততটুকুই লিখতেন। ক্লাসে তিনি এতটা মনোযোগী থাকতেন, যা অন্য শিক্ষার্থীদের কাছ থেকে আমরা খুব কমই পাই।’