দ্য থিওরিজ অব পলিটিক্যাল টানাটানি
আবহমানকাল ধরে চলছে টানাটানির ঐতিহ্য! সহূদয় নিউটন সাহেব স্বপ্রণোদিত হয়ে তাঁর ‘মহাকর্ষ সূত্রে’ জানিয়ে দিয়েছেন, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে টানছে। সময়ের আবর্তে এই ‘টানাটানি’ হুমড়ি খেয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনেও। ‘পলিটিক্যাল টানাটানি’ সব সময় যে নিয়মনীতির তোয়াক্কা করে, তা নয়। তার পরও কিছু থিওরি মেনে চলে বলে মনে হয়!আকাশ থেকে পড়ার আগে জেনে নিন, রাজনীতির মার্কেটে বড় দলগুলোর কোনো মূল্যই নেই! যত দাম ছোট দলগুলোর। তাই তাদের নিয়েই টানাটানির রেওয়াজ প্রচলিত। তবে ছোট দলের কোয়ালিটি যে বিএসটিআই পরীক্ষিত হতে হবে, তা নয়। এই টানা-হেঁচড়ার পরিমাণ আসলে নির্ভর করে বড় দলগুলোর মধ্যে কোন্দলের পরিমাণের ওপর! বড় দুই দল ‘প্রীতি ধাওয়া-পাল্টা ধাওয়া ম্যাচে’ জড়িয়ে পড়লে ছোট দলগুলো জামাই আদর পেতে শুরু করে! তবে ছোট দলের মূল্য সব সময় যে বাড়ে, তা-ও নয়। শেয়ারবাজারের সূচকের মতো ওঠানামা করে। বড় দলগুলো সুখেশান্তিতে থাকলেই ছোট দলগুলোর মহাবিপদ! তখন আদর-কদর ও দরের সূচকে ধস নামে।অন্যদিকে ছোট দলগুলো কোনো বিশেষ একটি বড় দলের প্রতি টান অনুভব করে না। তারা পলিটিক্যাল ক্যালকুলেটরে সুযোগ-সুবিধা গণনা করে টানের পরিমাণ ও দিক পরিবর্তন করে থাকে! কারণ, রাজনীতিতে যেমন ‘শেষ কথা’ বলে কিছু নেই, তেমনি এই টানাটানিতেও ‘শেষ টান’ বলেও কিছু নেই। যে ছোট দলের চারিত্রিক স্থিতিস্থাপকতা (ইলাস্টিসিটি) যত বেশি, সে দল রাজনীতিতে তত বেশি শাইন করতে পারে!এই টানাটানির বিষয়টা কিছুটা ছোটবেলার স্কুলের মাঠের দল ভাগের মতো। খেলায় একটু পারদর্শী দুজন প্রথমে দুদিকে চলে যাবে, এরপর বাকিদের মধ্য থেকে দুজন তাদের পছন্দের জনের নাম ধরে ডাকবে। তারা তার দলে খেলবে। এভাবে একসময় দুটি দল তৈরি হবে। সবাই মিলে খেলা হবে। একদল জয়ী হবে। পরদিন আবার নতুন করে এভাবে টানাটানির মাধ্যমে দল ভাগ হবে। আহ! কী চম ৎকার! ছোটবেলার খেলার মাঠের এই অভিজ্ঞতা এখন রাজনীতির মাঠেও চলে এসেছে, ভাবতে ভালোই লাগে।সাধারণত একটি বড় দল সরকার গঠন করে, আর অন্য বড় দলকে বলা হয় প্রধান বিরোধী দল। প্রকৃতির অবাক খেয়ালে এই বড় দলগুলোর মধ্যে টানের ছিটেফোঁটা অস্তিত্বও খুঁজে পাওয়া যায় না; বরং সুযোগ পেলে বিরোধী দল সরকারি দলকে হেঁচকা টানে গদি থেকে নামানোর চেষ্টা করে। চুম্বকের সমমেরু যেমন পরস্পরকে বিকর্ষণ করে, তেমনি সরকারি ও প্রধান বিরোধী দল ‘টানাটানির’ উল্টো রূপ ‘হানাহানিতে’ জড়িয়ে পড়ে। এরও যে ব্যতিক্রম নেই, তা বলব না। সরকারের হাজার মেগাওয়াট ক্ষমতার টানে বিরোধীদলীয় অনেক নেতা সরকারি দলের প্রতি ব্যক্তিগত টান অনুভব করেন এবং সব পিছুটান ছুড়ে ফেলে উপটান মেখে কয়েক কেজি ওজনের ফুলের মালা গলায় দিয়ে ক্ষমতাবান মামার বাড়ি চলে যান। আর পাওয়ারফুল মামার কাছে আবদারের মজাই তো আলাদা!হয়তো সব দলই জনগণের প্রতি টান অনুভব করে, কিন্তু সেটি ভাষায় প্রকাশ করতে পারে না! কোনো দল ক্ষমতায় এলে যেভাবে স্থাপনাগুলোর নাম বদলের হিড়িক পড়ে যায়, সেভাবে জনগণের ভাগ্য বদলের প্রতিযোগিতা শুরু হলে দেশের চেহারাই বদলে যেত! বড় দলগুলো ভোট চায়, জোট চায়। এ জন্যই তারা জনগণ বা ছোট দলকে নিয়ে টানাটানিতে ব্যস্ত। অথচ এ ব্যস্ততার ফাঁকে তারা যদি দিনবদলের কাজে একটু মনোযোগী হতো, তাহলে জনগণই প্রকৃত ভালোবাসার টানে তাদের দিকে ছুটত!